Cooch Behar

কোচবিহার জেলাজুড়েই প্রশ্নের মুখে বিজেপির গোরক্ষা নীতি

জেলা

ভারত-বাংলাদেশ সীমান্তের গিতালদহের মরাকুঠিকে কেউ কেউ ভোরাম পয়স্তি বলেই চেনেন। সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকার অধিকাংশ পরিবারের ছেলেরা ভিন রাজ্যে কাজ করেন আর বাড়ির বয়স্ক আর মহিলাদের অন্যতম পেশা গো-পালন। রাজ্যে বিজেপি সরকার আসার পর এলাকায় কমছে পালিত গরুর সংখ্যা! 
শুধু মরাকুঠিই নয় গোটা কোচবিহার জেলাজুড়েই প্রশ্নের মুখে বিজেপির গোরক্ষা নীতি। মরাকুঠির গো পালকেরা এখন আর হাটে গিয়ে গরু কেনাবেচা করতে পারেন না।ইন্দ্রনারায়ন গ্রামের মীর আর শীতলখুচির মন্টু মিয়ার গরু ক্রেতার বাড়িতে পৌঁছে দিতে গিয়ে গোরক্ষকদের হাতে খুন হবার পর বাড়িতে এসেও এখন আর কেউ গরু কিনতে রাজি নয়।
মরাকুঠির ইন্তাজ আলীর ৬ টা গরু আছে। এরমধ্যে দুটো বলদ বিক্রি করার কথা ভাবছেন তিনমাস আগে থেকে।কিন্তু কিনবে কে? ক্রেতাই তো নেই। আর গ্রামেও কেউ গরু কিনতে রাজি নয়। সবাই বেচতে চায়।
এই গ্রামেরই মোস্তাফা আলীর বয়স জিজ্ঞাসা করতেই বললেন, "দুই কম আশি"। মানে আটাত্তর। আগে গোয়ালে ৭/৮ টা গরু ছিল এখন দুটো গরু আছে। একটা দুধ দেয়। মোস্তাফা আলী বলেন, অন্য কাজ তো জানি না,তবুও আর গরু কিনবো না। পারলে এটাও বেচে দেবো।
আসলে রাজ্যে বিজেপি সরকার আসার পর গরুর হাটে কড়াকড়ি হয়েছে জেলা জুড়ে। গবাদি পশু নিয়ে যাতায়াতে বাধা দিচ্ছে গো রক্ষক নামধারীরা। হরিয়ানার মত ভিন রাজ্য থেকে অধিক দুধ দেওয়া গরু আনার ঝোঁক কমছে গো পালকদের মধ্যে।
বিশ্বহিন্দু পরিষদের গো রক্ষা কমিটি রয়েছে। তাদের বক্তব্য প্রত্যেক হিন্দু বাড়িতে অন্তত একটা করে গরু থাকা আবশ্যক! যদিও হাজরাহাটের অধিকাংশ বিজেপির মন্ডল স্তরের নেতাদের সাথে একান্ত আলোচনায় উঠে এসেছে, আগে বাড়িতে গরু থাকলেও এখন আর গরু নেই অধিকাংশের। কারণ "গো পালন বড্ড পরিশ্রমের কাজ। যদিও বিশ্ব হিন্দু পরিষদের উত্তরবঙ্গ প্রান্তের এক কর্তার বক্তব্য," আগামী দিনে গরুর সংখ্যা বাড়বে।"
বাস্তবে বিজেপি ক্ষমতায় আসার পর প্রশাসনের তরফে প্রচলিত গোরুর বাজার ও হাটগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। আর তাতেই গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। গো পালকদের বক্তব্য, বিজেপির এই সিদ্ধান্তের ফলে বহু সাধারণ মানুষ যাদের মধ্যে বড় অংশ হিন্দু পশুপালক। তারা এই মুহুর্তে চরম আর্থিক সংকটে পড়েছেন।
রাজ্যে সরকারের এই নীতিতে গরুর সংখ্যা না বাড়ার বড় কারণ হতে চলেছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এদের বড় অংশ ফি বছরে গোষ্ঠী থেকে ঋণ নিয়ে গরু কিনতেন।কেউ বা অন্য কিছু। গত জুলাই মাসের পর থেকে মাথাভাঙা, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, দিনহাটার অন্তত ২০ টি গোষ্ঠীর সদস্যাদের সাথে কথা বলে জানা গেছে এখন আর কেউই ঋণ নিয়ে গরু পালন করার আবেদনই করে নি। অথচ এক বছর আগেও প্রতি গ্রুপের এক, দুজন গরু কিনতে আবেদন করতেন।
এদিকে প্রাণী সম্পদ দপ্তর থেকেও এবারে হাঁস, মুরগী,শূকর, ছাগল, গরু দেওয়া হলেও সেখানে কতজন উপভোক্তা গরু নেবে সেটা নিয়ে সংশয়ে রয়েছেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানেরা।
সরকারের এক ফরমানেই কোচবিহারের গ্রামে গ্রামে গরু পুষে আয়ের পথ খোঁজা থেকে সরে আসছেন গ্রামের প্রান্তিক পরিবারগুলি।
মরাকুঠির এক সময়ের কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য দেলদার হোসেন রবিবার গ্রাম ঘুরিয়ে দেখানোর সময় বলেন, "আমাদের এই গ্রামে প্রায় প্রতিটি বাড়িতে গবাদিপ্রাণী প্রতিপালন করে এবং প্রয়োজনে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন । এখন গরু পালনে অনীহা এসেছে।
প্রাণী সম্পদ বিকাশ দপ্তর সূত্রে জানা গেছে গবাদি পশু কেনাবেচার জন্য রেজিস্টার্ড বাজারের পরিকল্পনা নিয়েছে সরকার। মরাকুঠির গো-পালক সামসুর রহমান, আমিনুল হকেদের বক্তব্য, আমাদের আয়ের পথ বন্ধ করে দিয়ে সরকার এখন নতুন করে কেনাবেচার হাট খুললে কি হবে? গত ৬ মাসে তো আমরা নিঃস্ব হয়ে গেলাম।
সিপিআই(এম) নেতা শুভ্রালোক দাস বলেন, বিজেপি সরকারের নীতি গ্রামীণ অর্থনীতির মূলে আঘাত করেছে।এক শ্রেণির মানুষের রুটি রুজি কেড়ে নিয়ে তাদের মুখের গ্রাস কেড়েছে সরকার। আসলে গো রক্ষা নিয়ে শাসক দলের অবস্থান ও বাস্তব পরিস্থিতির মধ্যে বিস্তর ফারাক রয়েছে।

Comments :0

Login to leave a comment