মনিরুল হক: উলুবেড়িয়া
যাত্রী তুলতে হবে। আর সেই যাত্রী ধরতেই রাস্তায় শুরু বাসের রেষারেষি। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে কখনও বাস উঠে যাচ্ছে ডিভাইডারে, কখনও ছুটে যাচ্ছে সার্ভিস রোডে। ধাক্কা লাগছে পথচারী কিংবা অন্য গাড়িতে। প্রাণ যাচ্ছে বাসযাত্রী থেকে পথচারী মানুষের।
দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় লোকাল ট্রেন পরিষেবা অনিয়মিত হওয়ায় গত এক-দুই বছরে বাসের উপর নির্ভরতা বেড়েছে সাধারণ মানুষের। ফলে ১৬ নম্বর জাতীয় সড়কে বেসরকারি বাসগুলিতে যাত্রীর চাপও বেড়েছে। কোলাঘাট, বাগনান, কুলগাছিয়া, উলুবেড়িয়া-সহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এই বাসে যাতায়াত করেন।
আর সেই বাড়তি যাত্রী ধরতেই রাস্তায় শুরু হচ্ছে বাসের রেষারেষি। যাত্রীদের অভিযোগ, দুই মেদিনীপুরের দিক থেকে আসা বাসগুলি কোলাঘাট পার হওয়ার পর থেকেই যাত্রী তোলার জন্য একে অপরকে টেক্কা দিতে শুরু করে। একই ছবি দেখা যায় অঙ্কুরহাটি পার হওয়ার পর হাওড়ার অংশেও। একটি বাস যাত্রী তুলতে দাঁড়ালেই পিছনের বাসটি তাকে ওভারটেক করে সামনে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করে। আর এই প্রতিযোগিতাতেই নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটছে বলে অভিযোগ।
১৬ নম্বর জাতীয় সড়কে দূরপাল্লার বাসের একের পর এক দুর্ঘটনা ঘিরে এবার প্রশ্নের মুখে বাস চালকদের বেপরোয়া চালানো। ফলে আতঙ্কে যাতায়াত করছেন যাত্রী ও পথচারীরা।
বিশেষ করে হাওড়া গ্রামীণ জেলায় এই প্রবণতা ক্রমেই বাড়ছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের একাংশের দাবি, অধিকাংশ ক্ষেত্রেই যাত্রী তোলার জন্য বাসগুলির মধ্যে তীব্র প্রতিযোগিতা চলে। সেটিই দুর্ঘটনার অন্যতম কারণ।
বাস মালিকদের একাংশের যদিও পালটা দাবি, জাতীয় সড়কের বেহাল দশা এবং বর্ষায় তৈরি হওয়া বড় বড় গর্তও দুর্ঘটনার অন্যতম কারণ।
Dangerous Bus Driving on NH-16
ট্রেন অনিয়মিত, যাত্রী ধরতে বাসের বিপজ্জনক রেষারেষি বাড়ছে জাতীয় সড়কে
×
Comments :0