Peru Helicopter Crash

পেরুতে হেলিকপটার ভেঙে ৮ সেনার মৃত্যু

আন্তর্জাতিক

পেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে ৮ সেনার মৃত্যু হয়েছে। ঘটনায় পাইলট গুরুতর আহত হয়েছেন। পেরুর প্রতিরক্ষা মন্ত্রক শুক্রবার এই দুর্ঘটনার কথা ঘোষণা করে জানিয়েছে, হেলিকপ্টারটি একটি দুর্গম নদী উপত্যকায় ভেঙে পড়েছে। দুর্গম ভূখণ্ডে উদ্ধার অভিযান চলাকালে হেলিকপ্টারটি ভেঙে পড়ে।
প্রতিরক্ষা মন্ত্রকের জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, অনুসন্ধান ও উদ্ধারকারী দল ভেঙে পড়া হেলিকপ্টার এবং নয়জন সামরিক কর্মীকে খুঁজে পেয়েছে। হেলিকপ্টারটি খুঁজে পাওয়ার পর, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং পাইলটকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, নিহত আটজনের মধ্যে পাঁচজন বিমান বাহিনীর এবং তিনজন সেনাবাহিনীর সদস্য ছিলেন। দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলট এনজো এসপিনোজা রোক বেঁচে গিয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য লিমায় নিয়ে যাওয়া হয়েছে। 
আয়াকুচো অঞ্চলের প্রত্যন্ত সানাবাম্বা এলাকা থেকে তিন সৈন্যকে উদ্ধার করার পর বৃহস্পতিবার রাতে হেলিকপ্টারটি নিখোঁজ হয়। সৈন্যদের উদ্ধারের প্রয়োজনীয়তা কী ছিল তা প্রকাশ করা হয়নি।

Comments :0

Login to leave a comment