katwa Municipality

পৌর সভার ১০৪ ঠিকা শ্রমিক ছাঁটাই, কাটোয়ায় বিক্ষোভ

জেলা

কোনরকম লিখিত নোটিশ ছাড়াই কর্মীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই কাটোয়া পৌর কর্তৃপক্ষের স্বৈরাচারী কায়দায় ১০৪ জন ক্যাজুয়াল ও ঠিকা শ্রমিকদের ছাঁটাইয়ের বিরুদ্ধে সিআইটিইউ রাস্তার লড়াই এবং আইনি লড়াই, দুই লড়াই চালিয়ে যাবে। বেআইনিভাবে ছাঁটাই শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবিতে লড়াই চলবে। বুধবার কাটোয়া পৌরসভার ৬২ জন সাফাই কর্মীসহ ১০৪ জন কর্মীকে ছাঁটাইয়ের বিরুদ্ধে কাটোয়া পৌরসভা মোড়ে বিক্ষোভ সভা হয়। অল বেঙ্গল মিউনিসিপ্যাল ওয়ার্কমেন্স ফেডারেশনের রাজ্য সম্পাদক রাজেন্দ্র মোহন ঘোষ বিক্ষোভ সভায় বলেন, ‘‘দেশের আইন ব্যবস্থা অনুযায়ী ফাঁসির আসামিও আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান। কিন্তু এই রাজ্যে মাথার ঘাম পায়ে ফেলে যে গরিব মানুষেরা শহরের নাগরিকদের পৌর পরিষেবা দেন তাঁদের বিনা নোটিশে, ডবল ইঞ্জিন সরকার এক কলমের খোঁচায় কাজ কেড়ে নিয়ে অর্ধাহার অনাহারের গভীর অন্ধকারে অমানবিকভাবে ঠেলে দেয়।’’ তিনি বলেন,‘‘ সুশাসন চেয়ে যাঁরা রাজ্যে পরিবর্তন চেয়েছিলেন তাঁদের এখন মাথায় হাত। কর্মচ্যুত শ্রমিকদের সঙ্গে ইউনিয়ন শেষ পর্যন্ত লড়াইয়ে থাকবে বলে দাবি করেছেন তিনি। বিক্ষোভ সভা থেকে পৌরসভার কার্যনির্বাহী আধিকারিকের কাছে ৭ দফা দাবি পত্র পেশ করা হয়। রাজেন্দ্র মোহন ঘোষ, সুজিৎ রায়, অসিত দে ও জয়দীপ চ্যাটার্জী কে নিয়ে গঠিত প্রতিনিধি দল দাবি পত্র পেশ করেন। সুজিৎ রায় বিক্ষোভ সভায় বলেন, সরকারি বিধি অনুযায়ী ১০ বছর ধরে, বছরে অন্তত ২৪০ দিন কাজ করেছেন এমন ক্যাজুয়াল অথবা ঠিকা পৌর কর্মীদের ৬০ বছর বয়স পর্যন্ত স্বাভাবিক নিয়মেই ছাঁটাই করা যায় না। এক্ষেত্রে কাটোয়া পৌরসভায় সরকারি বিধির উল্লঙ্ঘন হয়েছে। তিনি আরও বলেন, শারদ উৎসবে প্রাক্কালে আমিষ নিরামিষ খাদ্য নিয়ে নানান বিতর্ক চলছে। কিন্তু ছাঁটাই হওয়া শ্রমিকদের পরিবারে আদৌ কোনো খাবারের সংস্থান হবে কিনা এ প্রশ্নের উত্তর দেবে কে?
কাটোয়া পৌরসভার ২০ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে ১১ জনই পদত্যাগ করেছেন। বকলমে পৌরসভা পরিচালনা করছে বিজেপি এবং ‘ভালো তৃণমূল’। পৌর পরিষেবা শিকেয় উঠেছে। এমন অবস্থায় এ মাসের শুরুতেই ৬১ জন সাফাই কর্মীসহ ১০৪ জন কর্মী ছাঁটাই এর ফলে পৌর পরিষেবা তলানিতে ঠেকেছে। শ্রমিকদের ন্যায্য দাবির  সমর্থনে এবং কাটোয়া পৌর এলাকায় পৌর পরিষেবা উন্নতির দাবি জানিয়ে বক্তব্য রাখেন কৃষক সভার পক্ষে প্রকাশ সরকার। সভায় সভাপতিত্ব করেন সাধন দাস।

Comments :0

Login to leave a comment