Post Editorial

ক্ষমতার চেয়ার নাকি মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র

সম্পাদকীয় বিভাগ

ডা: সুকান্ত চক্রবর্তী
গতকাল যারা ছিলেন প্রতিবাদী চিকিৎসক, আজ তারাই নাকি মানসিক মাওবাদী। বাহ ক্ষমতা, তোমার কি অসাধারণ জাদু।
হেঁয়ালি না করে সরাসরি কথায় আসি। ১৭ অক্টোবর ২০২৬ চোর বাগানের দুর্গা পুজোয় মর্মান্তিক বিপর্যয় ১৮-১৯ টি প্রাণ চলে গেল। আহত বহু মানুষ। পুজোর দায়িত্বে কারা ছিল, ক্ষমতার অলিন্দে কাদের আনাগোনায় পুজো কমিটি পরিবর্তন হয়েছিল? সমস্ত ভিড় নিয়ন্ত্রণের নিয়ম-কানুনকে অগ্রাহ্য করে পুজো আয়োজন করার সাহস কারা দিয়েছিল? প্রশ্ন অনেক।
এই স্বল্প পরিসরে আমরা এই আলোচনায় যাচ্ছি না। দুর্ঘটনার পরে ছিল না পর্যাপ্ত অ্যা ম্বুলেন্স বা অন্যান্য উদ্ধারকারী ব্যবস্থা। তবু উপস্থিত পুলিশের নিচু তলার কর্মী এলাকার মানুষ ও স্বেচ্ছাসেবকদের তৎপরতায় রক্তাক্ত বিপর্যস্ত মানুষগুলিকে নিয়ে আসা হলো নিকটবর্তী এশিয়ার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কলকাতা মেডিক্যাসল কলেজে।
আমরা সকলেই জানি, যে কোনও দুর্ঘটনায় প্রথম কয়েক ঘণ্টাই, ডাক্তারি পরিভাষায় যাকে গোল্ডেন আওয়ার বলা হয়, সেই সময়টা প্রাণ বাঁচানোর জন্য সবচেয়ে মূল্যবান। দুর্ভাগ্যবশত  চোরাবাগানের দুর্ঘটনায় অধিকাংশ মৃত ব্যক্তি হাসপাতালে আসার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যে ক’জন জীবিত অবস্থায় এমার্জেন্সিতে এসে উপস্থিত হন, তাদের প্রায় সকলকেই অত্যন্ত তৎপরতার সঙ্গে কর্তব্যরত জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা প্রাণ বাঁচান।
আরও উন্নত চিকিৎসা পরিকাঠামোর প্রয়োজন থাকলে এসএসকেএম হাসপাতালে ট্রমা সেন্টার তৈরি ছিল। কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় প্রশাসনের সর্বোচ্চ স্তরের উপস্থিতিতে আহতদের পরিবার-পরিজনকে একটি নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে সেই স্থিতিশীল রোগীদের ভালো করে তোলার কৃতিত্ব সেই বেসরকারি হাসপাতাল দাবি করে। আমরা অবাক হয়ে দেখলাম সরকারের পক্ষ থেকে সরকারি চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ভেঙে দেওয়ার কি নিদারুণ প্রচেষ্টা। 
এরপর গভীর রাতে কয়েকজন ইন্টার্ন সাংবাদিকদের সামনে কিছু কথা বললেন। কি ভয়ঙ্করর অপরাধ তাদের! তারা বললেন, সরকারি হাসপাতালে পর্যাপ্ত জরুরি ওষুধ চাই, জীবন দায়ী সরঞ্জাম চাই, অক্সিজেনের নিরবচ্ছিন্ন ব্যবস্থা চাই, পর্যাপ্ত স্বাস্থ্য কর্মী চাই, অত্যাধুনিক ট্রমা কি আর সেন্টার থাকলে তা কার্যকর ভাবে ব্যবহার করার পরিকাঠামাও চাই।
লক্ষণীয় তারা ৬ মাসের সরকারের পদত্যাগ চাননি। স্বাস্থ্য মন্ত্রীর অপসারণ চাননি। সরকারের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেননি। শুধু বলেছিলেন কিছু অভাব রয়েছে, সেগুলো মিটিয়ে দিন। তাতে সাধারণ মানুষেরই উপকার হবে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর মানুষের আস্থা বাড়বে।
ব্যাস সর্বনাশ! সরকারকে পরামর্শ, তাও আবার কয়েকজন সদ্য চিকিৎসক হওয়া ইন্টার্ন-এর মুখে। অতএব শোকজ, শাস্তির হুঁশিয়ারি, রেজিস্ট্রেশন বাতিলের সম্ভাবনা আর উপরি পাওনা দিমাগি নকশাল বা মানসিক মাওবাদী উপাধি। অসাধারণ আবিষ্কার! হাসপাতালে ওষুধ চাইলে আপনি আর চিকিৎসক নন আপনি বিপ্লবী ষড়যন্ত্রকারী। আর যারা ওই তরুণ চিকিৎসকদের পাশে দাঁড়ালেন তাদেরও সন্দেহের চোখে দেখা শুরু হলো।
