Bangladesh Arrest

জেল থেকেই সন্তানকে শেষ দেখা মায়ের, বাংলাদেশে উপচে পড়ছে কারাগার

আন্তর্জাতিক

বাংলাদেশজুড়ে আওয়ামি লিগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারি চলছে। জেলের ধারণক্ষমতা ছাড়িয়ে যাচ্ছে বন্দির সংখ্যা। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চড়া। 
দেশের সাতটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র ১০৮ প্লাটুন সদস্য মোতায়েন করেছে বিএনপি সরকার। এর মধ্যে শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জেই মোতায়েন করা হয়েছে সর্বোচ্চ ৫৬ প্লাটুন। 
অভিযান অব্যাহত থাকায় কারাগারগুলোতে বন্দির চাপ ভয়াবহ আকার ধারণ করেছে। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত দেশের ৬৮টি কারাগারে ধারণক্ষমতা ৪৫ হাজার ১৮৬ জন। কিন্তু বন্দি ছিলেন ১ লক্ষ ১৬ হাজার ৯৫৬ জন। যার অর্থ, ধারণক্ষমতার প্রায় ২.৬ গুণ বন্দি রাখা হয়েছে। 
ঢাকা মহানগরীতে ১৫ নভেম্বর ২৪ ঘণ্টায় ৪৭৮ এবং ২৭ নভেম্বর ৫১৭ জন গ্রেফতার হন। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগারগুলোতেও বাড়ছে চাপ। এতে আবাসন, চিকিৎসা, স্যানিটেশন ও নিরাপত্তা নিয়ে মানবিক সংকটের আশঙ্কা বাড়ছে।
এর মধ্যে জেলে বন্দি আওয়ামি লিগের এক সমর্থকের কিশোর সন্তানের মৃত্যু হয়। জেলে মাত্র কয়েক ঘন্টার জন্য পুত্রের শবদেহ আনা হয়। এই ঘটনা নিয়ে বাংলাদেশ জুড়ে চাঞ্চল্য তীব্র।  
গত তিন অক্টোবর রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আওয়ামি লিগের ওই সমর্থক শারমিন সুলতানাকে (৪৪) গ্রেপ্তার করে লালবাগ থানা পুলিশ। পুলিশ জানায়, শারমিন সুলতানা ছাত্র লিগের ইডেন মহিলা কলেজ শাখার প্রাক্তন সাংগঠনিক সম্পাদক। এদিকে তাঁর সন্তান নিসর্গ হোসেন তূর্য (১৫) গত শুক্রবার রাত এগারোটার দিকে  মারা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিসর্গের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। প্যারোলে মুক্তি না মেলায় শনিবার দুপুর ১২ টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফাটকে ছেলে নিসর্গ হোসেন তূর্যের মরদেহ নিয়ে গিয়ে মা-কে শেষবারের মতো দেখানো হয়। এরকম অমানবিক ঘটনা বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছে। 
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রাক্তন সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ‘গণশক্তি’-র প্রতিনিধিকে বলেন, "এরকম অমানবিক ঘটনা এই সরকারের সময় যেভাবে ঘটে চলেছে তা প্রতিটি মানুষের মনে আঘাত হেনেছে।’’ তিনি বলেন, ‘‘১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী যেরকম অত্যাচার করেছিল বাঙালির উপর,  বাংলাদেশের মানুষের উপর, তাকেও এখনকার পরিস্থিতি হার মানিয়েছে!‘‘ বিশেষ চাহিদাসম্পন্ন এই কিশোর নিসর্গ হোসেন তূর্যর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি এই শারমিনের জামিনের আবেদন জানালেও তা হয়নি।
এদিকে বিজিবি’র দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পরিস্থিতির অবনতি হলে দ্রুত মোতায়েনের জন্য আরও চার প্লাটুন বিজিবি ‘স্ট্যান্ডবাই’ রাখা হয়েছে।
সরকারি স্তর থেকে জানানো হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর এবং হিংসার আশঙ্কা তৈরি হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 
আইনশৃঙ্খলা রক্ষায় নিযুক্ত বিভিন্ন বাহিনীর আশঙ্কা, রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে সরকারি ভবন ও পরিকাঠামোর ওপর নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে।

Comments :0

Login to leave a comment