ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়ার যাবতীয় কাজ পুরোপুরি নির্বাচন কমিশনের প্রক্রিয়াভুক্ত। এখানে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনও আইনগত ভূমিকা নেই। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সরকারি আধিকারিক ও পুলিশ আধিকারিকরা নির্দিষ্ট দায়িত্ব পালন করে। কিন্তু গত কয়েকদিন ধরে প্রাক্তন তৃণমূলী শুভেন্দুর নেতৃত্বাধীন রাজ্য সরকারের পুলিশ আচমকা অতি সক্রিয় হয়ে ময়দানে নেমে পড়েছে। পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা এসআইআর’র ফলে বাদ যাওয়া এবং বিচারাধীন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ব্যক্তিগত তথ্য ও নথিপত্র সংগ্রহ করছে। কোথাও রীতিমতো ক্যাম্প করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ডেকে পাঠাচ্ছে তথ্য যাচাইয়ের নাম করে। এমনকি অনেককে ডেকে পাঠানো হচ্ছে থানায়।
এখন প্রশ্ন হলো কার নির্দেশে পুলিশ এ কাজ করছে এবং উদ্দেশ্যই বা কি? নির্বাচন কমিশন ছাড়া আর কোনও সংস্থার অধিকার নেই পুলিশকে এমন নির্দেশ দেওয়ার। কমিশন এমন কোনও নির্দেশ দিয়েছে কিনা তা কমিশন বা পুলিশের তরফে স্পষ্ট করা হয়নি। কমিশনের নির্দেশ ছাড়া পুলিশের এমন কাজ অবৈধ। যদি শুভেন্দুর সরকার নির্দেশ দিয়ে থাকে সেটাও বৈধ হতে পারে না। এ ধরনের কাজ গোপনে হতে পারে না। স্বচ্ছতার সঙ্গে করার কথা।
একটা বিতর্কিত প্রক্রিয়ার মাধ্যমে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেবার বৈধতা নিয়ে যখন উচ্চ আদালত ও সর্বোচ্চ আদালতে একাধিক মামলা চলছে তখন নির্বাচন কমিশনই বা পুলিশকে কীভাবে নির্দেশ দিতে পারে বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়াদের কাগজ পত্র সংগ্রহ করার বা তথ্য যাচাই করার? স্বাভাবিকভাবেই এর পেছনে কোনও গভীর ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে।
প্রসঙ্গত রাজ্যে এসআইআর চালুর সময় থেকে শুভেন্দু সহ বিজেপি নেতারা বার বার হুঙ্কার দিয়েছিল এক কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে নাম বাদ দেওয়া হবে এবং বিতাড়ন করা হবে। বিজেপি’র রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের দাবি এবং নির্বাচন কমিশনের কর্ম প্রক্রিয়া অনেকটাই এক সুরে বাঁধা ছিল। কমিশনের লক্ষ্যই ছিল তালিকা থেকে যথেচ্ছ হারে নাম বাদ দেওয়া, বৈধ নাগরিকদের নাম থাকা নিশ্চিত করা নয়। বাস্তবে দেখা গেছে বিজেপি’র হুঙ্কার ও ভাষ্যর সঙ্গে সঙ্গতি রেখেই প্রধানত মুসলিম, দরিদ্র, প্রান্তিক মানুষ এবং মহিলারা বাদ গেছেন। এদের নাম ফেরানোর প্রশ্নেও বিস্তর গড়িমসি। বিচারবিভাগীয় ব্যবস্থায় চরম ঢিলেমি।
অথচ বাদ যাওয়ার সত্যিই অবৈধ কিনা তা ট্রাইব্যুনালে প্রমাণ হবার আগেই তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো। সঙ্গে সঙ্গে রাজ্য সরকারও তাদের অনুপ্রবেশকারী ধরে নিয়ে অন্নপূর্ণা, রেশন, জাতিগত শংসাপত্র পাবার অধিকার কেড়ে নেয়। অর্থাৎ সরকারি যাবতীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হলো। এখন তাদের বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়ে তথ্য সংগ্রহ করে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিয়ে বিতাড়নের ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে। যদি এমনটা হয়ে থাকে তাহলে তার পেছনে কেন্দ্রীয় সরকারের মদত এবং নির্বাচন কমিশনের সক্রিয়তা আছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যদি সংবিধানকে মান্যতা দেয় তাহলে এমন কাজে যুক্ত হতে পারে না। সংবিধানের নির্দেশ মেনে কমিশন কাজ করুক। বিচার ব্যবস্থাও কাজ করুক নিরপেক্ষ অবস্থান থেকে। সকলেরই লক্ষ্য হওয়া উচিত মানুষকে ভীত ও আতঙ্কিত না করা। তাদের হয়রানি বন্ধ করা। তাদের পাশে থেকে সহযোগিতামূলক দৃষ্টিতে সমস্যার সমাধান করা। তাতে শেষ পর্যন্ত দু’-একজন অনুপ্রবেশকারী যদি চিহ্নিত হয় কেউ বাধা দেবে না।
Editorial
অতি সক্রিয়তায় সন্দেহ ষড়যন্ত্রের
×
Comments :0