AIKS PROTEST

কৃষকনেতা সহ আন্দোলনকারীদের উপর বিজেপি’র হামলার প্রতিবাদ রাজ্যজুড়ে

রাজ্য

কৃষকদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন হাজার হাজার খেতমজুর এবং কৃষক। বৃহস্পতিবার বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণে বর্ধমানে গুরুতর আহত হয়েছেন সংযুক্ত কিষান মোর্চার পশ্চিমবঙ্গ শাখার যুগ্ম আহ্বায়ক অমল হালদার। রাজ্যের বিভিন্ন জেলায় কৃষকদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার বর্ধমান শহরেও প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছিলেন বহু সাধারণ মানুষ। 
এদিন বর্ধমানে শহরে হামলার ঘটনা না ঘটলেও ভাতারের বলগোলা বাজারে কৃষকদের মিছিলের ওপর আক্রমণ চালিয়েছে বিজেপি’র সমর্থকরা। এই ঘটনায় ইটের আঘাতে আহত হয়েছেন ১০ জন। তাঁদের প্রথমে ভাতার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ওই স্বাস্থ্যকেন্দ্রেও হামলা চালায় কিছু দুষ্কৃতী। শেষ পর্যন্ত আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতলে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের আঘাত গুরুতর। 
রাজ্যে কৃষকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে প্রাদেশিক কৃষকসভার সভাপতি মেঘনাদ ভুঁইয়া এবং সম্পাদক পরেশ পাল এক বিবৃতিতে বলেছেন, প্রাদেশিক কৃষকসভার ডাকে এদিন রাজ্যের উত্তর এবং দক্ষিণের প্রতিটি জেলার অসংখ্য স্থানে, ব্লকে ব্লকে বিক্ষোভ মিছিল সহ প্রতিবাদে শামিল হয়েছে কৃষক সহ সমাজের অন্যান্য অংশের মানুষ। প্রতিবাদে অংশ নেওয়ায় প্রাদেশিক কৃষকসভা অভিনন্দন জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দেশের শিল্প এবং কৃষি লুটেরা কর্পোরেটের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে, কৃষক, শ্রমজীবীসহ জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলির সমাধানের দাবিতে এবং বিজেপি’র ফ্যাসিস্ত সুলভ হামলার বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার লড়াই আগামীদিনে আরও তীব্র হবে। তাঁরা বলেন, কৃষকনেতা অমল হালদার সহ অন্যন্য কর্মীদের উপর বিজেপি দূষ্কৃতীদের ওপর  নৃশংস হামলার প্রতিবাদে, নদীয়ায় পলাশীতে সংযুক্ত কিষান মোর্চার মিছিলে বিজেপি হামলা চালায়। পরে তাদের মিথ্যা অভিযোগে কৃষকনেতা জিন্নাত আলি, শ্রমিকনেতা দেবাশিস আচার্য সহ ৪ জনকে পুলিশের গ্রেপ্তার করে। এর প্রতিবাদে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে এই বিবৃতিতে। 
এদিন পশ্চিম  মেদিনীপুর জেলার দাসপুরের সোনামুই, সোনাখালি, ডেবরার আষাড়ি ও বালিচক, দাঁতন, জাহালদা, মোহনপুর, কেশিয়াড়ি, গোপালিতে  বিক্ষোভ মিছিল সহ প্রতিবাদসভা হয়। অমল হালদারের ওপর দুষ্কৃতীদের আক্রমণের প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার মুগবেড়িয়ায় মিছিল এবং পথসভা হয়।  মাধবডিহিতে বিরাট মিছিল হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সিপিআই(এম) রায়না পশ্চিম এরিয়া কমিটি প্রতিবাদ মিছিল সংগঠিত করে পহলানপুরে পরিক্রমা করা হয়। কৃষকসভা নলহাটি-১ ব্লক কমিটির উদ্যোগে এর প্রতিবাদে সারা শহর মিছিল পরিক্রমা করে একটি প্রতিবাদসভা হয়। সেখানে বক্তব্য রাখেন, কৃষকনেতা প্রশান্ত, চন্দ্রকান্ত মাল ও সঞ্জীব দাস প্রমুখ। হাওড়া জেলাতেও প্রতিবাদসভা, মিছিল হয়েছে। জেলার শ্যামপুর ১ ব্লক, শ্যামপুর ১ ব্লক, উলুবেড়িয়া ১ ও ২ ব্লক, বাগনান ১ ব্লক, পাঁচলা ব্লক, উদয়নারায়ণপুর ব্লক, আমতা ১নং ব্লক, আমতা ২ন ব্লকে বিক্ষোভ মিছিল ও সভা হয়। বিজেপি’র হামলার প্রতিবাদে এদিন কলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়। এদিন সংযুক্ত কিষান মোর্চা পশ্চিমবঙ্গ শাখার ডাকে এদিনের মিছিলের সামনের সারিতে ছিলেন, কার্তিক পাল, শংকর ঘোষ, অভীক সাহা, গোপাল বিশ্বাস, বাসুদেব বোস, সুভাষ নস্কর, ফরিদ মোল্লা প্রমুখ। এদিন নবান্নে কৃষি মন্ত্রীর কাছে ডেপুটেশন কর্মসূচিও ছিল। কিন্তু প্রতিনিধিরা যাওয়ার সময় পুলিশ জানায় মন্ত্রী ও আধিকারিক উপস্থিত নেই। তাই মেল করে ডেপুটেশন মন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।

Comments :0

Login to leave a comment