জয়ন্ত সাহা: দিনহাটা
সারা রাজ্যের মত কোচবিহারেও ট্রাইবুনালে যাওয়া ভোটারদের নথি যাচাইয়ে অতি সক্রিয় পুলিশ! শুক্রবার দিনহাটা থেকেও মিলেছে পুলিশের এরকম ক্যাম্পের খবর! দিনহাটার নয়ারহাট-গোবরছড়া গ্রাম পঞ্চায়েতের সোলেমান সরকার শিশু নিকেতন জিসিএফ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অবশ্য পুলিশ নয় চেয়ার নিয়ে বসেছিলেন একজন সিভিক ভলেন্টিয়ার এবং একজন ভিলেজ পুলিশ। দুজনেই আবার পোষাক ছাড়াই এসেছেন। ফোনে তাদের সাথে কথা বলতে চাইলেও কথা বলতে রাজি হন নি ওই দুজন। ভিক ভলেন্টিয়ারকে সাহায্য করতে রয়েছেন এলাকার বিজেপি কর্মী রহিম বাদশাও!
এদিন নথি নিয়ে এসেছিলেন অছেরা বিবি, অরজিনা খাতুন, অসমিনা বিবি, ফজরুল হক,জাহিদুল হক। আবার যাদের নাম নেই অথচ এই মুহুর্তে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন তাদের পরিবারের সদস্যরা এসেছিলেন। নথি দেখিয়ে ফিরেও গেছেন তাঁরা। তবে কেন পুলিশ ভেরিফিকেশন করছে সেটা কেউই বুঝতে পারেন নি। ভেরিফিকেশন করিয়ে বাড়ি ফিরে যাবার পথে ৩৬ বছরের গৃহবধূ জান্নাতুন বিবি জানালেন, ‘‘এর আগে ভোটের বাবুরা বলেছিল আমার নাকি ৬ ভাইবোন! অথচ আমার তো দুই ভাই দুই বোন। সব শুনে প্রমান দেখেও ভোটবাবুরা নাম তুলে দিল না। এবার তো পুলিশ এসে কাগজ দেখলো। দেখি নাম ওঠে কিনা।’’
১৬৭ এবং ১৬৮ নম্বর বুথের সব মিলিয়ে প্রায় ১২০ জনের মত নাম তালিকা থেকে বাদ গেছে। এদের মধ্যে কেউ কেউ বিহার, দিল্লী, এমন কি নেপালেও কাজ করেন। তাদের বাড়ির মানুষদের জিজ্ঞাসা ফের কি কাজ ছেড়ে পুলিশের ভেরিফিকেশনের জন্য গ্রামে আসতে হবে? এ প্রশ্নের উত্তরে অবশ্য ওই সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ কিছুই জানাতে পারেন নি। তারা আগামীকালও বসবেন ভেরিফিকেশনের জন্য! জানা গেছে এদিন যারা ভেরিফিকেশনের জন্য এসেছিলেন তাঁরা প্রত্যেকেই ট্রাইবুনালে আবেদন করেছেন।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় খোঁজ নিয়ে জানা গেছে পুজোর মরসুমে যখন সবাই আনন্দে মেতে ছিল তখনও সক্রিয় ছিল রাজ্য প্রশাসন! সূত্রের খবর গত ৫ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গে ‘‘সিভিক রিসার্চ গ্রুপের’’ মাধ্যমে একটি সমীক্ষা হয়েছিল। আর তাতেই নাকি প্রায় ৮৮ হাজার ৩৭১ জন ভোটারের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।
