কেরোসিনের টিমটিমে আলো, ছেঁড়া প্লাস্টিকের চাল আর অনাহারের ছায়া নিয়েই গত পনেরো বছর ধরে ধূপগুড়ি মহকুমার গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের পারকুমলাই এলাকায় এক ভাঙাচোরা ঘরে দিন কাটাচ্ছেন দিনমজুর অশোক রায়ের পাঁচজনের পরিবার। একদিকে সরকারি আবাস সার্ভে ও ‘ডাবল ইঞ্জিন’ প্রশাসনের যোগ্যদের ঘর পাইয়ে দেওয়ার বড়াই, অন্যদিকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ হতদরিদ্র পরিবারের দরজায় না পৌঁছানো সমীক্ষা এই বৈপরীত্যেই ফের গ্রামীণ বঞ্চনার ছবি নগ্ন হয়ে উঠল।
অশোক রায় ও তাঁর স্ত্রী সবিত্রী রায় ভুঁইমালির ক্ষোভ স্পষ্ট। তাঁদের অভিযোগ, ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার সার্ভে চললেও পারকুমলায়ে তাঁদের বাড়িতে কেউ পা রাখেনি। অনলাইনে আবেদন করা হলেও কাগজপত্র খতিয়ে দেখতে বা নিতে কেউ আসেনি।
সবিত্রীর কথায়, ‘অন্নপূর্ণা’ প্রকল্পের টাকা মিললেও জব কার্ডের আবেদন জমা পড়ে থাকলেও কার্ড হাতে আসেনি। স্বামী দিনমজুরির কাজ করে যে সামান্য আয় করেন, তাতে অনেক দিন ঘরে খাবারও জোটে না। টিউশন পড়ানোর সামর্থ্য না থাকায় ছেলের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে, আর সংসারে রয়েছে এক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুও। ঝড়-বৃষ্টি শুরু হলে ভাঙা ঘরে থাকা যায় না। তখন পরিবারটিকে প্রতিবেশীর বাড়ি বা মন্দিরের কাছে আশ্রয় নিতে হয়। অতীতে অনেক আপত্তির পর ভাঙা চালের বদলে যে প্লাস্টিক দেওয়া হয়েছিল, তা-ও এখন ছিঁড়ে গেছে। অশোকের অভিযোগ, সামর্থ্যবান ও ঘরবাড়ি থাকা মানুষেরাই নানা সুবিধা পাচ্ছেন, অথচ প্রকৃত গরিবের খবর কেউ নিচ্ছে না।
রাজ্যে তৃণমূল শাসনের অবসানের পর বিজেপির ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় এসে ঘোষণা করেছিলেন রাজনীতি নয়, যোগ্য ও প্রকৃত দুঃস্থরাই আবাস যোজনার ঘর পাবেন। শাসক নেতৃত্বের সেই আশ্বাস সত্ত্বেও বাস্তবে এমন পরিবার বাদ পড়ায় এলাকায় তীব্র প্রশ্ন উঠছে। ধূপগুড়ির বিডিও সোমনাথ হালদার জানান, ৩১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সেল্ফ ও অ্যাসিস্টেড সার্ভে মিলিয়ে ৩২ হাজারের বেশি বাড়ি সমীক্ষা করা হয়েছে। কোনো পরিবার বাদ পড়ে থাকলে তাঁর কাছে তথ্য ছিল না বলে দাবি করে বিডিও জানান, তিনি খোঁজ নিচ্ছেন, অশোক রায়কে যোগাযোগ করে অফিসে আসতে বলবেন এবং সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন।
এই ঘটনায় শাসক দল ও প্রশাসনকে তীব্র আক্রমণ শানিয়ে সিপিআই(এম) ধূপগুড়ি পশ্চিম এরিয়া কমিটির নেতৃত্ব নিরঞ্জন রায় বলেন, ‘‘শাসক বদলালেও গরিব মানুষের বঞ্চনার ছবি বদলায়নি। বরং ‘যোগ্যদের ঘর’ দেওয়ার নামে প্রচারের আড়ালে প্রকৃত বঞ্চিতদের বাদ দেওয়ার খেলা চলছে।’’ তিনি আরও অভিযোগ করেন, ব্লক প্রশাসনের ৩২ হাজার সার্ভে করার দাবির মধ্যেই প্রমাণ লুকিয়ে রয়েছে যে, কীভাবে গরিব, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও দিনমজুর পরিবার তালিকা ও সমীক্ষা থেকে ছিটকে যাচ্ছে। শুধু অফিসে ডেকে আশ্বাস দেওয়ার রাজনীতি নয়। অবিলম্বে সরেজমিনে তদন্ত করে অশোক রায়ের পরিবারকে জব কার্ড, বিদ্যুৎ সংযোগ এবং পাকা ঘরের বরাদ্দ নিশ্চিত করতে হবে, অন্যথায় সিপিআই(এম) বঞ্চিতদের পাশে দাঁড়িয়ে বৃহত্তর আন্দোলনে নামবে।
Awas Yojana Survey in Dhupguri
ছেঁড়া প্লাস্টিকের চাল, কেরোসিনের আলো তবুও আবাস সার্ভেতে বঞ্চনা!
×
Comments :0