চিন্ময় কর: মেদিনীপুর
কোন আইনে ভোটার তালিকা তৈরি করবে পুলিশ বা সিভিক ভলান্টিয়ার? বলছে, ওপরতলার নির্দেশ। ‘ওপরতলা’ কে? এই ওপরতলাকে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাওয়া হবে। রাজ্যে ট্রাইবুনালে আবেদনকারীদের বাড়ি পুলিশের নথি পরীক্ষার প্রতিবাদে এ কথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
এসআইআর’এর নামে ভোটাধিকার হরণের বিরুদ্ধে, ভোটার তালিকায় নাম ফেরানোর দাবিতে এদিন মেদিনীপুর শহরের জর্জকোর্ট রোডের দেওয়ানবাবা চকে সিপিআই(এম)’র ডাকে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এই সভাতেই সেলিম বলেন, এসআইআর নিয়ে যেভাবে ভোটাধিকার কেড়েছে তার জন্য জ্ঞানেশ কুমার আদালতে কানমলা খাচ্ছে, ওঁর শাস্তি হবে। যে পুলিশ খুন ধর্ষণের অপরাধীদের না ধরে বেআইনিভাবে ভোটারদের নথি আনতে নেমেছে। তাদেরও বিচারালয়ে টেনে নিয়ে যাওয়া হবে।
সেলিম বলেন, বিজেপি মহিলাদের জন্য চোখের জল ফেলার ভান করে। আসলে সংবিধান বদলের লক্ষ্যে ডিলিমিটেশনের বিল পাস করাতে চাইছে। নির্বাচনী বিজ্ঞানে এটাকে ‘জেরিমেন্ডারিং’ বলে। এমনভাবে আসন সাজাবে যাতে জনসংখ্যার নিরিখে শাসকদল নিজেদের পক্ষের ভোট একজোট করে, বিরোধী ভোট ভাগ করে জিততে পারে। কলকাতা হাওড়ায় এটা করতে চেষ্টা করলেও হাইকোর্ট নিষেধ করে বলেছে এটা আমলাতন্ত্রের কাজ নয়। সেটাই ওরা বিধানসভা ও লোকসভা আসনের জন্য করতে চাইছে। কিন্তু দেশের মানুষ মোদীকে ‘আব কি বার চারশো পার’এর সুযোগ দেয়নি। তাই ওরা তৃণমূলের সাংসদদের কিনে নিয়েছে।
তিনি বলেন, কেন আসন বাড়ানোর সঙ্গে মহিলাদের জন্য আসন সংরক্ষণকে যুক্ত করা হচ্ছে? বাজপেয়ীর সময় থেকে মহিলা সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হলেও করা হয়নি। এই মেদিনীপুরের বামপন্থী সাংসদ গীতা মুখার্জির নেতৃত্বে মহিলা ক্ষমতায়ন কমিটির রিপোর্ট ছিল এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের জন্য। ওরা সেটা কার্যকর করতে চায় না। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার প্রথম পঞ্চায়েত পৌরসভায় আসন সংরক্ষণ করেছিল মেয়েদের জন্য।
তিনি বলেন, এ রাজ্যের তৃণমূলের এককুড়ি সাংসদ বিজেপি’র কোলে জমা পড়েছে, কিন্তু বামপন্থীরা বুক চিতিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়েছিল, বিজেপি’র বিরুদ্ধেও লড়ে যাবে। শনিবার মেদিনীপুরে সিপিআই(এম)’র ডাকা জনসভায় একথা বলেছেন পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। নিজেদের সুবিধা মতো আসন পুনর্বিন্যাস করতে বিজেপি সংসদে সংবিধান সংশোধনীর বিল পাস করাতে তৃণমূল, শিবসেনা, এনসিপি’র মতো দলগুলির সাংসদদের গরু ছাগলের মতো কিনে নিচ্ছে বলে অভিযোগ করে সেলিম বলেছেন, বামপন্থীরা নীতি নিয়ে লড়াই করে, গরু ছাগলের মতো বিক্রি হয় না। কারা বিরোধী কারা সরকারের তাঁবেদার সেটা প্রমাণিত হবে।