কিন্তু বলুন তো, যে মন্ত্রী বা আমলারা কোনও ঘটনা ঘটলে বছরে একদিন বা কয়েকদিন হাসপাতালে যান, তাদের যদি দুর্ঘটনার অব্যবহিত পড়ে মিডিয়ার সঙ্গে কথা বলার অধিকার থাকে, তাহলে যে চিকিৎসকরা বছরে ৩৬৫ দিন ওই হাসপাতালে রোগীদের পরিষেবা দিচ্ছেন, তাদের নিজেদের মত প্রকাশের স্বাধীনতা কেন থাকবে না? হাসপাতালের পরিস্থিতি তাদের চেয়ে ভালো আর কে জানে?
কিন্তু প্রশ্ন তো আরো আছে। যে তদন্তের ভিত্তিতে শোকজ তার পূর্ণাঙ্গ রিপোর্ট কোথায়? অভিযুক্তদের বক্তব্য আগে শোনা হলো না কেন? রোগীদের চিকিৎসা, স্থানান্তর এবং সাংবাদিক বৈঠকের সময়সূচি মিলিয়ে নিরপেক্ষ তদন্ত হলো কোথায়? কেউ কর্তব্যে অবহেলা করলে অবশ্যই শাস্তি হোক, কিন্তু প্রমাণের আগে অপরাধী ঘোষণা এবং ভবিষ্যৎ নষ্ট করার হুঁশিয়ারি! এটা কি আইনের শাসন নাকি শাসকের ইচ্ছাই আইন?
অথচ ডেঙ্গুকে অজানা জ্বর বলার প্রবণতার বিরুদ্ধে, সঠিক তথ্য প্রকাশের জন্য ক’দিন আগেই সরকারের কতইনা প্রশংসা করল এক চিকিৎসক সংগঠন। তাহলে পালটালো কি? সন্দীপ ঘোষের আমলে তথাকথিত নর্থ বেঙ্গল লবির থ্রেট কালচারের পান্ডারাই তো আবার মাঠে নেমে পড়েছে মেডিক্যা লের জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে।
কিন্তু মাননীয় স্বাস্থ্য মন্ত্রী তো মেডিক্যাল কাউন্সিলের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে লড়াইতে প্রতিবাদীদের পক্ষেই ছিলেন। সেই সহযোদ্ধাদের এত সহজে আপনি ভুলে গেলেন। তখন প্রতিবাদ ছিল নৈতিক দায়িত্ব। আর আজকে সেই প্রতিবাদের ভাষা মানসিক মাওবাদ! তখন চিকিৎসকদের রেজিস্ট্রেশন আটকে দেওয়ার হুমকি ছিল থ্রেট কালচার। আর আজ রেজিস্ট্রেশন বাতিলের হুঁশিয়ারি প্রশাসনিক শৃঙ্খলা।
নির্দেশিকা জারি হলো, হাসপাতালে যে ওষুধ পাওয়া যাবে না, তা নাকি হাসপাতাল কর্তৃপক্ষ কিনে রোগীকে সরবরাহ করবেন। এটা কোনও নতুন কথা নয়। বহু দিন ধরেই হাসপাতাল প্রশাসনের লোকাল পারচেস করার ক্ষমতা আছে। কিন্তু এই ব্যবস্থা কখনোই জরুরি ওষুধ হাসপাতাল ওয়ার্ড এবং এমার্জেন্সিতে উপলব্ধ থাকার বিকল্প নয়। প্রশাসনিক স্তরে ওষুধ কেনার খরচ দেওয়ার জন্য যে সময় নষ্ট হবে, সেই সময় রোগীর কোনও ক্ষতি হলে রোগীর পরিজনের সব ক্ষোভ তো গিয়ে পড়বে কর্তব্যরত চিকিৎসকের উপরেই ।
এত হতাশার মধ্যেও আশার আলো, সরকার নতুন করে নির্দেশিকা জারি করেছেন ২০০৯ সালের মেডিকেয়ার আইন প্রয়োগ করার। যে আইনে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপরে আক্রমণের কঠোর শাস্তির বিধান দেওয়া আছে। কিন্তু এখানেও প্রশ্ন। গভীর রাতে যেসব বহিরাগত দুষ্কৃতীরা ক্যামেরার সামনে কলকাতা মেডিক্যা ল কলেজে তাণ্ডব ভাঙচুর চালালো, মেডিক্যা ল ছাত্র চিকিৎসকদের উপরে চড়াও হলো; তাদের ওপরে কেন এই আইন এখনো প্রয়োগ হলো না? তাহলে আইনটি কি প্রয়োগ হবে, শাসকের পছন্দ-অপছন্দের তালিকা অনুযায়ী?
যে দুর্নীতি, যে থ্রেট কালচার, যে গুন্ডারাজ, যে স্বজনপোষণ, যে প্রতিবাদী কণ্ঠের উপরে আক্রমণ নামিয়ে আনার প্রবণতার বিরুদ্ধে মানুষ আগের সরকারকে পরিবর্তন করলেন; সেই সাধারণ মানুষের মতামতের কি কোনও মূল্য নেই?
আমরা আশা করব বিগত সরকার ও শাসক দলের শোচনীয় পরিণতির থেকে শিক্ষা নেবেন বর্তমান শাসক না হলে ইতিহাস কিন্তু তাদের ক্ষমা করবে না মানুষই যে শেষ কথা বলে তার প্রমাণ কিন্তু বারে বারে মানুষ দিয়েছেন।

Comments :0

Login to leave a comment