MUKTADHARA | PARBAN 1433 | JOURNEY | BANGALIR EUROPNAMA | SUPRATIK BANIK | 28 NOVEMBER 2026 | 4th YEAR

মুক্তধারা | পার্বণ ১৪৩৩ | ভ্রমণ | বাঙালির ইউরোপনামা | সুপ্রতিক বণিক | ২৮ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  PARBAN 1433  JOURNEY  BANGALIR EUROPNAMA  SUPRATIK BANIK  28 NOVEMBER 2026  4th YEAR

মুক্তধারা

পার্বণ ১৪৩৩

ভ্রমণ : বাঙালির ইউরোপনামা 

সুপ্রতিক বণিক

২৮ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

এলো শীতের রুক্ষ শুষ্ক দিন 
প্রিয় ত্বকের যত্ন নিতে...

 

এক জোড়া ইউরোপীয়ের কাছে সাহায্য চেয়ে যে অভিজ্ঞতা হল, তা দেখে মনে হয়েছিল—ইউরোপের ট্রেন যতই সময় মেনে চলুক, মানুষের সৌজন্য সব সময় সময়মতো পৌঁছয় না! আর বুদাপেস্টে পৌঁছে ১ ডিগ্রি ঠান্ডায় প্রায় বিকিনি পরা অবস্থায় নারী-পুরুষের একসঙ্গে গরম জলের পুলে নেমে পড়া দেখে মনে হল, এ কোন দেশে এলাম মশাই!
ভিয়েনা থেকে বুদাপেস্ট। ইউরোপের ট্রেনযাত্রা নিয়ে কত গল্প শুনেছি, এবার নিজের চোখে দেখার পালা। প্রথমবার ইউরোপের রেলস্টেশনে ঢুকে মনে হল, এ যেন একটা আলাদা শহর। পরিচ্ছন্ন, সুসংগঠিত, নির্দিষ্ট প্ল্যাটফর্ম, পরিষ্কার নির্দেশিকা। সব কিছুই যেন নিখুঁতভাবে সাজানো। শুধু আমাদের মতো নতুন পর্যটকদের জন্য সিঁড়ি, লিফট আর প্ল্যাটফর্ম খুঁজে পাওয়ার ব্যাপারটা একটু গোলমেলে।আর প্লাটফর্ম এ যেতে আপনার হাত এ যতই মালপত্র থাকুক আপনাকে সিঁড়ি দিয়েই যেতে হবে ,বড় অদ্ভুত ব্যাপারটা ।
তার মধ্যেই এক জোড়া ইউরোপীয় মানুষের কাছে সাহায্য চাওয়ার অভিজ্ঞতা। তাঁরা সাহায্য করলেন না। পরে আবার আমাদের পাশেই বসে হাসিমুখে কথা বললেন। ঘটনাটা ঠিক কী ছিল, জানি না। তবে সেই মুহূর্তে খানিকটা বাছবিচার করে ব্যবহার করার অনুভূতি হয়েছিল। বিদেশের মাটিতে এমন অভিজ্ঞতা একটু অস্বস্তিকরই।
যাই হোক, ট্রেন ছাড়ল। জানলার বাইরে একের পর এক সবুজ প্রান্তর, ছোট ছোট জনপদ, দূরের পাহাড় আর প্রকৃতির অপূর্ব দৃশ্য। ট্রেনের ছন্দে ইউরোপ যেন নিজেই একটা সিনেমা হয়ে উঠেছিল।
বুদাপেস্টে নেমে জানলাম, এখানে ক্যাবের জন্য Bolt  বলে একটা অ্যাপ আছে। অ্যাপ থেকে গাড়ি বুক করলাম। এলেন এক গম্ভীর মহিলা চালক, তাঁর নিজের গাড়ি নিয়ে। মুখে হাসি নেই, কথাবার্তাও কম। কিন্তু গন্তব্যে পৌঁছে গেলাম ঠিকই।
তারপর শুরু হল বুদাপেস্টের একেবারে অন্যরকম একটা দিন।
গন্তব্য Széchenyi Thermal Bath। বাইরে তাপমাত্রা ১ ডিগ্রির আশেপাশে, আর পুলের জলে শরীর ডুবিয়ে বুঝলাম, প্রকৃতি কখনও কখনও কী অদ্ভুত বৈপরীত্য তৈরি করতে পারে! বিশাল Neo-Baroque স্থাপত্যের মধ্যে ঢুকে মনে হয়, কোনও রাজপ্রাসাদে এসেছি। ১৯১৩ সালে চালু হওয়া এই স্নানাগারটি ইউরোপের বৃহত্তম thermal bath complex-গুলির অন্যতম। 
বাইরের পুলে নেমে দেখি, চারপাশে নানা দেশের মানুষ। নারী-পুরুষ সবাই প্রায় বিকিনি বা সাঁতারের পোশাকে, গরম জলের মধ্যে দিব্যি আড্ডা দিচ্ছেন। আমাদের মতো ঠান্ডায় কাবু হয়ে আসা পর্যটকের কাছে ব্যাপারটা অবিশ্বাস্য। জল থেকে উঠতে ইচ্ছে করছে না, আবার বাইরে বেরোলে কী হবে, সেই ভয়ও আছে!
এর মধ্যেই শুরু হল পুলের আসল মজা। একটা নির্দিষ্ট জায়গায় জলের স্রোত ঘুরতে শুরু করল। সবাই একে অপরের কাঁধ ধরে সেই স্রোতের সঙ্গে ঘুরছে। একসময় আমিও সেই ঘূর্ণির মধ্যে। চেনা-অচেনা, ভারতীয়-ইউরোপীয়, সব পরিচয় যেন জলের স্রোতে ভেসে গেল। সবাই একসঙ্গে হাসছে, ঘুরছে, আনন্দ করছে। এমন একটা মুহূর্ত, যেখানে ভাষার কোনও দরকার নেই।
ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। কিন্তু ভ্রমণের একটা নিয়ম আছে—কোনও জায়গায় মন পড়ে থাকলেও পরের গন্তব্যের ডাক উপেক্ষা করা যায় না।
তাই সবার মাঝখানের সেই common changing room-এ ফিরে, চার স্তরের শীতের পোশাক পরে আবার বেরিয়ে পড়লাম। বিকেল তখনও বাকি। আর বুদাপেস্টের গল্পও শেষ হয়নি।
হঠাৎই ঠিক হল, শহরের একটা walking tour-এ যোগ দেব। ফ্রি টিকিট কেটে শুরু হল ইতিহাসের পথে হাঁটা। পুরনো মিনার, স্মৃতিসৌধ, সেতু আর দানিয়ুব নদীর তীর ধরে বুদাপেস্ট যেন নিজের অতীতের দরজা খুলে দিল।

সকালের ট্রেনযাত্রা, দুপুরের উষ্ণ জলের উন্মাদনা, আর বিকেলের ইতিহাসের পথে হাঁটা—একদিনে কত রকম অভিজ্ঞতা যে জমা হয়ে গেল!
কিন্তু বুদাপেস্টের সেই বিকেলটা কেমন ছিল, কোন কোন গল্প শুনলাম, আর দানিয়ুবের তীরে দাঁড়িয়ে কী দেখলাম?
সেটা আপাতত আপনাদের কাছেও অনিশ্চিতই থাক।আপাতত !!

সমাপ্ত

 


 

Comments :0

Login to leave a comment