CITU Press Conference for parliament march

এরাজ্য থেকে দশ হাজার শ্রমিক যোগ দিচ্ছেন সংসদ ভবন অভিযানে

রাজ্য

সিআইটিইউ’র ডাকে ১-৩ ডিসেম্বর সংসদ ভবন অভিযানে এরাজ্য থেকে দশ হাজার শ্রমিক কর্মচারি অংশ নিতে চলেছে বলে জানালো রাজ্য সিআইটিইউ নেতৃত্ব। শনিবার শ্রমিক ভবনে সাংবাদিক সম্মেলনে সিআইটিইউ পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক জিয়াউল আলম বলেন, ‘এরাজ্য থেকে বিভিন্ন ক্ষেত্রের সাথে যুক্ত দশ হাজার শ্রমিক এবং কর্মচারি সংসদ ভবন অভিযানে যোগদান করবে। এরাজ্যের পরিযায়ী শ্রমিকরাও সংসদ ভবন অভিযানে যোগদান করবেন। কোন বাধা আটকাতে পারবে না।’
তিনি বলেন, ‘সারা রাজ্য জুড়ে দিল্লি চলো প্রচার চলছে। যে কোন জীবিকার মানুষের ওপর চরম দমন পীড়ন নামিয়ে আনা হচ্ছে। শ্রমিকদের ধর্ণা নিষিদ্ধ করা হচ্ছে। ইউএপিএ আইনের কায়দায় দমন করা হচ্ছে। শ্রমকোড চালু করে কর্পোরেটদের সরকার সাহায্য সহযোগিতা করছে। সরকারের নির্ধারিত নীতি চার শতাংশ মূল্যবৃদ্ধি মেনে নেবে। বহু ক্ষেত্রে মূল্যবৃদ্ধি ১২-১৪ শতাংশের ঘরে।’
তিনি বলেন, ‘রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশ দিয়ে শ্রমিকদের ভয় দেখানো হচ্ছে। চাপ দেওয়া হচ্ছে সংসদ ভবনে অভিযানে না যাওয়ার জন্য। এই সব করে কোন ভাবে সিআইটিইউকে আটকে রাকা যাবে না।’
জিয়াউল আলম বলেন, ‘আমাদের সুনির্দিষ্ট কথা দেশের যেই আইন নিয়ম তার ভিত্তিতে একজন মানুষের নূন্যতম বেতন হতে হবে ৪২ হাজার টাকা। স্থায়ী পদ খালি চুক্তি ভিত্তিক নিয়োগ করা হচ্ছে। চাকরির কোন নিশ্চয়তা নেই। আমরা চাই স্থায়ী চাকরি। রাষ্ট্রায়াত্ব সংস্থাকে কোন ভাবে বেসরকারি ক্ষেত্রের হাতে তুলে দেওয়া মানা হবে না।’ 
তিনি বলেন, শ্রমকোড চালু করে কর্পোরেটদের সুবিধা করে দিয়েছে মোদী সরকার। দেশ জুড়ে শ্রমিকদের ওপর প্রাচীনকালের শোষণ করছে। 
সম্প্রতি মুখ্যমন্ত্রী সিআইটিইউকে নিশানা করে বলেছেন কারখানায় কোন ভাবে আন্দোলন করতে দেওয়া হবে না। এই নিয়ে সিআইটিইউ রাজ্য সাধারণ সম্পাদককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘উনি মালিকদের বলুক সরকার কারখানা লক আউট মানবে না । উনি কে বলার শ্রমিকরা আন্দোলন করবে না। মালিক যদি শ্রমিদের ন্যায্য অধিকার না মানে তাহলে তো আন্দোলন হবে। কেউ আটকাতে পারবে না।’ জিয়াউল আলম বলেন, ‘পাঠ কোলে শ্রমিকদের কাজ নেই। তাদের ওপর যেমন খুশি চাপ বাড়ানো হচ্ছে। তাঁত শিল্পকে বাঁচানোর জন্য কোন চেষ্টা করা হয়নি। মুখ্যমন্ত্রী এই নিয়ে কোন কথা বলছে না।’ 
তিনি আরও বলেন, হাইকোর্ট কাল জানিয়েছে পুনর্বাসন ছাড়া কোন হকার উচ্ছেদ করা যাবে না। ১০ আগস্ট জেল ভরো আন্দোলন হয়েছে, এই রাজ্যের সরকার সেটা থামাতে সক্রিয় ছিল। কোন ভাবে লালঝান্ডাকে আটকে রাখা যাবে না। সিআইটিইউ নেতৃত্ব জানিয়েছে যেখানে আটকানো হবে সেখানে বসেই চলবে বিক্ষোভ।
সিআইটিইউ রাজ্য সভাপতি অনাদি সাহু বলেন, ‘সংসদের অধিবেশন চলাকালীন এই আন্দোলন। ওরা বলেছিল বছরে দু কোটি চাকরি, শ্রমিক কর্মচারীদের মজুরি বাড়বে। কিন্তু হয়নি। এখন মোদী নিজে শিল্পপতিদের অনুষ্ঠানে বলছে কেন মজুরি বাড়ছে না কেন নতুন শিল্প হচ্ছেনা। আগে এই কথা আমরা বলতাম। সরকারকে নূন্যতম বেতন মজুরি ফিরিয়ে আনতে হবে। মালিকরা মজুরি বাড়াবে না।’

Comments :0

Login to leave a comment