Maharashtra Congress

ডিলিমিটেশন বিল নিয়ে শরদ পাওয়ারের এনসিপি-র অবস্থান বদল, কংগ্রেসের তীব্র আক্রমণ

জাতীয়

ডিলিমিটেশন বিল নিয়ে বিরোধী শিবিরে নতুন করে ফাটল। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে শরদ পাওয়ারের এনসিপি (এসপি)। আর এই সিদ্ধান্ত ঘিরেই শরদ পাওয়ার ও তার দলকে তীব্র আক্রমণ করলো মহারাষ্ট্র কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, বিরোধী ঐক্যকে দুর্বল করে বিজেপির হাত শক্ত করছে পাওয়ারের দল। এই অবস্থানকে ‘ক্ষমতালোভী’ রাজনীতি বলে কটাক্ষ করেছেন মহারাষ্ট্র বিধানসভার কংগ্রেস পরিষদীয় দলনেতা বিজয় ওয়াদেত্তিওয়ার।
শরদ পাওয়ারকে আক্রমণ করে ওয়াদেত্তিওয়ার বলেন, অন্যের পিঠে ছুরি মারার ইতিহাস রয়েছে পাওয়ারের। তার কথায়, ‘‘পাওয়ার এখন জলের বাইরে মাছের মতো ছটফট করছেন। তার কোনও প্রকৃত আদর্শ নেই। আমরা তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলাম। কিন্তু গণতন্ত্র ধ্বংসের সঙ্গে যাদের নাম জড়িয়ে থাকবে, তাদের তালিকায় শরদ পাওয়ারের নামও থাকবে। তার দলের এই ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও অন্যায়।’’
শুধু মৌখিক আক্রমণ নয়, এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করে শরদ পাওয়ার ও তার মেয়ে তথা এনসিপি (এসপি)-র কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলেকে অতীতের কথা স্মরণ করিয়ে দিয়েছে মহারাষ্ট্র কংগ্রেস। কংগ্রেসের বক্তব্য, চলতি বছরের মার্চে মহারাষ্ট্রের সাতটি রাজ্যসভা আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। সেই নির্বাচনে শরদ পাওয়ারকে পুনরায় রাজ্যসভায় পাঠাতে নিজেদের প্রার্থীপদ দাবি থেকে সরে এসেছিল কংগ্রেস।
কংগ্রেসের দাবি, সেই সময় এনসিপি (এসপি)-র বিধায়ক সংখ্যা ছিল মাত্র ১০। রাজ্যসভায় জিততে প্রয়োজন ছিল ৩৬টি ভোট। অন্যদিকে কংগ্রেসের ছিল ১৬ জন বিধায়ক এবং উদ্ধব ঠাকরের শিবসেনার ছিল ২০ জন। এই পরিস্থিতিতে শরদ পাওয়ারের প্রার্থীপদ নিশ্চিত করতে কংগ্রেস নিজেদের আসনের দাবি ছেড়ে দেয়। সুপ্রিয়া সুলে ব্যক্তিগতভাবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে তার বাবার প্রার্থীপদে সমর্থন চেয়েছিলেন বলেও দাবি করেছে মহারাষ্ট্র কংগ্রেস।
পোস্টে কংগ্রেস জানিয়েছে, রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে কোনও দ্বিধা ছাড়াই শরদ পাওয়ারকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে উদ্ধব ঠাকরের শিবসেনাও সমর্থন জানায়। মহা বিকাশ আঘাড়ি সর্বসম্মতিক্রমে পাওয়ারের প্রার্থীপদ নিশ্চিত করে। অথচ এখন সেই শরদ পাওয়ার, সুপ্রিয়া সুলে এবং তাদের দল বিজেপি সরকারের ডিলিমিটেশন বিলকে সমর্থন করতে চলেছেন। এই দ্বিচারিতা নিয়েই প্রশ্ন তুলেছে কংগ্রেস।
উল্লেখ্য, আগামী সপ্তাহে সংসদের বিশেষ অধিবেশনে ডিলিমিটেশন সংক্রান্ত বিল আনার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। শুক্রবারই শরদ পাওয়ারের দল এই বিলে সমর্থনের কথা ঘোষণা করেছে। ডিএমকে-র ২২ জন সাংসদের পাশাপাশি এনসিপি (এসপি)-র আট জন সাংসদের সমর্থন কেন্দ্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত এপ্রিল মাসে বিরোধীদের ঐক্যবদ্ধ বিরোধিতায় এই সংক্রান্ত বিল পাশ করাতে ব্যর্থ হয়েছিল সরকার। এবার নতুন করে সংসদে বিল পাশ করানোর জন্য সংখ্যার হিসাব মেলাতে তৎপর বিজেপি।
এদিকে শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ইন্ডিয়া মঞ্চের বৈঠক হয়। সংসদের আসন্ন অধিবেশনে বিরোধীদের কৌশল নির্ধারণই বৈঠকের মূল উদ্দেশ্য। সেই বৈঠক থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে শরদ পাওয়ারের এনসিপি (এসপি)। ফলে বিরোধী জোটের ঐক্য নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।
অন্যদিকে ডিলিমিটেশন বিলের বিরোধিতায় নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছে কংগ্রেস। শুক্রবার সন্ধ্যায় দলের বৈঠকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্পষ্ট করেছেন, সংসদে সরকারের সংখ্যাগরিষ্ঠতা থাকুক বা না থাকুক, এই বিলের বিরোধিতা করবে কংগ্রেস। আগামী সোমবার সংসদ পুনরায় বসলে সংশোধিত বিলগুলি পেশ করা হতে পারে। কেন্দ্র প্রয়োজনীয় সমর্থন জোগাড় করে ফেলেছে বলেই মনে করছে কংগ্রেসের একাংশ।
কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরমের বক্তব্য, ডিএমকে এবং শরদ পাওয়ারের এনসিপি-র অবস্থান বদল কেন্দ্রের পক্ষে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার মতে, ডিলিমিটেশনের পর সমস্ত রাজ্যে লোকসভা আসন ৫০ শতাংশ বাড়ানোর কেন্দ্রীয় আশ্বাসই এই দুই দলকে অবস্থান বদল করতে উৎসাহিত করেছে।
ডিলিমিটেশন প্রশ্নে দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রতিনিধিত্ব এবং বিরোধী ঐক্য দুই ক্ষেত্রেই নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। কেন্দ্রের প্রস্তাব ঘিরে বিরোধী শিবিরের এই বিভাজন আগামী সপ্তাহে সংসদের বিশেষ অধিবেশনে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।

Comments :0

Login to leave a comment