এসআইআর পর্বে ভোটার তালিকা সংশোধনের কাজে পুলিশ প্রশাসনের অবাঞ্ছিত হস্তক্ষেপ বন্ধ, ডিলিট হওয়া এবং বিচারাধীন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশি তৎপরতা বন্ধের দাবিতে শনিবার জলপাইগুড়ির পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিল সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা কমিটি।
ডেপুটেশনে অভিযোগ জানানো হয়, ভোটার তালিকায় নাম সংযোজন, সংশোধন ও বিয়োজনের সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের। বুথ স্তর থেকে এই কাজের জন্য বিএলও-রা নিযুক্ত রয়েছেন। অথচ, এসআইআর প্রক্রিয়ায় হঠাৎ করে পুলিশ প্রশাসনকে যুক্ত করা হচ্ছে। ডিলিট হওয়া ও বিচারাধীন ভোটারদের বাড়িতে গিয়ে নথি চাওয়া, কোথাও শিবির করা, এমনকি থানা থেকে ফোন করে নথি চাওয়ার মতো ঘটনা ঘটছে। এই ধরনের পদক্ষেপ আইনবিরোধী এবং সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করছে বলে ডেপুটেশনে উল্লেখ করা হয়। বৈধ ভোটারদের ভোটাধিকার সুনিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের, পুলিশ প্রশাসনের নয় বলেও জানানো হয়।
সিপিআই( এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র বলেন, ভোটার তালিকা সংক্রান্ত কাজে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে পুলিশ প্রশাসনের এই হস্তক্ষেপ অনুচিত। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ যথাযথ ভূমিকা গ্রহণ করতে পারছে না তাদের দিয়ে নির্বাচনের কাজ করানো কোনওভাবেই কাম্য নয়। বৈধ ভোটারদের ভোটাধিকার রক্ষা করতে হবে নাম না তোলা পর্যন্ত লড়াই চলবে কোনভাবেই ভয় দেখিয়ে বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। পুলিশকে এই কাজ থেকে বিরত থাকার দাবি জানানো হয়েছে।
ডেপুটেশন প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য, প্রদীপ দে, শ্রমিক নেতা কৃষ্ণ সেন, ছাত্রনেতা অরিন্দম ঘোষ, যুব নেতা বেদব্রত ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
CPI(M) submits a deputation to the SP
বাদ পড়া ভোটারদের বাড়িতে কেন পুলিশ, পুলিশ সুপারের কাছে ডেপুটেশন সিপিআই(এম)'র
ভোটার তালিকার কাজে পুলিশি হস্তক্ষেপ বন্ধের দাবিতে এসপিকে ডেপুটেশন সিপিআই(এম)।
×
Comments :0