স্রেফ গাছ লুট করে নিয়ে যাওয়ার জন্য গভীর জঙ্গলের মাঝে তৈরী করা হয়েছিল একটি রাস্তা। সেই রাস্তা দিয়ে এখন ট্রাকে করে প্রতিদিন রানীবাঁধের ১২ মাইল জঙ্গল থেকে নির্বিচারে গাছ লুট করে নিয়ে যাওয়া হচ্ছে। আবার ঘটনা হল যে কেবল এই একটি রাস্তাই নয়, রানীবাঁধের সুতানের গভীর জঙ্গল এলাকার চারপাশে এরকম অসংখ্য রাস্তা তৈরী করা হয়েছে যে রাস্তা দিয়ে সচরাচর মানুষকে যাতায়াত করতে দেখা না গেলেও ভারি ট্রাকের গর্জন শোনা যায় দিনে দুপুরে। সেই ট্রাকের ভেতরে থাকে দামী শাল, সেগুন গাছ। রানীবাঁধের মানুষের কথায় যে হারে রানীবাঁধের জঙ্গল কাটা হচ্ছে তাতে অচিরেই ‘জঙ্গলমহল’ এই নামটা অদৃশ্য হয়ে যাবে রানীবাঁধ থেকে।
ঘটনা হল বাংলার জঙ্গলমহলের মধ্যে বাঁকুড়ার রানীবাঁধের এই বারমাইল জঙ্গল একেবারে গভীর। বিস্তৃর্ণ এলাকাজুড়ে এর বিস্তার। জঙ্গলপথে ৫-১০ কিলোমিটার দুরে মানুষের বাস। বেশিরভাগই আদিবাসী মানুষজনের বাস। বামফ্রন্ট সরকারের সময় এই জঙ্গলকে রক্ষা করার জন্য তৈরী করা হয়েছিল বনরক্ষা কমিটি। মানুষজন পরিবারের সন্তানের মতো জঙ্গলকে রক্ষা করতেন। নিয়মিত মিটিং করে তাঁরা জঙ্গলের ভালমন্দ ব্যাখ্যা করতেন বনদপ্তরের কাছে। জঙ্গলের গাছ কাটা হলে তাঁরা ২৫ শতাংশ টাকা পেতেন। বাড়তি পাওনা হিসাবে জঙ্গলের পাতা, ডালপালা তাঁরা সংগ্রহ করতেন। আর ল্যামপস সক্রিয় থাকার জন্য কেন্দুপাতা সংগ্রহ, বাবুই চাষ, শালবীজ সংগ্রহ এসব হত জঙ্গলে। মানুষের যাতায়াত ছিল গভীর জঙ্গলের মাঝেও। কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বনরক্ষা কমিটি গুলি কাগজে কলমে থাকলেও তাঁদের কোন কাজ ছিলনা। তৃণমূলের নেতারাই এগুলো নিয়ন্ত্রন করত। চুরি শুরু হয় সেই সময় থেকেই। এই গাছ চুরির জন্যই তৈরী করা হয় জঙ্গলের মাঝে রাস্তা। কেউ এর খোঁজও নেয়নি। কারন এই রাস্তাগুলো দিয়ে তো মানুষ যাতায়াত করেননা।
এরকমই একটি রাস্তা দেখা গেল শনিবার রানীবাঁধ থেকে বারিকুল যাওয়ার পথে দুবরাজপুর – পুনস্যা রাস্তার রাস্তার পাশে। ভয়ঙ্কর গভীর এই জঙ্গল। এই জঙ্গলের মাঝেই ওয়াংখানা গ্রাম যাওয়ার রাস্তার মাঝেই একটি মাটির রাস্তা তৈরী করা হয়েছে। সেই রাস্তা জুড়ে রয়েছে ট্রাকের চাকার দাগ। সেই দাগ ধরে এগিয়ে যাওয়ার পর দেখা মিলল অসংখ্য কাটা শালগাছ। জঙ্গলের মাঝেই পড়ে আছে এই সব গাছ।
স্থানীয় এক পথচারিকে জিজ্ঞাসা করলে তিনি জানান, আমরা তো এই রাস্তা দিয়ে পারাপার করিনা সচরাচর। তবে ট্রাকের আওয়াজ পাই। সেটা পিচরাস্তা দিয়ে ট্রাক যাচ্ছে নাকি এখান দিয়ে সেটা বুঝতে পারিনা। কারন জঙ্গল এতটাই নিঃস্তব্ধ যে বহু দুরের আওয়াজও এখানে আসে। তিনি জানান, শুনেছি জঙ্গল থেকে গাছ কাটা হচ্ছে।
বিশ্বস্তসূত্রে জানা গেছে যে প্রায়ই এই জায়গা থেকে গাছ কাটা হচ্ছে। সেই গাছ নিয়ে যাচ্ছে ট্রাকে করে। জমা হচ্ছে রানীবাঁধের কিছু ডিপোতে। বনদপ্তর জানেনা। এক বনকর্মী জানান, আমাদের লোকজনের অভাব। কি করে এত বড় জঙ্গল আমরা পাহারা দেব? বনরক্ষা কমিটির কাজ প্রসঙ্গে তিনি নিরব । এলাকার মানুষজন জানান, তৃণমূলের সময় যাঁরা এই জঙ্গল লুটের সঙ্গে জড়িত ছিল তাঁরাই এখন লুট করছে। মানুষের বক্তব্য এরা এখন পদ্মফুলের সঙ্গে হাত মিলিয়েছে। জঙ্গলের মাঝে সরকারি টাকায় তৈরী করা রাস্তা দিয়ে চলছে জঙ্গল সাফ করে গাছ লুট।
Junglemahal of Bankura
সরকারি টাকায় জঙ্গলের মাঝে তৈরি রাস্তা, অবাধ গাছ লুটের জেরে বিলুপ্তির পথে বাঁকুড়ার জঙ্গলমহল
জঙ্গল থেকে কাটা গাছ পড়ে আছে জঙ্গলের মাঝেই।
×
Comments :0