Habra Municipality Avijan

হকারদের পুনর্বাসন সহ দশ দফা দাবিতে হাবড়া পৌরসভা অভিযান

জেলা

ছবি- সুস্মিত দাস

উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসন, বেহাল রাস্তা সংষ্কার সহ দশ দফা দাবিতে শুক্রবার হাবড়া পৌরসভা অভিযানের ডাক দেয় সিপিআই(এম) হাবড়া শহর উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটি। এদিন দুপুর ১২টায় হাবড়া স্টেশন চত্বর অন্যদিকে ২ নম্বর রেলগেট থেকে শহরের দুইপ্রান্ত থেকে দুটি মিছিল শুরু হয় হাবড়া পৌরসভা অভিমুখে। বিক্ষোভ কর্মসূচি শেষ পর্যন্ত সমাবেশের রূপ নেয়। এদিনের মিছিলে বঞ্চিত মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন পার্টির জেলা কমিটির সদস্য বাবুল কর, ঋজিনন্দন বিশ্বাস,পার্টির দুটি এরিয়া কমিটির সম্পাদক প্রসেনজিৎ দত্ত, জয়ন্ত রায় চৌধুরী, পার্টি নেতা ঋতবাণ দে, কৌশিক বসু, শান্তনু ভট্টাচার্য, অঞ্জন দত্ত সহ পার্টির স্থানীয় নেতৃবৃন্দ। পার্টির জেলা কমিটির সদস্য ও প্রাক্তন পৌর প্রতিনিধি প্রসেনজিৎ দত্তের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল পৌরপ্রধানের কাছে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপি প্রদানকারী দলে ছিলেন পার্টি নেতা প্রসেনজিৎ দত্ত,জয়ন্ত রায় চৌধুরী,শ্যামল দাস,গার্গী দাস ঘোষ, স্বাতী ভট্টাচার্য ও অর্কেন্দু গাঙ্গুলী। স্মারকলিপি জমা দেবার পর সাংবাদিকদের প্রসেনজিৎ দত্ত বলেন,"রাজ্যে পালা বদলের পরেই হাবড়াতে উচ্ছেদ হয়েছেন কয়েকশো প্রান্তিক মানুষ। যাদের পেশা ছিলো হকারী। উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি পৌর প্রশাসন বা রাজ্যের প্রশাসন। অবিলম্বে তাদের পুনর্বাসনের ব্যবস্থার দাবি করছি। তিনি অভিযোগ করে বলেন, "বহু যোগ্য মহিলা অন্নপূর্ণা ভান্ডার পাননি, বিভিন্ন সরকারি ভাতা থেকে বঞ্চিত। তাঁর অভিযোগ, নেতাদের তাবেদারী করলে তবেই মিলছে ভাতা। বঞ্চিতদের অধিকার পাইয়ে দিতে আমাদের লড়াই জারি রয়েছে। তাঁর অভিযোগ বৃষ্টির জলে হাবড়ার ছোটো-বড় সব রাস্তাঘাট জলমগ্ন। নাজেহাল সাধারণ মানুষ। তবুও হুঁশ নেই পৌর প্রশাসনের কর্তাব্যাক্তিদের। আপাদমস্তক দুর্নীতীগ্রস্ত তৃণমূলের কাউন্সিলরদের দেখা পাওয়া যাচ্ছে না। শিকেয় উঠেছে পৌর পরিষেবা।" তিনি দাবি করেন পরিষেবা না দিতে পারলে অপদার্থ পৌর প্রশাসনের কর্তাদের পদত্যাগের করুক।
পৌরপ্রধান নারায়ন সাহা নিজে স্মারকলিপি গ্রহণ করেছেন। তিনি নেতৃত্বের বেশীরভাগ দাবির সাথে সহমত পোষন করেছেন।  সমস্ত দাবি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন।

Comments :0

Login to leave a comment