তিরুপ্পারানকুন্দ্রম কার্তিগাই দীপম সংক্রান্ত বিষয়ে শুক্রবার সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে, তা অত্যন্ত বিস্ময়কর। সিপিআই(এম) মনে করে যে, এই নির্দেশ বিচারবিভাগীয় প্রশাসনিক ব্যবস্থার অনুকূল নয়। এদিন এক বিবৃতিতে এ কথা বলেছেন সিপিআই(এম) তামিলনাডু রাজ্য কমিটির সম্পাদক পি সম্মুগম। এদিনই এক যৌথ বিবৃতিতে বামপন্থী দলগুলির পক্ষ থেকে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের এই নির্দেশ সংবিধান বিরোধী। সিপিআই, সিপিআই(এম) এবং সিপিআই(এমএল) লিবারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বাবরি মসজিদ সংক্রান্ত ঘটনার সময় দেশের বহু অংশ যখন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল এবং প্রাণহানি ঘটেছিল, তখনও তামিলনাডু শান্তির মরূদ্যান হিসেবে অটুট ছিল। তিরুপ্পারানকুন্দ্রম বিতর্ক হলো সাম্প্রদায়িক শক্তিগুলির সেই ঐতিহ্যকে বিনষ্ট করার এবং ঘৃণার রাজনীতি ছড়িয়ে দেওয়ার এক ধারাবাহিক পরিকল্পনারই অংশ। এই পরিস্থিতিতে তামিলনাডুর প্রশংসনীয় মূল্যবোধগুলিকে রক্ষা করার জন্য রাজ্যের সমস্ত জেলায় ধর্মীয় সম্প্রীতি ও জনঐক্যের আহ্বানে শনিবার মিছিলের ডাক দেওয়া হয়েছে বামপন্থী দলগুলির পক্ষ থেকে।
সিপিআই(এম) বিবৃতিতে বলেছে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতিদের একটি কমিটির তত্ত্বাবধানে এই অনুষ্ঠান সম্পন্ন হবে, পাহাড়ে সিআরপিএফ নিরাপত্তা প্রদান করবে এবং দরগা থেকে ৫০ ফুট দূরত্ব বজায় রেখে সকলেই প্রদীপ প্রজ্বলন করতে পারবে, যা অত্যন্ত উদ্বেগজনক। মামলার মূল প্রশ্নের নিষ্পত্তি করে চূড়ান্ত রায়দান এখনও যেখানে হয়নি, সেখানে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশেরই এমন চরম রূপ নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে বলা হয়েছে, এমন এক সময়ে যখন সাম্প্রদায়িক সংগঠনগুলি ইতিমধ্যেই মানুষের মধ্যে উন্মাদনা ছড়ানোর চেষ্টা করছে, তখন পাহাড়ের চূড়ায় সকলেই প্রদীপ জ্বালাতে পারবেন বলে সুপ্রিম কোর্টের এই বক্তব্য উত্তেজনা সৃষ্টি করার আশঙ্কা তৈরি করছে। ভুলে গেলে চলবে না যে, ভারত ইতিপূর্বে বাবরি মসজিদ ধ্বংসের মতো তিক্ত ঘটনার সাক্ষী থেকেছে। এই নির্দেশকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোরও পরিপন্থী বলে চিহ্নিত করেছে সিপিআই(এম)। রাজ্য প্রশাসনকে সম্পূর্ণরূপে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং সিআরপিএফ-র হাতে তুলে দেওয়া একটি নজিরবিহীন ঘটনা। একটি নির্বাচিত সরকারকে পাশ কাটিয়ে জারি করা এই নির্দেশ ইতিহাসে এক ভুল দৃষ্টান্ত হয়ে থাকবে। এই অন্তর্বর্তীকালীন নির্দেশকে সুপ্রিম কোর্টের নিজস্ব বিচারবিভাগীয় প্রশাসনিক বিধি লঙ্ঘন হিসেবেই দেখতে হবে।
ভারতে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘ ও বিস্তৃত আলোচনার পটভূমিতে উপাসনাস্থল (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (যা ১৯৪৭ সালের ১৫ আগস্ট পর্যন্ত উপাসনাস্থলগুলির যে অবস্থান ছিল তা সুরক্ষিত রাখে) প্রণয়ন করা হয়েছিল। কিন্তু খোদ সুপ্রিম কোর্টও যে এই আইনের মূল ভাবনা বা অক্ষরকে বিবেচনায় নেয়নি, সেটা সাংবিধানিক রীতিনীতি ও মূল্যবোধের পরিপন্থী। ভারতের প্রধান বিচারপতির উচিত স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি বিবেচনা করা এবং এই নির্দেশ সংশোধন করা। বর্তমান সরকার এবং পূর্ববর্তী সরকারগুলি—উভয়ই তিরুপ্পারানকুন্দ্রম বিষয়ে দৃঢ় অবস্থান বজায় রেখেছে। তাই তামিলনাডুর সমস্ত রাজনৈতিক দলকে এই বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রতিবাদে সোচ্চার হতে হবে। বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে সিপিআই(এম)।
এই অবস্থায় তামিলনাডু সরকারের উচিত আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা এবং যথাযথ আইনি পদক্ষেপ ত্বরান্বিত করা। সামাজিক সম্প্রীতি রক্ষা করতে এবং সংবিধানের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সমুন্নত রাখতে তামিলনাডুর সমস্ত ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তিকে অবিলম্বে জনগণকে সংগঠিত করতে হবে এবং তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করতে হবে। তামিলনাডুর ঐতিহ্য অনুসারে, রাজ্যের মানুষকে ধর্মীয় ভেদাভেদ ভুলে তাদের ঐক্যবদ্ধ মনোভাব প্রকাশ করার আহ্বান জানিয়েছে সিপিআই(এম)। তিনটি বাম দলের পক্ষ থেকে করা আবেদনে শনিবারের ঐক্য-সম্প্রীতি অটুট রাখার মিছিলে সমস্ত গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিকে যোগ দেওয়ার ডাক দেওয়া হয়েছে। সাধারণ মানুষকেও বিপুল সংখ্যায়য় অংশগ্রহণ করার আহ্বান জানান হয়েছে।
Left parties call for a march
মাদুরাই:নির্দেশ সংবিধান বিরোধী, সম্প্রীতি রক্ষায় মিছিলের ডাক বামপন্থী দলগুলির
×
Comments :0