Polit Bureau

রাজ্যে বিজেপি, তৃণমূলকে পরাস্ত করার আহ্বান পলিট ব্যুরোর

জাতীয়

পশ্চিমবঙ্গের মানুষের কাছে পলিট ব্যুরো আহ্বান জানিয়েছে যে আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের ভোট দিয়ে স্বৈরাচারী, নারী বিদ্বেষী এবং গরিব বিরোধী তৃণমূল কংগ্রেস এবং সাম্প্রদায়িক বিজেপি-কে পরাজিত করার জন্য। শুক্রবার সিপিআই(এম) পলিট ব্যুরো বৈঠকের পর বিবৃতি প্রকাশ করে। এদিন সাংবাদিক সম্মেলনও করেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি।
পলিট ব্যুরো বলেছে, পশ্চিমবঙ্গে বিজেপি সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে এবং ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। বিভিন্ন মুসলিম মৌলবাদী শক্তি ও সংকীর্ণতাবাদী মনোভাব সম্পন্ন গোষ্ঠীও পশ্চিমবঙ্গে সক্রিয় হয়েছে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের নাম করে একজোট হচ্ছে এইসব শক্তি। ধর্মাশ্রিত রাজনীতিকে সামনে রেখে একজোট হওয়ার চেষ্টা করছে। এই সব শক্তি ধর্মীয় মেরুকরণকে আরও গভীর করবে এবং সমাজের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ চরিত্রের ক্ষতি করবে। তৃণমূল কংগ্রেসও ক্ষমতায় টিকে থাকার জন্য ধর্মীয় মেরুকরণকে বাড়ানোর চেষ্টা করছে।
পলিট ব্যুরো বলেছে, এছাড়াও কেরালায় এলডিএফ সরকারের শ্বাসরোধ করার চেষ্টা প্রতিনিয়ত করে চলেছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার। তারপরও কেরালা গোটা দেশের মধ্যে চূড়ান্ত দারিদ্র দূর করেছে। জনস্বাস্থ্য ও শিক্ষার উন্নতি ও শ্রমিকদের অধিকার সুরক্ষিত করেছে এলডিএফ সরকার। কেরালার জনগণকে আবারও এলডিএফের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানিয়েছে পলিট ব্যুরো।  
পলিট ব্যুরো বলেছে, জেএনইউর উপাচার্যের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভরত এসএফআই, আইসা-র ছাত্রদের উপর এবিভিপি দুষ্কৃতীরা আক্রমণ করেছে। বিশাখাপত্তনমের অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে আরএসএস এসএফআই এবং সিআইটিইউ-র পতাকার খুলে দিয়েছে। পলিট ব্যুরো এই হামলার নিন্দা করেছে। আরএসএস-বিজেপির সাম্প্রদায়িক বিভাজনকে প্রতিহত করার জন্য জনগণকে আহ্বান জানিয়েছে পলিট ব্যুরো।

Comments :0

Login to leave a comment