বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ফের জলপাইগুড়ি পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ দেখালেন ঝাড়ু-কোদাল সাফাই কর্মীরা। সোমবার সকাল থেকে পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। এর আগে একই দাবিতে আন্দোলনের পর এক মাসের বেতন মেটানো হলেও চলতি মাসের বেতন এখনও দেওয়া হয়নি বলে অভিযোগ কর্মীদের।
সাফাই কর্মীদের অভিযোগ, চলতি মাসের বেতন কবে মিলবে, সে বিষয়ে কর্তৃপক্ষের কোনও স্পষ্ট আশ্বাস নেই। বোনাসও দেওয়া হবে না বলে জানানো হয়েছে। তাঁদের আরও অভিযোগ, বর্তমানে পৌরসভায় কোনও নির্বাচিত রাজনৈতিক বোর্ড বা প্রশাসক নেই। অফিসারদের মাধ্যমে কাজ পরিচালিত হলেও কর্মীদের বেতন ও অন্যান্য সমস্যা নিয়ে ইউনিয়নের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। বারবার জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে কাজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
বিক্ষোভের জেরে শহরের বিভিন্ন এলাকায় আবর্জনা জমতে শুরু করেছে। পরিষেবা ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পৌরসভায় সিপিআই(এম)’র একমাত্র কাউন্সিলর সঞ্চিতা পঞ্চানন ধর বলেন, ‘‘শহরজুড়ে আবর্জনার স্তূপ। পৌরকর্মী ও সাফাই কর্মীরা বেতন পাচ্ছেন না, তাঁদের বারবার বিক্ষোভে নামতে হচ্ছে। এটা দিনের পর দিন চলতে পারে না। অবিলম্বে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। জলপাইগুড়িকে আমরা আবর্জনার স্তূপে পরিণত করতে পারি না।’’
সাফাই কর্মীদের দাবি, দ্রুত বকেয়া বেতন ও বোনাস নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।
Jalpaiguri Sanitation Workers
মিলছে না বেতন, জলপাইগুড়িতে ফের বিক্ষোভ সাফাইকর্মীদের
রাস্তায় আবর্জনা ফেলে সাফাই কর্মীদের বিক্ষোভ জলপাইগুড়িতে।
×
Comments :0