গভীর নিম্নচাপের কারণে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। মৎসজীবীদের সমুদ্রে যাওয়া থেকে নিষেধ করা হয়েছে।
উত্তর আন্দামান সাগরের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সোমবারের মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে। মঙ্গলবারের মধ্যে তা আরও ঘনীভূত হয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। ক্রমে পশ্চিমে সরতে সরতে বুধবার সকালের মধ্যে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে পৌঁছোবে গভীর নিম্নচাপ। এর প্রভাবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি চলতে পারে।
মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি শুরু হবে। তার সাথে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার এবং শনিবার উত্তর ২৪ পরগনায় এবং বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টি বেশি হবে। তা ছাড়া, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টি চলবে। এ ছাড়াও বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়িতে বৃহস্পতিবার থেকে এবং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলবে শনিবার পর্যন্ত। দক্ষিণ দিনাজপুর ও মালদহে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ভারী বর্ষণের সম্ভাবনা কম কলকাতায়।
Weather
আগামী সপ্তাহ জুড়ে চলবে বৃষ্টি
×
Comments :0