CJI Gavai's letter President on Collegium Appointment

বিচারপতি নিয়োগে প্রান্তিক অংশ অবহেলিত, রাষ্ট্রপতিকে চিঠি প্রাক্তন প্রধান বিচারপতির

জাতীয়

সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বি আর গাভাই।

২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে হাইকোর্টে ৭১৫ জন বিচারপতি নিযুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে কেবল ২২ জন তফসিলি জাতির, আদিবাসী ১৬ জন, ৮৯ জন অন্য অনগ্রসর অংশের এবং সংখ্যালঘু ৩৭ জন বিচারপতি। বাকি প্রায় ৭৫ শতাংশ পদে নিযুক্ত বিচারপতিরা উচ্চবর্ণের। 
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা চিঠিতে এই তথ্য দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বিআর গাভাই। সংসদে কেন্দ্রীয় আইনমন্ত্রীর দেওয়া তথ্যের উল্লেখ করে তিনি চিঠিতে বলেছেন, বিচারপতিদের বদলি এবং নিয়োগে সমাজের একটি অংশই প্রাধান্য পাচ্ছে। বৈচিত্র এবং প্রান্তিক অংশসমূহের প্রতিনিধিত্বকে আঘাত করা হচ্ছে। 
চিঠিতে তিনি মনে করিয়েছেন যে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ করা হয় মুখ্যত হাইকোর্ট থেকে। ফলে উচ্চ আদালতে বৈষম্য থেকেই যাচ্ছে। পরিস্থিতিতে রাষ্ট্রপতিজে হস্তক্ষেপ করার আবেদনও জানিয়েছেন বিচারপতি গাভাই। এই চিঠির প্রতিলিপি তিনি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকেও। 
গাভাই তাঁর চিঠিতে বলেছেন, ‘‘আমাকে ভুল বোঝা হতে পারে। মনে করা হতে পারে কোনও একটি অংশের প্রতি আমার অনীহা রয়েছে। উচ্চবর্ণের কারও প্রতি আমার অনীহা নেই। কিন্তু আমি সর্বদা চেষ্টা করেছি যাতে সব অংশের আনুপাতিক প্রতিনিধিত্বে সাযুজ্য থাকে। কিন্তু আজকের পরিস্থিতি চিঠি লিখতে বাধ্য করছে। কোনও একটি অংশকে তুষ্ট করার জন্য নিয়োগে সুপারিশের উদাহরণ ক্রমশ বাড়ছে।’’ 
গাভাই বলেছেন, প্রধান বিচারপতি এবং বিচারপতি নিয়োগে সুপ্রিম কোর্টের কলেজিয়ামে কাজের সময় এই প্রতিনিধিত্বের দিকে নজর রাখার চেষ্টা তিনি করেছিলেন। তপসিলি জাতি, আদিবাসী, সংখ্যালঘু, মহিলাদের প্রতিনিধিত্ব বিবেচিত হয়েছে। 
তিনি রাষ্ট্রপতিকে লিখেছেন, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে যোগ্যতা এবং সংযুক্ত করার নীতি লঙ্ঘিত হচ্ছে। তিনি লিখেছেন, প্রতিনিধিত্বে অসমতা আগে ছিল না এমন নয়। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা ক্ষমার অযোগ্য হয়ে উঠছে।

Comments :0

Login to leave a comment