SRFTI

পুলিশের সঙ্গে মুখ ঢেকে বাইরের লোক, এসআরএফটিআই ক্যাম্পাসে ১৪৪!

রাজ্য কলকাতা

এসআরএফটিআই’র গেটে পোস্টার।

কেবল পুলিশ নয় ক্যাম্পাসে গিয়েছে বাইরের লোকও। তাদের মুখ ঢাকা ছিল। পরনে ছিল না পুলিশের পোশাক। পুলিশ আর বহিরাগতদের প্রায় ১৫০ জনের বাহিনী ধরনা মঞ্চ থেকে ছাত্রছাত্রীদের তুলে দিল। চলল মারধর। 
এখানেও শেষ নয়, ক্যাম্পাসের ভেতরে ছাত্রদের জমায়েত আটকাতে জারি করা হলো ১৪৪ ধারা। যা এখন ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩(২) ধারা। 
শনিবার, ২৮ নভেম্বর, সকালে এমনই বেপরোয়া কান্ড চলল কলকাতা কেন্দ্রীয় প্রতিষ্ঠান সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এসআরএফটিআই-তে। শনিবার, ২৮ নভেম্বরের এই ঘটনায় পুলিশ জানিয়েছে প্রতিষ্ঠানের আবেদনের ক্যাম্পাসে ঢুকেছে বাহিনী। অর্থাৎ নিজেরই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে পুলিশকে ডেকে এনেছেন উপাচার্য। 
নয়া ফ্যাসিবাদের চেহারা ফের বেআব্রু হয়েছে এসআরএফটিআই-তে। গণতান্ত্রিক প্রতিবাদ পুলিশ আর বহিরাগত দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে। ধরনা মঞ্চ থেকে নিয়ে যাওয়া হয়েছে ছাত্রছাত্রীদের বই, ল্যাপটপ, মোবাইল, এমনকি ক্যারম বোর্ডও।
এসআরএফটিআই’র ছাত্র রক্তিম জানিয়েছেন যে দু’মাস ধরে প্রতিবাদ চলছিলই। গতকাল প্রতিবাদ হয় একদল গার্ড ছাত্রীদের পিছু নিতে থাকায়। তাঁর অভিযোগ, বাথরুম পর্যন্ত ছাত্রীদের ধাওয়া করছিল এই রক্ষীরা।
ঘটনার তীব্র প্রতিবাদ করেছে এসএফআই। সংগঠনের রাজ্য সম্পাদক দেবাজ্ঞ্জন দে বলেছেন, বাংলার ক্যাম্পাস পুলিশের মুক্তাঞ্চল নয়। ক্যাম্পাসে বিজেপি দাদাগিরি করতে না পারলে পুলিশকে পাঠিয়ে দাদাগিরি করছে। এটা চলবে না। গোটা বাংলার মানুষ পাশে রয়েছে। 
তিনি বলেন, খাওয়া, হস্টেল সব বন্ধ। উপাচার্য আরএসএস’র পুতুল হয়ে ছাত্রদের বিরুদ্ধে চলছেন। ৬ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে বেআইনিভাবে। কারণ তারা ক্যাম্পাসে নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলেছেন। 
গত ২৭ সেপ্টেম্বর আরএসএস’র শাখা সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদের ওপর হামলা হয়। জখম হন ছাত্রছাত্রীরা। ফের ৪ অক্টোবর গেটের সামনে জড়ো হয় আরএসএস-বিজেপি’র অনুগামী আরেক বাহিনী। ভেতরে ছাত্রছাত্রীরা তীব্র প্রতিবাদ জানাতে থাকে। ক্যাম্পাসে হামলায় অভিযুক্ত কাউকে ধরেনি পুলিশ। কেন্দ্রীয় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ সক্রিয়ও হননি। উলটে প্রতিবাদী ছাত্রদের ৮ জনকে বহিষ্কার করা হয়েছে।  
এসআরএফটিআই’র ছাত্রী অনামিকা বলেন, ১৩০-৪০ পুলিশের সঙ্গে ৩০-৪০ জন বাইরের লোক ছিল। তাদের মুখ ঢাকা ছিল। ধরনা মঞ্চে ছাত্রছাত্রীরা শুয়ে ছিলেন। তাঁদের হটিয়ে ধরনা মঞ্চ ভেঙে দেয়। ল্যাপটপ, বই, মোবাইল- যেখানে যা ছিল, সব তুলে নিয়ে যায় পুলিশ। 
পুলিশ যখন ম্যাটাডোরে করে সব সরঞ্জাম নিয়ে যাচ্ছিল ছাত্রছাত্রীরা বাধা দেন। সে সময় রীতিমতো মারধর করা হয়েছে। একাধিক ছাত্রছাত্রী আহত হন। 
অনামিকা বলেন, পুলিশের এমন জুলুম যে পড়ুয়াদের ক্যারম বোর্ডও নিয়ে চলে গিয়েছে। সে সময় যে ছাত্রছাত্রীরা বাইরে ছিল তাদের ক্যাম্পাসের গেটে আটকে দেওয়া হয়।
আরেক ছাত্র সপ্তর্ষি জানিয়েছেন, তাঁদের বইপত্র, কারও কারও ওষুধপত্র ভেতরে ছিল, সে সবও আনতে দেওয়া হয়নি। যাঁরা হস্টেলে ছিলেন তাঁদের বেরতে দেওয়া হয়নি। এমনই ভয়াবহ অবস্থা। এমনকি ছাত্রদের জন্য খাবার নিয়ে আসা ডেলিভারি বয়-কেও আটকে দেওয়া হয়েছে। খাবার নেই, জল নেই, হস্টেল ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে সমানে।  
এসআরএফটিআই’র ছাত্রছাত্রীদের পাশে রয়েছে এসএফআই সহ দেশের বিভিন্ন সংগঠন। দেশজুড়ে এই প্রতিষ্ঠানে হামলার বিরুদ্ধে প্রতিবাদও হয়েছে। ক’দিন আগে কলকাতার মেডিক্যাল কলেজেও দেখা গিয়েছে যে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর বহিরাগতদের হামলা। আরএসএস-বিজেপি’র বাহিনীর কাউকে ধরা হয়নি। উলটে প্রতিবাদী ছাত্রদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় পুলিশ। 
কেন্দ্রে বিজেপি আসীন হওয়ার পর থেকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চলছে এমন হামলা। চলছে প্রতিবাদও।

Comments :0

Login to leave a comment