নতুনপাতা
পার্বণ ১৪৩৩
গল্প : ঠ্যাংকা
সৌরীশ মিশ্র
২৮ নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ
দুগ্গাপ্রতিমার নিরঞ্জন। সন্ধ্যা থেকে ঠ্যাংকা নেচেছে খুব। কাকীমা, কাকা,দাদু,ঠাকুমা কেউ কিছু বলেনি।গাঁয়ের দুগ্গামন্দির থেকে পীচরাস্তা দিয়ে শোভাযাত্রা করে গ্রামবাসীরা নিয়ে গেল প্রতিমা ।একটুখানি গিয়ে বড়ো এক পুকুরে হল প্রতিমা নিরঞ্জন।
দল বেঁধে ফিরে এল ঠ্যাংকা বাবা-মায়ের সঙ্গে। দাদু বলেছিল, "দুগ্গাপ্রতিমা নিরঞ্জন করে বাড়িতে ফিরে সকলের আশীর্বাদ নিতে হয়।গুরুজনদের প্রণাম করতে হয়।"ঠ্যাংকা বাড়িতে প্রবেশ করে প্রণাম করতে শুরু করল। আশীর্বাদ তার চাই।
প্রথমে প্রণাম করল দাদুকে। দাদু আদর করে জড়িয়ে ধরে বলল,"সারাজীবন সুখে থাক।" তারপর সে গেল ঠাকুমার কাছে।দুই পায়ে হাত দিয়ে বলল, "দাও কি আশীর্বাদ দেবে!"ঠাকুমা হেসে বলল, "বেশ বেশ, খুব ভাল কথা। সারাজীবন বড়ো তিনতলা পাথর-বসানো বাড়িতে বাস করবে। "
.নাতি হেসে বলল,"আমাদের মাটির ঘর বাড়ি তিনতলা পাথর বসানো হয়ে যাবে।তাহলে আর কি চাই !" বাবা বলল, "চাই, চাই। আগে প্রণাম কর।তারপর বলছি।" ছেলে প্রণাম করল। বাবা বলল,"শুধু বাড়ি হলে হবে।আমি আশীর্বাদ করছি তোর জীবনে একটা দামী গাড়ি হবে।" ছেলে খুশি।তার গাড়ি চাপার ইচ্ছেটা অনেক দিনের।গ্রামে বেশ কয়েকজনের গাড়ি আছে বঠে, কিন্তু কোন চারচাকা গাড়িতে সে চাপেনি।আনন্দে নাচতে নাচতে সে গেল মায়ের কাছে।যেন বাড়ি, গাড়ি,সুখ,সব ,সে পেয়েই গেছে।মা বলল, "সারাজীবন তুই অনেক অনেক টাকা পাবি।"
"ভারি মজা হবে,"-বলে লাফাতে লাফাতে সে গেল কাকা-কাকীমার কাছে।কাকা-কাকীমা দু'জনে একসঙ্গে তাকে কোলে তুলে নিয়ে বলল ,"সবই তো তুই পেয়ে গেছিস। গাড়ি,বাড়ি,টাকা অনেক হবে। আর কি বা বাকি আছে।ও আচ্ছা ! সোনাদানা ।আমরা বলছি,সারাজীবনে তুই অনেক অনেক সোনাদানা পাবি।
আর পায় কে!ঠ্যাংকা মায়ের কাছ থেকে যতগুলো পারে নারকেল নাড়ু নিয়ে এক লাফে উঠে পড়ে বিছানায় ।বিছানায় বসে আরাম করে খেতে খেতে একটা ভাবনা এল মাথায়।সারাজীবন গাড়ি,বাড়ি,টাকা,সোনাদানা, সুখ সব তো হবে।কিন্তু জীবনটা ক'দিনের,ক'বছরের তা তো কেউ বলেনি।বিছানা থেকে নেমে চিৎকার শুরু করে,"বাবা,মা,কাকীমা,দাদু, ঠাকুমা সব্বাই শোন একবার। " সবাই ছুটে আসে।পাগলা ছেলের আবার কি হল!ঠ্যাংকাকে ঘিরে ধরল সবাই। বলল,"কি হয়েছে বল।"
ঠ্যাংকা বলল, "তোমরা তো বেশ। বাড়ি,গাড়ি,টাকা,সারাজীবন সুখ তো সবাই দিলে,কিন্তু সারাজীবনটা ক'দিনের, ক'বছরের তা তো বললে না ।"
সকলে কপালে হাত দিয়ে চেঁচিয়ে ওঠে,"আঁ ,তাই নাকি!"
Comments :0