Gangasagar Mela

হ্যাম রেডিও’র উদ্যোগে, বাড়ি ফিরলেন রজনী শর্মা

জেলা

অনিল কুণ্ডু : গঙ্গাসাগর

মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে অবশেষে বাড়ি ফিরিয়ে নিতে বাধ্য হলেন স্বামী। হ্যাম রেডিও’র উদ্যোগে স্বামী রাজীব শর্মার হাত ধরেই বৃহস্পতিবার গঙ্গাসাগর থেকে হরিয়ানার ফরিদাবাদে বাড়ির উদ্দেশে রওনা দিলেন রজনী শর্মা (৪২)।  জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন ওই মহিলাকে পরিকল্পনা করেই গঙ্গাসাগর মেলার ভিড়ে ছেড়ে যাওয়া হয়েছিল। তাঁর স্বামীর ধারণা ছিল, গঙ্গাসাগর মেলায় ছেড়ে দেওয়া হলে স্ত্রী কোনদিনই আর বাড়ি ফিরতে পারবেন না। তবে তাঁর সেই চক্রান্ত ও চেষ্টা ব্যর্থ হয়েছে। রজনী শর্মার পরিবারের সন্ধান পাওয়ার পরও তাঁর স্বামী তাঁকে বাড়ি ফিরিয়ে নিতে অস্বীকার করেছিলেন। এভাবেই মাসখানেক সময় কেটে যায়। হরিয়ানার মুখ্যমন্ত্রীর দপ্তর ও ফরিদাবাদ পুলিশের চাপে অবশেষে স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিতে বাধ্য হলেন রাজীব শর্মা। 
গঙ্গাসাগর মেলা শেষ হয়েছে প্রায় এক মাস। লক্ষ লক্ষ মানুষ মেলা শেষে বাড়ি ফিরেছেন। থেকে গিয়েছিলেন শুধু রজনী শর্মা। মেলা প্রাঙ্গণ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সাগরদ্বীপের কচুবেড়িয়া জেটিঘাটের কাছে রাস্তায় রাস্তায় ঘুরছিলেন রজনী শর্মা। খোলা আকাশের নিচে আপন মনে কখনো গান গাইতেন, কখনো বা নাচতেন। আবার কখনো কান্নায় তাঁর চোখ থেকে অনবরত জল বেরোতে দেখেছেন স্থানীয় বাসিন্দারা। দোকানদারদের দেওয়া খাবারে তাঁর দিন কাটছিল। জেটিঘাটের কাছে কর্তব্যরত এক সিভিল ডিফেন্সের কর্মীর নজরে পড়েন তিনি। স্থানীয় সাগর থানায় খবর জানানো হলে ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক হ্যাম রেডিও’র প্রতিনিধি দিবস মন্ডলকে বিষয়টি জানান। এরপরেই তাঁর পরিবারের খোঁজে তৎপর হয় হ্যাম রেডিও।  
ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস জানান,  রজনী শর্মার পরিবারের খোঁজ করতে বিভিন্ন জায়গায় সন্ধান চালানো হয়। অনেক খোঁজাখুজির পর উত্তরাখন্ডের হরিদ্বারের সুভাষগড়ে তাঁর বোন রিম্পি শর্মার খোঁজ মেলে। তাঁর থেকেই জানা যায় রজনী শর্মার স্বামী, পুত্র, কন্যা সবই আছে। তাঁরা থাকেন ফরিদাবাদে। প্রায় এক বছর তিনি নিখোঁজ রয়েছেন। পরিবারের সকলের সঙ্গে গঙ্গাসাগরে থাকা রজনী শর্মার সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলানো হয়। কথা বলার সময় আনন্দে আত্মহারা হয়েছিলেন তিনি। তবে বারবারই তিনি বলেছিলেন বাড়ি যাব না। মারধর, অত্যাচার করবে। 
গঙ্গাসাগরে স্ত্রীর সন্ধান পেলেও স্বামী তাঁকে বাড়ি ফিরিয়ে নিতে রাজি হচ্ছিলেন না। নানাভাবে টালবাহানা করছিলেন। পরিস্থিতি বেগতিক বুঝে রেডিও ক্লাবের তরফে হরিয়ানার মুখ্যমন্ত্রীর দপ্তর ও ফরিদাবাদ পুলিশকে ঘটনাটি জানানো হয়। পুলিশ প্রশাসনের চাপে স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিতে রাজি হন রাজীব শর্মা। বুধবার রাতে তিনি কাকদ্বীপে আসেন। বৃহস্পতিবার সকালে সাগর থানার পুলিশ আধিকারিক, সিভিল ডিফেন্স ও হ্যাম রেডিও’র স্থানীয় প্রতিনিধির উপস্থিতিতে স্বামীর হাতে তুলে দেওয়া হয়েছে এক বছর নিখোঁজ মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে। অবশেষে নিজের বাড়ি ফিরছেন রজনী শর্মা।

Comments :0

Login to leave a comment