মুক্তধারা
পার্বণ ১৪৩৩
কবিতা : রূপান্তর
সৌরভ দত্ত
২৭ নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ
বৃষ্টির ভিতরে ডুবে থাকতে থাকতে
শুনেছি ভর্ৎসনার শব্দ—
নষ্ট সময়ের উত্তুঙ্গ কলধ্বনি,
পোকাদের খিলখিল হাসি।
ওদের সঙ্গেও বন্ধুত্ব করি—
ঘরে, বাইরে...
কাফকার মেটামরফসিস-এর
গ্রেগর সামসার কথা মনে পড়ে—
এক সকালে বিশাল পোকায়
রূপান্তরিত হওয়ার সেই অহেতুক নিয়তি।
এই বিচ্ছিন্নতা, ধূসর নৈঃশব্দ্য—
দ্রুতগামী দুটি সরলরেখা
পরস্পরকে ছেদ করতে চায়।
সন্ধ্যাকে নিকষ কালো করে তোলে
মুদ্রণপ্রমাদের নিষিক্ত অক্ষরগুলো।
গ্রন্থির গভীর থেকে উঠে এসে
লুটোপুটি খায় মহাকাশের গায়ে।
অদ্ভুত হীনমন্যতায়
জাদুকর খেলা ছেড়ে চলে যায়।
অনাবিল শূন্যতা দাঁড়িয়ে থাকে
আলোকহীন মঞ্চে।
প্রশ্নের কাছে হেরে যাই প্রতিদিন!
সারাক্ষণ মনে হয়,
কেউ যেন আড়াল থেকে
লুকিয়ে আমাকে দেখছে।
দেওয়ালঘড়ির মতো জীবন
মাঝে মাঝে থমকায়—
ধাক্কা মারে বোধহীন হাওয়া;
অস্থির জঙ্গল, উড়ন্ত গুজব।
রাস্তায় পড়ে থাকে
কত না উচ্চারিত খিস্তি।
আমাদের ছুপা রুস্তম,
পোয়েটিক জাস্টিস—
ভীমবেটকার গুহাগাত্রে খোদাই করা
কিছু পাথুরে কবিতা
কিলবিল করে মস্তিষ্কের গর্ভে।
রাতের পর রাত ভেসে ওঠে
ভিনসেন্ট ভ্যান গঘের মুখ—
রক্তমাখা কত শত হলুদ গ্রাম,
আবাদি জমির বুকজুড়ে
ক্ষতচিহ্নের ফসল।
বই পোড়ে,
আমরাও দাউদাউ করে পুড়ে যাই।
পোকার খিলখিল হাসি
ছড়িয়ে পড়ে
জীবনের লুকিং গ্লাসে।
Comments :0