Post Editorial

১-৩ ডিসেম্বর শ্রমজীবীর অধিকার রক্ষায় সংসদ অভিযান

সম্পাদকীয় বিভাগ

অনাদি সাহু
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের দেশ ও জাতীয় স্বার্থ বিরোধী শ্রমিক কৃষক তথা জনবিরোধী নীতির পরিবর্তনের দাবিতে সিআইটিইউ দেশের শ্রমিক কর্মচারীদের পালামেন্ট অভিযানের ডাক দিয়েছে।
“হয় সমাধান, নয় সংঘর্ষ" এই লক্ষ্যে সিআইটিইউ কমপখে এক লক্ষ শ্রমিক কর্মচারী নিয়ে আগামী ১-৩র ডিসেম্বর, ২০২৬ পার্লামেন্ট অভিযানে দেশজুড়ে প্রচার ও প্রস্তুতি নিচ্ছে। শ্রমকোড বাতিল, রাষ্ট্রায়ত্ত খেত্র রক্ষা, কন্ট্রাক্ট ওয়ার্কার্সদের স্থায়ীকরণ, শ্রমিকদের ৪২০০০ টাকা ন্যূনতম মজুরি, ২১,০০০ টাকা পেনশন সহ বিভিন্ন দাবিতে শিল্প কলকাখানায় শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালাচ্ছে। গত ১০ আগট সিআইটিইউ সহ দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও সংযুক্ত কিষান মোর্চা দেশজুড়ে জেলায় জেলায় যৌথভাবে আইন অমান্য, জেল ভরো কর্মসূচি পালন করেছে, মোদী সরকারের জনবিরোধী নীতির পরিবর্তনের দাবিতে শ্রমিক কৃষকরা গত ১২ বছর ধরে লড়াই করে চলেছে।
শ্রমিকরা বারে বারে দেশজুড়ে সাধারণ ধর্মঘট করেছে। কিন্তু কেন্দ্রীয় সরকার সাম্রাজ্যবাদ ও বৃহৎ পুঁজির স্বার্থে নীতির পরিবর্তন করেনি। তাই সিআইটিইউ-র ডাকে পুনরায় হাজার হাজার শ্রমিক কর্মচারী সারা দেশের বিভিন্ন শিল্প কলকারখানা থেকে ১ ডিসেম্বর, ২০২৬ দিল্লির পার্লামেন্ট অভিযানে শামিল হবেন।
দেশজুড়ে কলকারখানায় গ্রামগঞ্জেও প্রচার শুরু হয়েছে। শ্রমিকদের সাথে কৃষক খেতমজুর ও বস্তি সংগঠনের মতো শ্রেণি সংগঠনগুলিও সারা দেশের মতো রাজ্যের জেলায় জেলায় পথে নামবেন। সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণকারী দেশি-বিদেশি বৃহৎ পুঁজিপতিদের স্বার্থে পরিচালিত দালাল সরকারকে অপসারিত করা ও দেশের মানুষকে রক্ষা করা। ইতিম‍‌ধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কনীতির জন্য আমাদের শিল্প, কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নরেন্দ্র মোদীর জমানায় দেশের স্বনির্ভর অর্থনীতি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রমিক কৃষক সহ সাধারণ মানুষের জীবন-জীবিকার নিশ্চয়তা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। লগ্নিপুঁজির স্বার্থে দেশের অভ্যন্তরীণ বাজার বিদেশিদের জন্যে উন্মুক্ত করা হয়েছে। পুরানো অসংখ্য শিল্প কারখানা বন্ধ হয়েছে। নতুন বিনিয়োগ তেমনভাবে আসেনি। শিল্প কলকারখানা প্রয়োজন অনুযায়ী গড়ে ওঠেনি, পরিবর্তে রাষ্ট্রায়ত্ত খেত্রকে ধ্বংস করা হচ্ছে। শূন্যপদে নিয়োগ হচ্ছে না। 
প্রতিটি বাজেটে কেন্দ্রীয় সরকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক খেত্রগুলিতে অর্থ বরাদদ হ্রাস করেছে। শিক্ষা, স্বাস্থ্যে ব্য়য় বেড়েছে সাধারন মানুষের। অপরদিকে দেশের পুঁজিপতিদের বিপুল পরিমাণে কর ছাড়, লক্ষ লক্ষ কোটি টাকার ইনসেনটিভ প্রদান, দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যাঙ্ক ঋণ মকুব করেও দেশে তেমন কর্মসংস্থান বাড়েনি। কিন্তু এর ফলে জনগণের মাথায় ঋণের বোঝা বিপুল পরিমাণে বৃদ্ধি ঘটেছে। সাথে বৈদেশিক ঋণ বিপুলভাবে বেড়েছে। এই সময়ে সাধারণ মানুষের