Delimitation Bill Rahul Stalin

চেন্নাইয়ে স্ট্যালিনের কাছে রাহুল, ডিলিমিটেশন বিলে টানাপোড়েন তীব্র

জাতীয়

ডিএমকে প্রধান স্ট্যালিন করুণানিধির সঙ্গে দেখা করতে  চেন্নাইয়ে গেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ‘ইন্ডিয়া’-র প্রতিনধিদলও গিয়েছে সঙ্গে।প্রতিনিধি দলে রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি।
সোমবার, লোকসভায় পেশ হবে সংবিধান সংশোধনের বিল। মহিলা সংরক্ষণের নামে আসলে আসন ভাঙাভাঙির ডিলিমিটেশন বিল পেশ করা হবে। 
চেন্নাই থেকে রাহুল সহ ‘ইন্ডিয়া’ নেতৃত্বের যাওয়ার কথা মুম্বাইয়ে। শারদ পাওয়ারকে দেখতে হাসপাতালে যাওয়ার কথা। সঙ্গে থাকবেন শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব থ্যাকারে। পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে বিল সমর্থনের ইঙ্গিত দিয়ে রেখেছেন। 
লোকসভায় ডিএমকে’র আসন ২২, রাজ্যসভায় ৮। শারদ পাওয়ারের এনসিপি’র সাংসদ লোকসভায় ৮, রাজ্যসভায় ১। সব সাংসদ হাজির হলে লোকসভায় সংবিধান সংশোধনী পাশ করাতে দুই তৃতীয়াংশ সমর্থনের জন্য দরকার ৩৬০ আসন। এর মধ্যে অনুপস্থিত থাকলে সংখ্যার প্রয়োজনও কমে যাবে। এনিডিএ’র নিজের হাতে ২৯৮ আসন। এই অবস্থায় চলছে তীব্র টানাপোড়েন।
খাতায় কলমে যদিও বিজেপি জোট এনডিএ’র দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা নেই। নানাভাবে সমর্থন জোগারে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। এই পরিস্থিতিতে ডিএমকে-র অবস্থান অত্যন্ত গুরুত্বপূ্র্ণ।  
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রবিবার বলেছেন যে, সংসদের আসন সংখ্যা বাড়িয়ে ৮৫০টি করা হলে তা ভারতে গণতন্ত্রকে শেষ করে দেবে। 
এম কে স্টালিনকে ডিলিমিটেশন বিলের বিরোধিতা করার জন্য আলোচনা চালাচ্ছেন রাহুল।
সাংবিধানিক সংশোধনী আইনের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ে তোলার লক্ষ্যে রাহুল গান্ধী এদিন একটি এক্স পোস্টে স্ট্যালিনকে 'ভাই' বলে উল্লেখ করে, তাঁর রাজনৈতিক উত্তরাধিকারের প্রসঙ্গ মনে করিয়ে,  ডিলিমিটেশন বিল বিরোধিতার আহ্বান জানিয়েছেন।
বিজেপি ও আরএসএস-র দিকে ইঙ্গিত করে রাহুল গান্ধী লিখেছেন, “আসন সংখ্যা বাড়িয়ে ৮৫০ করা হলে তা ভারতে গণতন্ত্রের সমাপ্তি ঘটাবে। এটি বিজেপি-আরএসএস-কে ভারতের পুরো নির্বাচনী মানচিত্র নিজেদের সুবিধামতো নতুন করে সাজানোর অবাধ সুযোগ করে দেবে।”
গান্ধী আরও বলেন, "তামিল-বিরোধী শক্তির বিরুদ্ধে ভাই স্ট্যালিন সর্বদা পাহাড়ের মতো অটল থেকেছেন। জাতীয় স্বার্থে, তামিলনাড়ুর স্বার্থে এবং সংবিধান রক্ষার খাতিরে আমাদের একসঙ্গে এই বিলটিকে পরাজিত করতে হবে।"  
সেইসঙ্গে তিনি এও নিশ্চিত করেন যে, বিরোধী দলের নেতারা চেন্নাই যাচ্ছেন, যাতে ডিএমকে-কে এই আইনটি প্রত্যাখ্যান করার জন্য অনুরোধ জানানো যায়।
রাহুল গান্ধীর মন্তব্যের জবাবে স্ট্যালিন এদিনই তাঁকে "আন্তরিক ধন্যবাদ" জানান এবং তাঁকে "ভাই" বলে সম্বোধন করেছেন। তবে, এখনও অবধি  ডিএমকে-র নেওয়া সিদ্ধান্তেই স্ট্যালিন অটল রয়েছেন।
ডিএমকে’র যুক্তি, লোকসভায় তামিলনাডু বা কোনও রাজ্যের প্রতিনিধিত্বের ভাগ কমছে না। কারণ সব রাজ্যেই ৫০ শতাংশ করে বাড়ানো হচ্ছে। ফলে সমর্থনে তাঁদের আপত্তি নেই। 
কিন্তু দেখা যাচ্ছে, এই সূত্র অনুযায়ী উত্তরের রাজ্যগুলির সঙ্গে দক্ষিণের রাজ্যগুলির আসনের ফারাক লাফিয়ে বেড়ে যাচ্ছে।  
এদিকে, লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের নেতা অভিষেক ব্যানার্জি অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। তৃণমূল ছেড়ে যে ২০ সাংসদ এনসিপিআই-তে যোগ দিয়েছে তাঁদের এই বিলে ভোট দিতে না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। 
এর আগে এই ২০ জনের সদস্যপদ নিয়ে অধ্যক্ষকে চিঠি দেয় তৃণমূল। অধ্যক্ষ যদিও কোনও সিদ্ধান্ত নেয়নি।
এদিন চেন্নাইয়ে রাহুলের সঙ্গে যান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিও।

Comments :0

Login to leave a comment