Tea Workers Protest

রাজ্যের মন্ত্রীকে ঘীরে বন্ধ চা বাগান শ্রমিকদের বিক্ষোভ

জেলা

শ্রম দপ্তরের উদ্যোগে সামাজিক শিবিরে এলাকার বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর সামনে বন্ধ রাজা চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ। বুধবার মালবাজার বিডিও অফিসে শ্রম দপ্তরের উদ্যোগে শ্রমিকদের সামাজিক সুরক্ষা বিষয়ক সচেতনতার শিবির শুরু হয়। মঞ্চে প্রধান অতিথি হিসাবে ছিলেন ২০-মাল(এসটি) বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলু চিক বরাইক। ছিলেন মহকুমা শাসক উৎকর্ষ খান্ডাল, অ্যাডিশনাল লেবার কমিশনার, উত্তরবঙ্গ জোন মিহির সরকার,পার্থ সরকার, মালের বিডিও  রশ্মিদীপ্ত বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান মঞ্চের সামনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রমিকরা তাদের আসনে বসেছিলেন। রাজ্য সরকারের তরকে অসংগঠিত শ্রমিকদের জন্য গৃহীত প্রকল্প ও তার সুবিধা কিভাবে পৌঁছে দেওয়া হবে মূলত সেই সংক্রান্ত বিষয় শুরু হয়েছিল আলোচনা। আর ঠিক সেই সময় বিডিও অফিস চত্বর থেকে কিছুটা দূরে অবস্থিত বন্ধ রাজা চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। অবিলম্বে চা বাগান খোলার দাবিতে বিক্ষোভ দেখান বাগানের শ্রমিকরা। 
বন্ধ রাজা চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ ও স্লোগানে অনুষ্ঠানের ছন্দপতন ঘটে। এরপরই সরকারি আধিকারিকরা বন্ধ রাজা চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ নিয়ে শ্রমদপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেন। আদিবাসী বিকাশ পরিষদের নেতা বাবলু মাঝি বলেন, ‘‘২৩ জানুয়ারি থেকে মালবাজার শহর লাগোয়া রাজা চা বাগান বন্ধ রয়েছে। চরম সমস্যার মধ্যে বাগানের শ্রমিকরা দিন যাপন করছেন। বাগান খোলার ক্ষেত্রে সদর্থক পদক্ষেপের দাবি আমরা জানিয়েছি।’’
বাগানের শ্রমিকরা বলেন, ‘‘বন্ধ চা বাগান তাঁরা সমস্যার মধ্যে রয়েছেন। রাজ্যের শ্রম মন্ত্রীর থাকার খবর পেয়ে বাগান খোলার দাবি জানাতেই আমরা এদিন এসেছি।’’ তবে চা বাগানের শ্রমিকদের আন্দোলনে শ্রম দপ্তরের তরফে আয়োজিত এদিনের অনুষ্ঠানে প্রারম্ভিক তাল কাটে। সরকারি অনুষ্ঠানে মন্ত্রীর উপস্থিতিতে বন্ধ চা বাগান খোলার দাবিতে শ্রমিকদের এহেন বিক্ষোভ চা বাগানের শ্রমিকদের আর্থিক অনটন ও দূরবস্থার চিত্রই ফুটে উঠেছে বলেই মত রাজনৈতিক মহলের।

Comments :0

Login to leave a comment