সামান্য সুপারি গাছকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ, আর সেই বিবাদের জেরেই বড় ছেলের হাতে প্রাণ হারাতে হলো বৃদ্ধ বাবাকে। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের পূর্ব শালবাড়ী এলাকায়। নিহতের নাম শুকলাল মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে সুপারি গাছ নিয়ে বাবা শুকলাল মণ্ডলের সঙ্গে বড় ছেলে রমানাথ মণ্ডলের কথা কাটাকাটি শুরু হয়। বচসা দ্রুত হাতাহাতির রূপ নেয়। অভিযোগ, ধস্তাধস্তির একপর্যায়ে আচমকাই সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শুকলালবাবু। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে টোটোয় চাপিয়ে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার। নিহতের মেয়ে প্রমিলা মণ্ডল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কান্নায় ভেঙে পড়ে জানান, সামান্য সুপারি গাছ নিয়েই ঝামেলার সূত্রপাত। বড় ভাইয়ের মারে বাবার মৃত্যু হয়েছে বলে তাঁর অভিযোগ। গণ্ডগোল থামাতে গিয়ে মেজ ছেলে সুশান্ত মণ্ডলও আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহটি নিজেদের হেফাজতে নিয়েছে। ধূপগুড়ি থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে মৃত পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা অভিযুক্ত বড় ছেলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে।
Dhupguri
ছেলের মারে বাবার মৃত্যু, ধূপগুড়িতে চাঞ্চল্য
×
Comments :0