আয়, শ্রমিকদের মজুরি, না বাড়ালেও কেন্দ্রীয় সরকার পেট্রল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাস, চাল, ডাল, ভোজ্য তেল, ওষুধপত্র সমস্ত জিনিসের দাম বিপুলভাবে বৃদ্ধি ঘটিয়েছে। প্রায় সমস্ত খেত্রে জিএসটি লাগু করেছে। ফলে মানুষ জর্জরিত হয়েছে। বছরে ২ কোটি নতুন কাজের ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েও কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের দপ্তরে বা ব্যাঙ্ক বিমার ক্ষেত্রে রেল প্রতিরক্ষা সহ রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে লক্ষ লক্ষ শূন্যপদে লোক নিয়োগ বন্ধ আছে। কলকারখানায়, অফিসে সর্বত্র বেআইনিভাবে স্থায়ী কাজে কম মজুরিতে অস্থায়ী ও কন্ট্রাক্টচুয়াল শ্রমিক নিয়োগ বেড়েছে। এই সময়ে নতুন কর্মসংস্থান যা তৈরি হয়েছে তা নিম্নমানের অস্থায়ী ও কম মজুরির। নতুন শ্রম আইনে স্থায়ী কাজে কন্ট্রাক্টচ্যুয়াল, ফিক্সডটার্ম এমপ্লয়মেন্ট, অ্যাপ্রেন্টিস নিয়োগ আইন সিদ্ধ করা হয়েছে। এতে দেশে বিদেশে সর্বত্র সারা দেশের শ্রমিক শ্রেণিকে শুধু রক্তশূন্য করছে তাই নয় রক্তশূন্য হচ্ছে দেশের অর্থনীতি। 
আমরা জানি দুনিয়া জুড়ে পুঁজিবাদের সঙ্কটের বোঝা পুঁজিপতিরা শ্রমিক শ্রেণি ও জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। ভারতবর্ষ তার বাইরে নয়।
কেন্দ্রীয় সরকার শ্রমিক শ্রেণির সাথে বিশ্বাসঘাতকতা করে মালিক শ্রেণির মুনাফা বৃদ্ধির স্বার্থে দেশের শ্রম আইন সংশোধন করেছে। 'সহজে ব্যবসা' ও 'নতুন বিনিয়োগের' কথা বলে দীর্ঘ লড়াই আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের অর্জিত অধিকারগুলি কেড়ে নিয়েছে। ২৯টি শ্রম আইন বাতিল করা হয়েছে। তৃণমূল বিজেপি-র শ্রমিক সংগঠন ছাড়া দেশের প্রায় সমস্ত শ্রমিক সংগঠনের আপত্তি, প্রতিবাদ, ধর্মঘট উপেক্ষা করে গত ২১ নভেম্বর, ২০২৫ শ্রমকোড চালু করা হয়েছে। গত ৮ মে, ২০২৬ সারা দেশে রুল জারি হয়েছে। মুখে যাই প্রচার করা হোক আসলে শিল্প কলকারখানায় মধ্যযুগীয় বর্বর শোষণ ব্যবস্থা কায়েম করতে নতুন ৪টি শ্রমকোড লাগু হল। শ্রমিক ছাঁটাই, হায়ার অ্যা ন্ড ফায়ার নীতির অবাধে কার্যকরী করতে পারে নতুন আইনে তার ব্যবস্থা করা হয়েছে। ন্যূনতম মজুরি, কাজের ঘণ্টা, শ্রমিকদের কর্মখেত্রে জীবিকার নিরাপত্তা, স্থায়িত্ব, সামাজিক সুরক্ষার অধিকার সবই খর্ব করা হয়েছে। কার্যত এখন শ্রমিকদের সংগঠিত হওয়া, শ্রমিক সংগঠন তৈরি করা, ট্রেড ইউনিয়ন করা, ধর্মঘট করা এ সবই অপরাধ মূলক কাজ বা ক্রিমিনাল অফেন্স হিসাবে সরকার দেখছে। সরকার বিরোধী শ্রমিক সংগঠনগুলি আক্রান্ত হচ্ছে। রাজ্যে ট্রেড ইউনিয়ন আন্দোলন ধর্মঘট করা যাবে না বলে মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন আন্দোলন করলে গ্রেপ্তার করা হবে বলা হচ্ছে। অথচ শ্রম আইন ভঙ্গ করলে কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাবে উপযুক্ত কর্ম পরিবেশের অভাবে শ্রমিকদের মৃত্যু হলে মালিকদের বিরুদ্ধে কোন পদক্ষেপ হচ্ছে কোথায়? মালিকদের শাস্তি লঘু করে দেওয়া হয়েছে। 
