পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার উদয়নারায়ণপুর থানার দক্ষিণ বিধিচন্দ্রপুর এলাকায়। সোমবার সকাল প্রায় ১০টা নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। মৃতার নাম সালমা খাতুন (২২)। তাঁর বাপের বাড়ি উলুবেড়িয়ার বীরশিবপুর গ্রামে। ঘটনার খবর পেয়ে উদয়নারায়ণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এই ঘটনায় মৃতার শ্বশুর লিয়াকত আলি এবং শাশুড়ি জাহানারা বেগমকে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় পাঁচ-ছয় বছর আগে সালমার সঙ্গে শেখ জাবিরের বিয়ে হয়। মৃতার স্বামী সোনা পালিশের কাজ করেন এবং কাজের সূত্রে বর্তমানে সুরাটে থাকেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এটি জাবিরের দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রীর সঙ্গে সাংসারিক অশান্তির কারণে বিচ্ছেদ ঘটে। সালমার সাথেও সাংসারিক অশান্তি ছিল বলে জানা যাচ্ছে।
অভিযোগ, এদিন সকালে দক্ষিণ বিধিচন্দ্রপুরে শ্বশুরবাড়িতে সালমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করার পর, দ্রুত আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতার পরিবার ও স্থানীয়দের অভিযোগ, এই ঘটনায় তাঁর শ্বশুরের ভূমিকা রয়েছে। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল, তার কারণ এখনও স্পষ্ট নয়। পারিবারিক কোনও বিবাদ, পুরনো কোনও বিরোধ, নাকি অন্য কোনও কারণে এই ঘটনা—তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্তের স্বার্থে এলাকা ঘিরে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
Housewife hacked to death in Howrah
হাওড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে খুন, চাঞ্চল্য এলাকায়
ছবি - প্রতীকী
×
Comments :0