Baby on Tripura Civic Election

ত্রিপুরায় পৌর ভোটের নামে প্রহসন, পুনর্নির্বাচনের দাবিতে বললেন বেবি

জাতীয়

ত্রিপুরার খোয়াইয়ে বিরোধী পোলিং এজেন্টদের বের করার জন্য পুলিশের সামনে হুজ্জুতি বিজেপি’র বাহিনীর।

ত্রিপুরায় পৌর নির্বাচনে লাগাতার হিংসার কড়া নিন্দা করেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি। ভোটাধিকার লুট হয়েছে এমন সব পৌরসভায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার, ২৭ নভেম্বর, ত্রিপুরায় পৌর নির্বাচনে দিনভর তুমুল হিংসা দেখা গিয়েছে। মহিলা প্রার্থীরাও আহত হয়েছেন। এমনকি মহিলা প্রার্থী ভোটও দিতে পারেননি। পুলিশের সামনে বিরোধী এজেন্টদের নির্বাচন কেন্দ্র থেকে বের করে দেওয়ার জন্য ঘেরাও করে বিজেপি’র বাহিনী। একের পর এক কেন্দ্রে দেখা গিয়েছে এমন দৃশ্য। 
ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ সিপিআই(এম) নেতা মানিক সরকার বলেছেন, গণতন্ত্রকে কেবল আলখাল্লায় পরিণত করে কিভাবে নয়া ফ্যাসিবাদী শাসন চলছে তার আরেকটি নমুনা ত্রিপুরার পৌর নির্বাচন। তিনি বলেছেন, পুলিশ কাঠপুতুলের মতো দাঁড়িয়ে রয়েছে। তার সামনেই যাবতীয় হিংসা চলছে অবাধে।  অন্তত দু’জন মহিলা প্রার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 
এদিকে বেবি বলেছেন, পৌর নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। এর আগে মনোনয়ন জমা দেওয়ার পর্বেই জোর করে ৬টি পৌরসভা দখল করেছে বিজেপি। আর পৌর নির্বাচনের দিন সশস্ত্র বিজেপি দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়ে বেড়িয়েছে। 
বেবি বলেছেন, মহিলা প্রার্থী থেকে পোলিং এজেন্টদের নির্মমভাবে মারধর করা হয়েছে। পুলিশ এবং রাজ্য নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। 
বেবি বলেছেন, ত্রিপুরার জনতাকে অভিবাদন। কারণ হিংসা সত্ত্বেও কোথাও কোথাও তাঁরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।

Comments :0

Login to leave a comment