restoration of reservation in four medical colleges demands CPIM

চার মেডিক্যাল কলেজে সংরক্ষণ ফেরাতে যোগীকে চিঠি সিপিআই(এম) সাংসদের

জাতীয়

উত্তর প্রদেশের চার মেডিক্যাল কলেজে জাতিগত সংরক্ষণ ফিরিয়ে দেওয়ার দাবি তুলল সিপিআই(এম)। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এই দাবি জানিয়েছে চিঠি দিয়েছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য ও লোকসভার দলনেতা কে রাধাকৃষ্ণাণ।
কনৌজ, জালৌন, আম্বেদকর নগর ও সাহারানপুরের ওই চার সরকারি মেডিক্যাল কলেজ তৈরি হয়েছিল তপশিলি জাতি ও আদিবাসী শিক্ষার্থীদের সুযোগ করে দিতে। সেই কারণে 'স্পেশাল কম্পোনেন্ট প্ল্যান' ও 'ট্রাইবাল সাব প্ল্যান'-এর মাধ্যমে এই কলেজগুলি স্থাপন করা হয়। তপশিলি জাতি ও আদিবাসীদের জন্য ৭০ শতাংশ সংরক্ষণ রাখা হয়।
চিঠিতে বিষয়টির উল্লেখ করেছেন রাধাকৃষ্ণাণ। তিনি বলেছেন, উত্তর প্রদেশ সরকার এলাহাবাদ হাইকোর্টে এই প্রতিষ্ঠানগুলির বিশেষ সংরক্ষণ বাতিলের পক্ষে সওয়াল করেছে। যার ফলে আদালতের নির্দেশে এই প্রতিষ্ঠানগুলোর বিশেষ মর্যাদার বিষয়টি প্রভাবিত হয়।  
রাজ্য সরকারকে অবস্থান পুনর্বিবেচনা করার জন্য আবেদন জানিয়েছেন সিপিআই(এম) নেতা। ফের ৭০ শতাংশ সংরক্ষণ ফিরিয়ে দিতে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন। 
পাশাপাশি তিনি কেরালার অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। চিঠিতে লিখেছেন যে, কেরালা সরকার ডাক্তারি শিক্ষার ক্ষেত্রে এসসি-এসটি শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ ব্যবস্থা রক্ষা ও পুনরুদ্ধারের ক্ষেত্রে যথাযথ আইনি পদক্ষেপ নিয়েছিল। তিনি আহ্বান জানান যেন উত্ত রপ্রদেশ সরকারও একইরকম সক্রিয় ভূমিকা নেয়। সামাজিক ন্যায়বিচার, সুযোগের সমতা ও ইতিবাচক পদক্ষেপের সাংবিধানিক নীতিসমূহ সমুন্নত রাখে।
বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেই অবস্থায় আগের সংরক্ষণ বজায় রাখার দাবি জানিয়েছেন তিনি।

Comments :0

Login to leave a comment