DYFI North 24 Parganas

বারাসতে ‘যুব যোশ’, মাঠ উপচে জমায়েত জাতীয় সড়কে

রাজ্য জেলা

বারাসতে ডিওয়াইএফআই’র সমাবেশের একাংশ।

সুভাষ পারিয়াল: দমদম

রক্ষা করতে হবে গণতন্ত্রকে। এসআইআর’র পর ডিলিমিটেশন বিল গণতন্ত্রকে ধ্বংস করতেই। দেশ ও সংবিধান না বাঁচাতে হবে কাজের অধিকার বা ফসলের দামের দাবি আদায়ের জন্যই।
রবিবার, ২৯ নভেম্বর, বারাসতের হেলাবটতলার মিলনী মাঠে ডিওয়াইএফআই উত্তর ২৪ পরগনার জেলার সমাবেশে এই মর্মে লড়াইয়ের বার্তা দেওয়া হয়েছে। সমাবেশে জমায়েত মাঠ ছাপিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে পৌঁছে যায়। প্রায় আটকে যায় জাতীয় সড়ক। ভিড় সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়।  
কথা ছিল আরো বড় মাঠে হবে সমাবেশ। প্রস্তুতি সেই ভাবে নেওয়া হয়েছিল। একবারে গঙ্গার পার থেকে সুন্দরবন। বনগাঁ সীমান্তবর্তী অঞ্চল থেকে ঝাঁ চকচকে নিউটাউন কিংবা বিধাননগরের যুব জনতাকে হাজির করেছে সমাবেশ। নাম দেওয়া হয়েছিল ‘যুব যোশ’। এক মাস আগে যশোর রোডের ধারে রথতলার মাঠের অনুমতি নেওয়ার পরও সমাবেশের ঠিক কয়েকদিন আগে পুলিশ সেই অনুমোদন বাতিল করে দেয় বিজেপি’র বিধায়কের বিজয়া সম্মিলনীর জন্য। 
তবে এদিন ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও, পরিযায়ী শ্রমিক ফেরাও ও রাজ্য বাঁচাও’ স্লোগানে সংগঠিত এ সমাবেশে তিলধারণের জায়গা ছিল না। যুবদের যোশ এদিন দেখলেন বারাসতের মানুষ। এই ‘যুব যোশ’-কে শহর থেকে গ্রামের বুথস্তরে নামিয়ে আনার আহ্বান জানালেন ডিওয়াইএফআই নেতৃবৃন্দ।
সমাবেশে ‘যুবশক্তি’ পত্রিকার প্রাক্তন সম্পাদক পলাশ দাশ বলেন, 
দেশের গণতন্ত্রকে খুন করতে দিল্লির সংসদে ডিলিমিটেশন বিল বিজেপি সরকার আনছে। মহিলা সংরক্ষণ বিলকে ঢাল হিসাবে ব্যবহার করে। এই বিল পাশ হলে আগামীদিন নির্বাচন প্রহসনে পরিণত হবে। একইভাবে রাজ্য সরকার কলকাতা ও হাওড়া কর্পোরেশন নির্বাচনেও এই রাস্তা কার্যকর করতে গিয়ে হাইকোর্টে ধাক্কা খেয়েছে।
পলাশ দাস বলেন, এসআইআর করে দেশের ১৩ কোটি ভোটারের নাম বাদ দিয়েছে। ভোট চুরি করেছে। আর ডিলিমিটেশন বিল পাশের মধ্য দিয়ে আসন চুরি করার পরিকল্পনা করেছে। বহুত্ববাদী দেশে এই কাজ করা যায় না। এই চক্রান্তের বিরুদ্ধে গোটা দেশের মানুষ কে ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তুলতে হবে। বিজেপি-কে ক্ষমতাচ্যুত না করলে দেশ ও দেশের সংবিধান বাঁচবে না। জিনিসপত্রের দাম কমবে না, শিক্ষার অগ্রগতি ঘটবে না। শ্রমিকের অধিকার, কৃষকের ফসলের দাম, কর্মসংসংস্থান, নতুন শিল্প, পরিযায়ী শ্রমিকদের দুর্দশা কমবে না। এর বিরুদ্ধে দেশজুড়ে বামপন্থীরা, বিশেষ করে, ছাত্র যুবরা আন্দোলন করছে বলেই দেশের প্রধানমন্ত্রী ‘দিমাগী নকশাল’, ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে দিচ্ছেন। 
এদিনের সমাবেশে সংগঠনের প্রাক্তন নেতা শতরূপ ঘোষ বলেন, বিজেপি ভোটে জিতে এসে শপথ নেওয়ার আগেই এই জেলার দমদম, নৈহাটি, বারাকপুরে স্টেশনে রেল হকারদের উচ্ছেদে বুলডোজার নামিয়েছিল। বুলডোজার নামিয়েছিল রেল বস্তিতে। বুলডোজারের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল এই জেলার ছাত্র-যুবরা এলাকার সাধারন মানুষকে সঙ্গে নিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভেবেছিলেন বিরোধীদল কে পকেটে নিয়েছি আর বিরোধীতার কেউ রইলো না। কিন্তু ডিওয়াইএফআই তার জন্মলগ্ন থেকেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। খুন হয়েছে জেল জরিমান হয়েছে কিন্তু লড়াইয়ের রাস্তা থেকে সরে দাঁড়ায়নি। 
এদিন সংগঠনের রাজ্য সভাপতি ধ্রবজ্যোতি সাহা বলেছেন, আমাদের পূর্বসূরীদের দেখানো পথেই আমরা আন্দোলনের পথে। বর্তমান মুখ্যমন্ত্রী বামপন্থীদের ফাইল খোলার কথা বলছেন। বামপন্থীদের ফাইলে ভূমি সংস্কার, অপারেশন বর্গা, হলদিয়া, বক্রেশ্বর, ৫ নং সেক্টর, এসএসসি, টেট আছে। একবার তৃনমূলের আমলে ফাইল খোলার স্পর্ধা দেখান। দেখবেন সেখানে আপনাকে খুঁজে পাওয়া যাবে কাগজে মুড়ে টাকা নিতে। 
সংগঠনের জেলা সম্পাদক সপ্তর্ষি দেব বলেন, রাতের অন্ধকারে বিজেপি নিউটাউনে সিপিআই(এম)’র দপ্তর ভেঙেছে। পরের দিন দুপুর ৩টার সময় এলাকার মানুষকে নিয়ে সেই দপ্তর উদ্ধার করেছি। ভগৎ সিং, দীনেশ মজুমদার, বুদ্ধদেব ভট্টাচার্যের উত্তরসূরী আমরা। মতাদর্শই আমাদের শেষ কথা। এই মতাদর্শকে সামনে রেখে আমাদের সদস্য সদস্য সংখ্যা ৪ লক্ষ অতিক্রম করেছি। তারাই লড়াইয়ের ময়দানে। রেল স্টেশনে, রেল বস্তি কিংবা বুক স্টলে বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে।
বক্তব্য রাখেন ঝন্টু মজুমদারও। সভাপতি ছিলেন সংগঠনের জেলা সভাপতি দেবজ্যোতি চক্রবর্তী। সমাবেশের মঞ্চ থেকে সর্বোচ্চ যুব শক্তি বিক্রয়ের জন্য জেলাকে পুরস্কৃত করা হয়। এদিন সমাবেশে বইয়ের হাট খোলা হয়েছিল। জেলা যুব অফিস সংস্কারের জন্য সমাবেশ থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে।

Comments :0

Login to leave a comment