শুধু কৃষক নয়, এই রাজ্যে ক্ষুদ্র ব্যবসায়ীরাও ঋণের ফাঁসে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। বর্ধমান শহরের বড়নীলপুর এলাকার বেচারহাট কলোনিতে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে হতাশায় গলায় গামছার ফাঁস লাগিয়ে এক হকার আত্মঘাতী হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঘরে সিলিং ফ্যানের হুকে তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি গামছা কেটে নামিয়ে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁরা। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম শিবু দাস(৪৯)। তিনি রেডিমেড পোশাক ফেরি করতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ব্যবসা করার জন্য তিনি মাইক্রোফিনান্স ও মহাজনদের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু, ব্যবসায় মন্দার কারণে তিনি ধার পরিশোধ করতে পারছিলেন না। পাওনাদাররা তাঁকে চাপ দিচ্ছিল। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। মৃতের স্ত্রী টুম্পা দাস বলেন, স্বামী ব্যবসার জন্য শীতের পোশাক কিনতে মহাজনদের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। ব্যবসা মন্দা চলায় ঋণের টাকা সময়মতো দিতে পারছিলেন না। ঋণ পরিশোধের দুশ্চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়ে স্বামী আত্মঘাতী হয়েছেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বর্ধমান থানা।
Hawker Suicide
মাইক্রোফিনান্সের ফাঁসে আত্মঘাতী হকার
×
Comments :0