Dipke CJP Balaghat

মৃত ৩০ শিশু, মধ্য প্রদেশের বালাঘাটে গেলেন সিজেপি’র দীপকে

জাতীয়

সংক্রামক রোগে সন্তান হারানো পরিবারগুলির সঙ্গে দেখা করতে মধ্য প্রদেশের বালাঘাট জেলার আদিবাসী গ্রামে গেলেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আহ্বায়ক অভিজিৎ দীপকে। শনিবার স্থানীয় যুবকদের সঙ্গে নিয়ে তিনি আদোরি, কোরকা ও বোন্দারি গ্রামে যান। 
স্বাস্থ্য পরিষেবার পরিস্থিতি এবং শিশুদের মৃত্যুর কারণ সম্পর্কে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি।
৩০ জনেরও বেশি শিশুর সংক্রামক রোগে মৃত্যু হয়েছে এই এলাকায়। ঘটনায় মধ্য প্রদেশ হাইকোর্টের জব্বলপুর বেঞ্চ রাজ্য সরকারকে নোটিশ পাঠানোর কয়েক দিনের মধ্যেই দীপকের এই সফর। 
একটি জনস্বার্থ মামলার শুনানিতে আদালতে রাজ্যের বিজেপি সরকারের স্বাস্থ্য দপ্তর, নারী ও শিশু উন্নয়ন দপ্তর, বালাঘাটের জেলাশাসক-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, আক্রান্ত শিশুরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না। মাত্র ৫০টি শয্যার একটি হাসপাতালে প্রায় ৪০০ শিশুর চিকিৎসা চলছে বলেও দাবি করা হয়েছে। আক্রান্ত গ্রামগুলির হ্যান্ডপাম্প থেকে হলুদ রঙের জল বের হওয়ার অভিযোগও উঠেছে। পাশাপাশি, কয়েক মাস ধরে শিশু ও মহিলারা সময় মতো পুষ্টিকর খাবার পাচ্ছেন না বলে মামলায় জানানো হয়েছে। হাসপাতালে অতিরিক্ত ভিড় এবং দূষিত পানীয় জলের বিষয়টিও আদালতের নজরে আনা হয়েছে।
সাংবাদিকদের দীপকে বলেন, সন্তান হারানো পরিবারগুলির প্রতি তাঁরা সহানুভূতিশীল। তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করতে তাঁরা এগিয়ে আসবেন। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, কর্তৃপক্ষ মৃত্যুর ঘটনা স্বীকার করলেও এর জন্য কারও দায় নির্ধারণ করেনি এবং কোনো আধিকারিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়নি।
এই ঘটনা ঘিরে বালাঘাটের আদিবাসী এলাকায় স্বাস্থ্য পরিষেবা, পুষ্টি, নিরাপদ পানীয় জল এবং প্রশাসনিক জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Comments :0

Login to leave a comment