সংসদে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল নিয়ে অবস্থান বদল করল ডিএমকে। আগামী সপ্তাহে সংসদে কেন্দ্রীয় সরকার যে নতুন ডিলিমিটেশন বিল আনতে চলেছে, তাতে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ুর দলটি। শনিবার সকালে দলের সাংসদদের নিয়ে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান ডিএমকে সাংসদ এ রাজা। দলের আর এক সাংসদ দয়ানিধি মারানও সংসদে বিলের পক্ষে সমর্থনের কথা জানিয়েছেন।
উল্লেখ্য, জনসংখ্যার ভিত্তিতে লোকসভা কেন্দ্র পুনর্বিন্যাসের বিরোধিতায় অতীতে সরব হয়েছিল ডিএমকে। এই প্রশ্নে দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যগুলিকে সঙ্গে নিয়ে যৌথ আন্দোলনের উদ্যোগও নিয়েছিলেন এমকে স্ট্যালিন। ফলে ডিএমকে-র এই নতুন অবস্থান রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২২ জন সাংসদ থাকা ডিএমকে-র সমর্থন কেন্দ্রের শাসক শিবিরের সংসদীয় শক্তি বাড়াবে। গত এপ্রিল মাসে ডিলিমিটেশন সংক্রান্ত বিলের বিরোধিতায় যে ধাক্কা খেতে হয়েছিল কেন্দ্রকে, নতুন বিলের মাধ্যমে সেই পরাজয়ের ক্ষত মুছতে চাইছে সরকার।
কেন্দ্রের নতুন প্রস্তাবে প্রতিটি রাজ্যে লোকসভা আসন ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির বিধান রাখা হয়েছে। পাশাপাশি আসন বৃদ্ধির ক্ষেত্রে আগামী ২৫ বছরের জন্য স্থিতাবস্থা বজায় রাখার শর্তেও সম্মতি জানিয়েছে কেন্দ্র। ডিএমকে-র বক্তব্য, নতুন সংসদে তামিলনাড়ুর বর্তমান ৭.২ শতাংশ প্রতিনিধিত্ব বজায় থাকলে তাদের আপত্তি নেই। সেই অনুযায়ী লোকসভার আসন সংখ্যা বর্তমান ৩৯ থেকে বেড়ে ৫৯ হতে পারে।
শুক্রবারই ডিলিমিটেশন নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেছিলেন ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন। তিনি স্মরণ করিয়ে দেন, জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের বিপদ সম্পর্কে প্রথম থেকেই সতর্ক করেছিলেন তিনি। এই প্রশ্নে দক্ষিণ ভারতের প্রভাবিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও প্রতিনিধিদের নিয়ে চেন্নাইয়ে সম্মেলন করে যৌথ মঞ্চ গড়ে তোলার উদ্যোগও নিয়েছিলেন।
স্ট্যালিনের দাবি ছিল, লোকসভায় তামিলনাড়ুর বর্তমান ৭.১৮ শতাংশ প্রতিনিধিত্ব কোনওভাবেই কমানো চলবে না। ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের যে অনুপাত রয়েছে, তা আরও ২৫ বছর অপরিবর্তিত রাখতে হবে। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, ‘‘আমাদের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। কোনও আপসের প্রশ্নই নেই।’’
তবে ডিএমকে সূত্রের বক্তব্য, সংসদের মোট আসন সংখ্যা বাড়ানো নিয়ে তাদের মূল আপত্তি নেই। আপত্তি হল, আসন পুনর্বিন্যাসের নামে তামিলনাড়ুর রাজনৈতিক প্রতিনিধিত্ব যাতে কমে না যায়, তা নিশ্চিত করা। দলের এক প্রবীণ নেতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা বৃহত্তর সংসদ চান না। কিন্তু কেন্দ্র যদি আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েই থাকে, তাহলে অন্তত রাজ্যগুলির বর্তমান আনুপাতিক প্রতিনিধিত্ব বজায় রাখতে হবে।
এদিকে তামিলনাড়ুতে কংগ্রেসের সঙ্গে ডিএমকে-র রাজনৈতিক বিচ্ছেদের পরেই এই অবস্থান বদল হয়েছে, এমন অভিযোগও খারিজ করেছে দল। ডিএমকে-র বক্তব্য, শুরু থেকেই তাদের দাবি ছিল ন্যায্য ও ভারসাম্যপূর্ণ আসন পুনর্বিন্যাস। রাজ্যের রাজনৈতিক প্রতিনিধিত্ব সুরক্ষিত রাখাই তাদের প্রধান লক্ষ্য।
ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রের প্রস্তাবে ডিএমকে-র এই সমর্থন নিঃসন্দেহে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। তবে ৫০ শতাংশ আসন বৃদ্ধি এবং ২৫ বছরের স্থিতাবস্থার শর্ত বাস্তবে কীভাবে কার্যকর হবে, তা নিয়ে সংসদে বিতর্কের অবকাশ থেকেই যাচ্ছে।
DMK
আসন পুনর্বিন্যাস বিল : কেন্দ্রের প্রস্তাবে সমর্থনের সিদ্ধান্ত ডিএমকে’র
×
Comments :0