সেলিম বলেছেন, আমরা বিরোধী দলগুলির সঙ্গে কথা বলেছি যাতে বিরোধীরা প্রকৃত বিরোধীর ভূমিকা পালন করে। কিন্তু দলীয় গণতন্ত্রকে ধংস করা হচ্ছে জনপ্রতিনিধি কেনাবেচা করে। আমরা বিজেপি’র এই রাজনীতির বিরুদ্ধে মানুষের কাছে যাবো। গণতন্ত্র টিকে থাকবে কিনা দেশের মানুষের ওপর নির্ভর করে, গরু ছাগলের মতো যারা বিক্রি হচ্ছে তাদের ওপরে নয়। উত্তর ভারতের ‘আয়ারাম গয়ারাম’ রাজনীতি এখন অতীত, তৃণমূলকে বান্ডিল করে বিজেপি কিনে নিয়েছে। কিন্তু যে তৃণমূল এই জেলায় মাওবাদীদের বন্দুক দেখিয়ে সিপিআই(এম)’কে শেষ করবে বলেছিল, সেই সিপিআই(এম) বিজেপি’র বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
ভূমিসংস্কারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্যের সম্পর্কে সেলিম বলেছেন, বামপন্থা মানে সবাইকে জমির অধিকার দেওয়া, ভূমিসংস্কার। বামফ্রন্ট সরকার তা কার্যকর করে আকালের দশা রুখেছিল। দক্ষিণপন্থা মানে বুলডোজার দিয়ে উচ্ছেদ। ওরা জমির ঊর্ধ্বসীমা তুলে দিচ্ছে পুঁজিপতিদের হাতে জমি দিতে। জমি, জল, জঙ্গল পাহাড় সব গিলে খেতে চাইছে। শুধু জমি নয়, ভোটাধিকারও কাড়ছে। মানুষের মধ্যে সাম্প্রদায়িক ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে এসআইআর করেছে। কিন্তু আগুনের লেলিহান শিখা ধর্ম বেছে বেছে ঘর পোড়ায় না, আগুন লাগলে সবাই পোড়ে। তাই সব মানুষকে একজোট করে এর বিরুদ্ধে লড়তে হবে।
এদিনের সভায় এছাড়াও ভাষণ দেন সিপিআই(এম)’র জেলা সম্পাদক বিজয় পাল, শহর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক কুন্দন গোপ। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য অভয় মুখার্জি সহ জেলার পার্টি নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন আব্দুল রাফে। বিজয় পাল সভায় বলেন, ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র আজ উন্মোচিত। এখন আবার বিজেপি নিজেদের সুবিধা মতন আসন সংখ্যা বাড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। ফ্যাসিবাদী বিজেপি এভাবেই দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করতে চায়। দেশ জুড়ে ত্রাসের রাজত্ব তৈরি করে ধনী, কর্পোরেটদের লুটের ব্যবস্থা জারি রাখতে চায়। এদের বিরুদ্ধে দেশ জুড়ে লড়াই চলছে। ভোটাধিকার ফিরিয়ে আনা সহ গণতন্ত্র রক্ষার সংগ্রামে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহম্মদ সেলিম বলেছেন, সত্যজিৎ রায়ের নামাঙ্কিত প্রতিষ্ঠানে আরএসএস পরিকল্পিতভাবে গুণ্ডা মস্তান ও পুলিশকে দিয়ে সৃজনশীল ছাত্রছাত্রী ও শিক্ষকদের ওপরে আক্রমণ নামিয়েছে। আজকে অতর্কিতে পুলিশ এবং শাসকদলের গুণ্ডারা সেখানে ধরনা মঞ্চ ভেঙে দিয়েছে। আমরা এই আক্রমণের নিন্দা করছি। সরকার বলুক, মুখ ঢাকা কাদের সঙ্গে নিয়ে পুলিশ গেছিল এসআরএফটিআই’তে?
Comments :0