Elephants

চামুর্চিতে ক্যামেরাবন্দি দুটি হাতির লড়াই, আশঙ্কা কৃষকদের

জেলা

দীপশুভ্র সান্যাল: জলপাইগুড়ি
ডুয়ার্সের বানারহাট ব্লকের চামুর্চি এলাকায় দুই দাঁতাল হাতির মধ্যে তুমুল লড়াইয়ের ঘটনা সামনে এল। দুই হাতির লড়াইয়ের সেই রোমাঞ্চকর দৃশ্য ক্যামেরাবন্দি করেন স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা। দীর্ঘক্ষণ দুই হাতির মধ্যে লড়াই চলতে থাকে। ওই দৃশ্য আতঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দাদের চিৎকার করে ওঠেন। শেষ পর্যন্ত লড়াই থেমে যায়। লড়াই থামলে হাতি দুটিকে জঙ্গলের দিকে চলে যেতে দেখা যায়। দুই দাঁতালের এমন লড়াইয়ের দৃশ্য ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 
তবে এই ঘটনা শুধু দুই দাঁতাল হাতির লড়াইয়ের দৃশ্য নয়, ডুয়ার্সের বনাঞ্চল লাগোয়া এলাকায় মানুষ ও বন্যপ্রাণীর ক্রমবর্ধমান সংঘাতের প্রশ্নটিকেও নতুন করে সামনে নিয়ে এসেছে। কেন বারবার জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে হাতির দল, কেনই বা বাড়ছে ফসলের জমিতে হাতির হানা—সেই প্রশ্ন এখন এলাকার মানুষের মধ্যে। 
ধান কাটার মরশুমে এই সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে স্থানীয় কৃষকদের। তাঁরা জানালেন, ‘‘এখন ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় মাঠে পাকা ধান পড়ে রয়েছে। কোথাও ধান কাটা হয়েছে, কোথাও আবার কাটা ধান জমিতেই শুকোতে দেওয়া হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে শীতকালীন ফুলকপি, বাঁধাকপি, বেগুন, আলু-সহ বিভিন্ন সবজির চাষ। ফলে খাদ্যের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে আসা হাতির দল সহজেই আকৃষ্ট হচ্ছে কৃষিজমির দিকে। কৃষকদের দাবি এক রাতের হানায় নষ্ট হচ্ছে সারা বছরের পরিশ্রম। ফসলের ক্ষতির পাশাপাশি বাড়ছে মানুষের প্রাণহানির আশঙ্কাও।’’
বিশেষজ্ঞ ও পরিবেশকর্মীদের বক্তব্য, দুটি হাতির  এই সংঘাতের পিছনে অন্যতম কারণ হাতির স্বাভাবিক বিচরণপথ বা করিডোর সংকুচিত হয়ে আসা। বনাঞ্চলের মধ্যে এবং সংলগ্ন এলাকায় জনবসতি,  রাস্তা, বিভিন্ন নির্মাণ,  চা বাগানের পরিকাঠামো এবং পর্যটনকেন্দ্রের বিস্তার হাতির যাতায়াতের পথে বাধা তৈরি করছে। ডুয়ার্সের বিভিন্ন এলাকায় হোমস্টে,  রিসর্ট ও অন্যান্য পর্যটন পরিকাঠামো গড়ে ওঠার ক্ষেত্রেও পরিবেশগত ভারসাম্য এবং হাতির চলাচলের পথ কতটা সুরক্ষিত থাকছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। উন্নয়নের নামে হাতির চিরাচরিত করিডোর দখল বা অবরুদ্ধ হলে তার পরিণতি যে মানুষ ও বন্যপ্রাণী উভয়ের পক্ষেই বিপজ্জনক, তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। 
গত ১৩ আগস্ট বিশ্ব হাতি দিবসের অনুষ্ঠানে রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাঁও নিজেও হাতির করিডোর সংকুচিত হওয়া, দখলদারি এবং জঙ্গলে খাদ্যের উৎস কমে যাওয়াকে লোকালয়ে হাতির প্রবেশের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। অন্যদিকে, গত সেপ্টেম্বর মাসে ডুয়ার্সের দুটি গুরুত্বপূর্ণ হাতির করিডোর পুনরুদ্ধারের উদ্যোগে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের ছাড়পত্রের খবর সামনে আসে। কিন্তু করিডোর পুনরুদ্ধারের পাশাপাশি বাকি বিচরণপথগুলির সুরক্ষাও জরুরি।

প্রশ্ন উঠছে, হাতি ও মানুষের সংঘাত কমাতে বন দপ্তরের নজরদারি, করিডোর সংরক্ষণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা কতটা কার্যকর হচ্ছে?  শুধু হাতি লোকালয়ে ঢোকার পর তাকে তাড়ানোর ব্যবস্থা করে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। জঙ্গলের ভিতরে খাদ্য ও জলের পর্যাপ্ত সংস্থান, হাতির স্বাভাবিক যাতায়াতের পথ অক্ষত রাখা এবং অপরিকল্পিত নির্মাণ নিয়ন্ত্রণের দাবিই এখন জোরালো হচ্ছে। 
চামুর্চিতে দুই দাঁতালের লড়াইয়ের দৃশ্য তাই নতুন করে মনে করিয়ে দিল, প্রকৃতির স্বাভাবিক চলাচলের পথ মানুষের দখলে চলে গেলে তার মাশুল শেষ পর্যন্ত দিতে হয় মানুষকেই।

Comments :0

Login to leave a comment