সংগঠনের জলপাইগুড়ি সদর-পশ্চিম মণ্ডল প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরভর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতি (এবিপিটিএ)। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন দৌড় ও দিনভর ছাত্রছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা। রবিবার সকাল ৬টায় চরকডাঙ্গী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয় ম্যারাথন দৌড়। দৌড়টি শেষ হয় কদমতলায় সমিতির জেলা দপ্তর শিক্ষক ভবনে। ছাত্র এবং ছাত্রী মিলিয়ে মোট ১০৩ জন প্রতিযোগী এই ম্যারাথনে অংশ নেয়। পরে সকল অংশগ্রহণকারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এদিন সকাল ১০টা থেকে শুরু হয় বসে আঁকো, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা। সদর-পশ্চিম মণ্ডলের ৭৭টি স্কুল থেকে বসে আঁকো প্রতিযোগিতায় ১৮৩ জন, আবৃত্তিতে ৬৮ জন, সঙ্গীতে ৪৩ জন এবং নৃত্যে ৫৬ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। দিনভর অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সমগ্র কর্মসূচিতে নেতৃত্ব দেন সমিতির জেলা সম্পাদক বিপ্লব ঝা, জোনাল সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, সভাপতি অসীম কর, শিক্ষক নেতা জ্যোতি বিকাশ কর-সহ অন্যান্য নেতৃত্ব। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী দিনেও বিভিন্ন কর্মসূচি চলবে।
Comments :0