Editorial

আরএসএস-র সুদুরপ্রসারী লক্ষ্যেই ডিলিমিটেশন

সম্পাদকীয় বিভাগ

মহিলা সংরক্ষণকে ঢাল করে সংসদের আসন পুনর্বিন্যাসের কৌশল কেন্দ্রের বিজেপি সরকার। মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়াতে ডিলিমিটেশন কেন অপরিহার্য আরএসএস নিয়ন্ত্রিত মোদী সরকারের কাছে? মৌলিকভাবে নারীবিদ্বেষী আরএসএস কি তাদের অবস্থান পরিবর্তন করেছে? তাহলে কেন লোকসভা আসনের  ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হচ্ছে না? যখন বিশেষজ্ঞরা বলছেন, ২০১১ সালের তথ্যের ভিত্তিতে আসন পুনর্বিন্যাস না করে বর্তমান ৫৪৩টি আসনের কাঠামোর মধ্যেই সংবিধান সংশোধন করে মহিলা সংরক্ষণ সম্ভব। আসলে আরএসএস-র পরিকল্পনা হলো ডিলিমিটেশন করে নির্বাচনী কেন্দ্রের সীমানাগুলি নিজেদের স্বার্থে এমনভাবে পুনর্বিন্যাস করা, যাতে সঙ্ঘ পরিবার-নিয়ন্ত্রিত ফ্যাসিবাদী রাজনৈতিক আধিপত্য স্থায়ী রূপ পায়। যা ভারতের মূল ভাবনাটাই ধ্বংস করবে। 
আসন পুনর্বিন্যাস আপাতদৃষ্টিতে জনপ্রতিনিধিত্ব বাড়ানোর পদক্ষেপ মনে হলেও,নেপথ্যে রয়েছে গভীর সাংবিধানিক, যুক্তরাষ্ট্রীয় ও প্রশাসনিক কৌশল। যা ভারতের গণতান্ত্রিক ভারসাম্যের পরিপন্থী। ১৯৭৬ সালে ৪২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে লোকসভার আসন সংখ্যা স্থির করা হয়েছিল।  প্রস্তাবিত ৫০ শতাংশ সমানুপাতিক আসন বৃদ্ধির পরও ভবিষ্যতে জনসংখ্যাভিত্তিক পুনর্বিন্যাসের আশঙ্কা থেকেই যাচ্ছে। জনসংখ্যা কম হওয়ার কারণে এমনিতেই দক্ষিণ ও পশ্চিম ভারতের রাজ্যগুলি অর্থবরাদ্দ কম পেয়ে থাকে। সংসদে যদি তাদের আসন সংখ্যার আনুপাতিক হার কমে যায়, তবে জাতীয় নীতিনির্ধারণ এবং সম্পদ বণ্টনের ক্ষেত্রে এই রাজ্যগুলোর দরকষাকষির ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পাবে, যা ভারতের ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামো’-র মূল চেতনার পরিপন্থী। প্রস্তাবিত সংস্কারে লোকসভার আসন ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার কথা বলা হলেও রাজ্যসভার আসন সংখ্যা ২৪৫-এই সীমাবদ্ধ থাকছে। এর ফলে সংসদের যৌথ অধিবেশনে এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনের ইলেক্টোরাল কলেজে লোকসভার একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হবে। রাজ্যসভার সাংবিধানিক ভারসাম্য নষ্ট হলে সংসদীয় গণতন্ত্রে রাজ্যগুলোর কণ্ঠস্বর দুর্বল হয়ে পড়বে। আবার সীমানা পুনর্বিন্যাসে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা 'জেরিম্যান্ডারিং'-এর আশঙ্কা থেকে যায়। বিশেষ করে বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মতো একজন পক্ষপাতদুষ্ট কোনও ব্যক্তি যদি এই দায়িত্বে থাকে তাহলে সেই আশঙ্কা অমূলক নয়। আসন পুনর্বিন্যাসের নামে নির্বাচনী এলাকার সীমানা নতুন করে আঁকার সময় শাসক দলের রাজনৈতিক সুবিধামতো এলাকা ভাগ করার বা 'জেরিম্যান্ডারিং' -এর প্রবল ঝুঁকি থাকে। সংবিধানের ৩২৯(ক) অনুচ্ছেদ অনুযায়ী ডিলিমিটেশন কমিশনের সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করা যায় না। ফলে কমিশনের গঠনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত না করে এত বড় মাপের সীমানা পুনর্নির্ধারণ করলে তা বিরোধী দলগুলোর রাজনৈতিক ভিত্তিকে পরিকল্পিতভাবে দুর্বল করার হাতিয়ার হয়ে উঠতে পারে। 
এই প্রেক্ষিতে, দেশের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সমাজের সমস্ত শক্তিকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছে সিপিআই (এম)। আরএসএস-নিয়ন্ত্রিত ফ্যাসিবাদী রাজনৈতিক আধিপত্য ভারতীয় সমাজে স্থায়ী হয়ে যাওয়ার আশঙ্কা থেকে, ভারতের মূল ধারণাকে রক্ষা করতে প্রগতিশীল, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তিগুলিকে সাধারণ মানুষের মধ্যে কাজ করার আহ্বান জানিয়েছে পার্টি। এই বিপদের গুরুত্ব ও গভীরতা উপলব্ধি করে সমাজের প্রতিটি অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়াই আজ গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কর্তব্য।

Comments :0

Login to leave a comment