আওয়ামী লীগের ঘোষিত দুই দিনের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবার সকাল থেকে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে ইব্রাহিম সিপাহী নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। জাজিরার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এই সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় মৃত্যুর খবরের কথা জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার।
এদিন পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্ত এবং ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভোর থেকেই জাজিরার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে সড়কে জড়ো হন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করেন। এ সময় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পদ্মা সেতুসংলগ্ন একটি মার্কেট ও একটি রেস্তোরাঁয় আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
অবরোধের কারণে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন গন্তব্যে যান চলাচলে বিঘ্নিত হয়েছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ। যদিও ট্রেন চলাচল আগে থেকেই বন্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ময়দানে রয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, বিজিবি সদস্যরা সড়কের যোগাযোগ ব্যবস্থা সচল করার চেষ্টা চালাচ্ছেন।
এদিন সকাল সাড়ে ৫টার দিকে জাজিরা এলাকায় সংঘর্ষ ও বিস্ফোরণের পর কিছু সময় পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ থাকে। যদিও আওয়ামী লীগের ঘোষিত দুই দিনের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাত থেকেই সেখানে অবস্থান নিয়েছিলেন বিএনপি নেতা-কর্মীরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এলাকায় ৩০০ থেকে ৪০০টি ককটেল বিস্ফোরণ হয়। সংঘর্ষের গুলিবিদ্ধ হয়ে যুবলীগ কর্মী ইব্রাহিম সিপাহী নিহত হন।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনও কাটেনি।
অবরোধের কারণে সাধারণ যাত্রী, রোগী, ব্যবসায়ী ও জরুরি কাজে ঢাকাগামী মানুষের দুর্ভোগ বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের বিকল্প রুট ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
দক্ষিণবঙ্গের বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার এবং যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। সংঘর্ষ ও অবরোধের কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সব ধরনের যান চলাচল কয়েকঘন্টা বন্ধ থাকে।
Bangladesh
পদ্মা সেতুর কাছে সংঘর্ষ , ককটেল বিস্ফোরণে নিহত যুবলীগ কর্মী
×
Comments :0