যদিও দিনহাটার একাধিক গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে এরকম কোন সংস্থা সমীক্ষা চালাতে তাদের কাছে আসে নি। দুচার জন জানিয়েছেন সিভিক ভলেন্টিয়ার পরিচয় দিয়ে ট্রাইবুনালে গেছি কিনা জানতে এসেছিল। অর্থাৎ সমীক্ষার সবটায় ধোঁয়াশায় ঢাকা। প্রায় পাঁচ মাস আগে প্রশাসন নাম না ওঠা ভোটারদের ট্রাইবুনালে আবেদন করতে বলেছিল। প্রশাসনের দাবি ৮৮ হাজার ৩৭১ জন ট্রাইবুনালে যায় নি। প্রশাসনের কেউই এ বিষয়ে মুখ না খুললেও দিনহাটা, সিতাইয়ের মত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সেই সিভিক ভলেন্টিয়ারেরা কয়েকদিন ধরে যাদের নাম নেই তাদের সবাইকে নথি নিয়ে থানায় বা নিকটস্থ ফাঁড়িতে দেখা করতে বলছিল। জানা গেছে ট্রাইবুনালে না যাওয়াদের তালিকা ইতিমধ্যে সীমান্তের থানা গুলিতে পৌঁছে গেছে। সেই তালিকা ধরেই চলছে চিরুনী তল্লাশি।
উল্লেখ্য মুখ্যমন্ত্রী গত ২৫ নভেম্বর কোচবিহারে রাস মেলার উদ্বোধন করতে এসে বক্তব্য রাখতে গিয়ে পুলিশের এসপিকে উদ্দেশ্য করে বলে গিয়েছিলেন, ‘‘বিএসএফের সাথে সমন্বয় রেখে কাজ করতে হবে। একজন মুসলমান অনুপ্রবেশকারীও যেন অনুপ্রবেশ করে বসবাস করতে না পারে। ধরা পড়লে তারা যে রাস্তায় এসেছে সেই রাস্তা দিয়েই ফেরত পাঠাতে হবে।’’ রাজনৈতিক মহলের মত মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই বুঝি সীমান্ত লাগোয়া থানা গুলিতে পুলিশের আইসি-রা অতি সক্রিয় হয়ে উঠেছে।
এদিকে সূত্রের খবর উত্তরবঙ্গে ট্রাইবুনালে অংশ না নেওয়া ভোটার সব চাইতে বেশি কোচবিহারেই! এখানে আবেদন না করা ভোটারের সংখ্যা ১৪ হাজার ৫ জন! সব চেয়ে কম কালিম্পংয়ে। সেখানে এই সংখ্যা ১ হাজার ৮৭২ জন। পাশের জেলা আলিপুরদুয়ারে ট্রাইবুনালে আবেদন না করা ভোটারের সংখ্যা ১২ হাজার ৯৩২ জন। জানা গেছে ট্রাইবুনালে যারা অংশ নেয়নি তাদের জন্য একটি প্রশ্নমালা দেওয়া হয়েছে পুলিশেকে। এদিকে পুলিশ দিয়ে নথি যাচাই প্রসঙ্গে শুক্রবার এসআইআরের গেরোয় সদ্যজাত সন্তানের জন্ম শংসাপত্র না পাওয়া দিনহাটা-২ ব্লকের খাটামারি গ্রামের বাসিন্দা আবদুল হামিদের খবর ‘গণশক্তিতে’ প্রকাশের জেরে বৃহস্পতিবার বিডিও তাঁকে ডেকে স্থায়ী বাসিন্দার শংসাপত্র দিয়েছে। শুক্রবার তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে গিয়ে জন্ম শংসাপত্রের ফর্ম ফিলাপ করেছেন। যদিও সেই আবেদন পত্রের সাথে বাবা-মায়ের ভোটার তালিকার জেরক্স জমা দিতে পারেন নি। এখন দেখার আব্দুল হামিদ গত ৮ সেপ্টেম্বর দিনহাটা মহকুমা হাসপাতালে জন্ম নেওয়া কন্যার জন্ম শংসাপত্র পান কিনা! গণশক্তির সাংবাদিককে ফোন করে সেই আবদুল হামিদ জানিয়েছেন, তিনি বা তাঁর পরিবারের যাদের নাম বাদ গেছে তারা কেউই পুলিশের কাছে নথি দেখাবেন না। তাঁর সাফ কথা নির্বাচন কমিশন ডাকলে একশবার যাবো। কিন্তু পুলিশের কাছে কেন যাবো? এটা তো পুলিশের কাজ নয়! শুধু দিনহাটায় নয় রাজ্যের প্রায় সব জেলাতেই পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা এই যাচাইকরণ চালাচ্ছেন। এই তথ্য যাচাইকরণ প্রক্রিয়া ঘিরে রাজ্য জুড়ে তীব্র বিতর্ক ও রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।
Comments :0