Rally in Ramnagar

পুলিশি বাধা হটিয়ে দিল্লি অভিযান সফল করতে রামনগরে মিছিল

জেলা

পুলিশি বাধা অতিক্রম করে অবশেষে রামনগরে মিছিল এবং সভা হলো। শনিবার রামনগরের মিছিল হয় দিল্লি সংসদ অভিযান সফল করার জন্য। পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের ১৪ মাইল থেকে রামনগর বাজার পর্যন্ত দীর্ঘ পদযাত্রায় অংশ নেন ১৭ টি অঞ্চল কমিটির শ্রমিক ,কৃষক, খেতমজুর, মহিলা ,ছাত্র যুবরা। সেই মিছিলে পা মেলান পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। শ্রমিক ক্ষেত্রমজুর কৃষক তাদের দাবিগুলি স্লোগান আকারে তুলে ধরেন মিছিলে। মিছিল রামনগর বাজার পরিক্রমা করে। বাজারে সভায় সুজন চক্রবর্তী বলেন, কেন্দ্রের বিজেপি সরকার কর্পোরেট দুনিয়াকে লুট করার সুযোগ করে দিচ্ছে। ফলে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, বিজেপি সরকার শিল্পপতিদের ঋণ মুকুব করে দিচ্ছে, অথচ গরিব কৃষকদের ঋণের জালে জড়িয়ে আত্মহত্যার দিকে এগিয়ে দিচ্ছে। আদানি সহ বহু শিল্পপতি কে লোন ছাড় দিচ্ছে। আদানি কে নিয়ে মমতা ব্যানার্জি কিছুদিন ঘুরাঘুরি করছিলেন , এখন শুভেন্দু অধিকারী মাতামাতি এবং ঘোরাঘুরি করছেন। শুভেন্দু তাকে নিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে। আসলে আদানিকে দিয়ে বিদ্যুতের দাম বাড়িয়ে লাভ পাইয়ে দেবে। নির্বাচনের আগে ডবল ইঞ্জিন সরকার মানুষের বিদ্যুতের দাম কমিয়ে দেওয়ার কথা বলেছিল, বলেছিল রান্নার গ্যাস ৪০০ টাকায় দেবে। কিন্তু আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি দেখছি? দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এই সরকারের প্রতিশ্রুতি প্রতারণায় পরিণত হলো। বুলডোজারের রাজনীতি আমদানি করেছে বিজেপি, গরীবের দোকান পাট ভেঙ্গে দিচ্ছে। সেই লোকগুলো যাবে কোথায়? যদি মানুষকে বাঁচাতে হয় মোদীজি কে হটাতে হবে। আলুর দাম হঠাৎ করে ত্রিশ শতাংশ বেড়ে গেছে, সরষের তেল, চাল সবজির দাম হু হু করে বাড়ছে। সাধারণ মানুষ খাবে কি। মানুষের কাজ কি করে হবে, বেকার যুবক কবে চাকরি পাবে, তার কোন দিশা দেখাতে পারেনি বিজেপির সরকার। এর জন্য বামপন্থীদের সাথে লড়াইতে সামিল হওয়ার আহ্বান জানান সুজন চক্রবর্তী। 

Comments :0

Login to leave a comment