Mostafizur Rahman on SIR

পুলিশের নথি পরীক্ষা ঘিরে ছড়ানো হচ্ছে আতঙ্ক, অভিযোগ মোস্তাফিজুরের

রাজ্য কলকাতা

ভোটার তালিকায় আবেদন সংক্রান্ত নথি পরীক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের। এ কাজ পুলিশের নয়। এক্তিয়ারের বাইরে যাচ্ছে পুলিশ।
রাজ্যের বিভিন্ন জেলায় এসআইআর ট্রাইবুনালে আবেদনকারীদের নথি পরীক্ষা প্রসঙ্গে এ কথা বলেছেন সিপিআই(এম) বিধায়ক মোস্তাফিজুর রহমান। তিনি মনে করিয়েছেন যে সিপিআই(এম)’র পক্ষ থেকে নির্বাচন কমিশনের সিইও-কে চিঠি পাঠানো হয়েছে। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম স্পষ্ট করে বলেছেন পুলিশ এ কাজ করতে পারে না। 
শুক্রবার, ২৭ নভেম্বর, বিধানসভা ভবনে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দেন ডোমকলের বামফ্রন্ট বিধায়ক রহমান। হাওড়া থেকে কোচবিহার, বিভিন্ন জেলা থেকে একের পর এক খবর আসছে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর যাঁরা ট্রাইবুনালে আবেদন জানিয়েছেন, পুলিশ বাড়ি বাড়ি গিয়ে নথি চাইছে। নির্দেশিকা দেখতে চাইলে পুলিশ বলছে ‘ওপরতলার নির্দেশ’। বিষয়টি এদিন ওঠে সুপ্রিম কোর্টে ট্রাইবুনাল এবং এসআইআর সংক্রান্ত মামলায়। 

(আরও দেখুন: ট্রাইবুনালে আবেদনকারীদের বাড়ি বাড়ি পুলিশের টহল সুপ্রিম কোর্টে, ৭ পৌরসভা নিয়ে শুনানি)

(আরও দেখুন: ট্রাইবুনালে আবেদনকারীদের নথি যাচাইয়ে পুলিশ নামলো দিনহাটায়, হাজির বিজেপি কর্মীও!)

মোস্তাফিজুর রহমান বলেছেন, এসআইআর হোক বা ডিলিটেড ভোটার, বিবেচনাধীন ভোটার যা নিয়ে গোটা দিল্লিতে এত লড়াই চলছে, সেখানে আজকে প্রত্যেকটি থানা থেকে পুলিশ সাধারণ মানুষকে ডাকছে, কাগজের নামে হয়রানি করছে। মানুষ কোথাও কোথাও ভীষণ ভাবে আতঙ্কিত হচ্ছেন। আবার বিজেপি’র  বাংলাদেশী, বহিরাগত বলে প্রচার নিয়েও আতঙ্কিত হচ্ছেন। আমরা বলছি , নির্বাচন কমিশনের কাজ পুলিশ কেন করবে। এই কাজ পুলিশের নয়। পুলিশ তার এক্তিয়ার বহির্ভূত কাজ করছে যা নির্বাচন কমিশনের করা উচিত।

(আরও দেখুন: ট্রাইবুনালে আবেদনকারীদের নথি পরীক্ষা কেন পুলিশের? সিইও-কে চিঠি সিপিআই(এম)’র)

এক প্রশ্নে তিনি বলেন, এসআইআর-র নাম করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে বিস্তার অভিযোগ রয়েছে দেশে। আমাদের রাজ্যেও রয়েছে। গত বিধানসভা নির্বাচনের আগে আমাদের রাজ্য ২৭ লক্ষ মানুষকে, বৈধ ভোটারকে, বাদ রেখে নির্বাচন করানো হয়েছে, এক্ষেত্রে অনেক অবৈধ কাজ করেছে নির্বাচন কমিশন। তিনি বলেন যে রাজ্যে নির্বাচন কমিশনের সিইও মন্ত্রিসভা গঠন হওয়ার পর পরই মুখ্য সচিব হয়েছেন। তিনি বলেন, নির্বাচনের কমিশনের কোনও কাজে স্বচ্ছতা নেই। এ কারণেই সুপ্রিম কোর্টে এই বিষয়ে শুনানি চলছে। তিনি বলেন,
আমরা স্বচ্ছ ভোটার তালিকা চাইছি। বৈধ ভোটারদের বাদ রেখে কোন তালিকা প্রকাশ করা যাবে না।
রহমান বলেন, পুলিশ-রাজ চালানোর চেষ্টা হচ্ছে। যেভাবে পুলিশকে খোলা হাত দেওয়া হচ্ছে, যেমন এনকাউন্টার করা, কোমরের নিচে গুলি মারা, এই চিত্রনাট্য চলছে গোটা রাজ্য জুড়ে। আসলে যে কাজ পুলিশের করার কথা না রাজ্য সরকার পুলিশকে দিয়ে তাই করানোর চেষ্টা করছে। 
আসানসোলে এক অভিযুক্তকে গুলি করে বন্দি করা হয়েছে। এই প্রসঙ্গে এক প্রশ্নে মোস্তাফিজুর রহমান বলেন, এর আগে পুলিশের এমন অপারেশন কেউ দেখেনি। রাজ্যের মানুষ সবটাই দেখছেন। এগুলো করার মধ্যে দিয়ে আমাদের রাজ্যের পুলিশের যে গরিমা, তাকে রাজ্য সরকার আরো একবার ভূ-লুন্ঠিত করার চেষ্টা করছে।‌
দেশের এবং রাজ্যে নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে না

Comments :0

Login to leave a comment