উত্তরাখণ্ডের পৌরি গাড়ওয়াল জেলায় শনিবার ১২ জন আরোহী সহ একটি ইকো গাড়ি ২০০-৩০০ মিটার গভীর খাদে পড়ে যায়। এই ঘটনায় ছয় মহিলা সহ সাতজন নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন। দুপুর ১টা নাগাদ রিখনিখাল এলাকার কালওয়াড়ির কাছে দুর্ঘটনাটি ঘটেছে।
ল্যান্সডাউনের মহকুমা শাসক শালিনী মৌর্য নিশ্চিত করেছেন যে, সাতজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং পাঁচজন মহিলা আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য একটি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে যে, গাড়িটি ( রেজিস্ট্রেশন নম্বর UK15 TA 2152) রিখনিখাল থেকে গন্তব্যের দিকে যাওয়ার পথে কালওয়াড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলটি রিখনিখাল থানা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।
মৃত সাতজন হলেন শান্তি দেবী, রেখা দেবী (৪২), সুমিত্রা দেবী (৫০), সুনীতা দেবী (৪৫), ধনেশ্বরী দেবী (৪৬), সরোজিনী দেবী (২৮) এবং চালক অনিল দেবরাদা (৪৫)। ওই ছয়জন মহিলা একটি ব্লক-স্তরের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌরি গাড়ওয়াল দুর্ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
মৃত ব্যক্তিদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে, আহত ব্যক্তিরা প্রত্যেকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার দেওয়া হবে বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী ।
Accident In uttarakhand
উত্তরাখণ্ডের পৌড়িতে খাদে গাড়ি পড়ে নিহত ৭, আহত ৫জন
×
Comments :0