গত এপ্রিল মাসে দেশের রাজধানী দিল্লির সংলগ্ন শিল্পাঞ্চল নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদ, মানেসার, পানিপথ সহ উত্তর প্রদেশ, হরিয়ানা, রাজস্থান সহ বিস্তীর্ণ হিন্দিভাষী অঞ্চলে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল আন্দোলনে হাজার হাজার শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হয়। যার অধিকাংশ ছিল অস্থায়ী কন্ট্রাক্টচ্যুয়াল শ্রমিক।  রাজ্যে বিজেপি সরকার দীর্ঘদিন মজুরি বাড়েনি, কম মজুরি, সামাজিক সুরক্ষা নেই। শ্রমিক আন্দোলনের অংশগ্রহণকারী শতাধিক শ্রমিক ও নেতৃত্বকে পুলিশ গ্রেপ্তার করে এবং শ্রমিকদের আন্দোলন সমর্থনে অংশ নেবার অপরাধে ২জনকে এনএসএ-র ধারায় গ্রেপ্তার করা হয়। সিআইটিইউ-র নেতৃত্বকেও গ্রেপ্তার করা হয়। সিআইটিইউ’র কেন্দ্রীয় নেতৃত্বগণ এবং সিপিআই (এম)’র সাধারণ সম্পাদক কমরেড এম এ বেবী শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে ধরনায় বসেন। আন্দোলনের চাপে শ্রমিক নেতারা মুক্ত হন। ল৩াই শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবন-জীবিকার নিরাপত্তা রক্ষার্থে শ্রমকোড বাতিল করতে হবে। 
সারা দেশের ন্যূনতম মজুরি ৪২,০০০ টাকা, ২১,০০০ টাকা পেনশন চালু করতে হবে। দিল্লি পার্লামেন্টে অভিযানের এটি অন্যতম দাবি। দেশের ৪৫ কোটি অসংগঠিত খেত্রে শ্রমিকদের জন্য সুরক্ষা, ন্যূনতম মজুরি, আয় নিশ্চিত করার প্রশ্নে সরকার কোন পদক্ষেপ গ্রহণ করেননি, নতুন শ্রমকোড এবিষয়ে নীরব। আইসিডিএস. মিড ডে মিল, আশা'র লক্ষ লক্ষ শ্রমিকদের কাজের নিরাপত্তা, শ্রমিক হিসাবে স্বীকৃতি, ন্যূনতম মজুরি, সামাজিক সুরক্ষা, অবসরকালীন সুবিধা পেনশন কোনও কথার উল্লেখ নেই।
পুরানো শ্রম আইনে বিড়ি, নির্মাণ, খনি ইত্যাদি খেত্রের শ্রমিকদের জন্য যে সামান্য সুরক্ষার ব্যবস্থা চালু ছিল তা বাতিল করা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের পুরানো আইন বাতিল করে অনেকগুলি অধিকারও খর্ব করা হয়েছে।
দেশে রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র আক্রান্ত। কার্যত জাতীয় সম্পদের লুট চলছে। ন্যাশানাল মনিটাইজেশন পাইপ লাইনের নামে রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা, ব্যাঙ্ক, বিমা, রেল, প্রতিরক্ষা, শিল্প, ইস্পাত, কয়লা, বিদ্যুৎ, খনিজ সম্পদ, জল, জমি, জঙ্গল, পাহাড়, পর্বত সবই বেসরকারিকরণের নামে জাতীয় সম্পদকে বেপরোয়া ভাবে পুঁজিপতিদের হাতে নামমাত্র মূল্যে তুলে দেওয়া চলছে। সংঘ ঘনিষ্ট আদানি আম্বানিদের মতো কর্পোরেট গোষ্ঠীর হাতে জাতীয় সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে। জাতীয় সম্পদের এই বেপরোয়া লুণ্ঠনের বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের প্রতিবাদ সরকার শুনচ্ছে না। ইতিপূর্বে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধ করে দেওয়ার ও ১৭টি ক্ষেত্রের শেয়ার বিক্রির কথা ঘোষণা করেছে। যার মধ্যে ছিল অ্যালয়স্টিল, বেঙ্গল ক্যামিক্যালস, ব্রিজ অ্যা ন্ড রুফ, বার্ন স্ট্যান্ডার্ড, সাঁতরাগাছি গভর্নমেন্ট প্রেস ইত্যাদি। ফলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হবে।
আক্রান্ত কৃষক ও কৃষিক্ষেত্র। দেশের কৃষক ও কৃষি খেত্রেও অনুরূপভাবে আক্রান্ত হচ্ছে। দেশের কৃষি খেত্রকে কর্পোরেট লুটের জন্য উন্মুক্ত করা হয়েছে। ঐতিহাসিক কৃষক আন্দোলনের চাপে কৃষক বিরোধী কৃষি আইন প্রত্যাহার করলেও প্রতিশ্রুতি দিয়েও কৃষি পণ্যের লাভজনক দামের (MSP) আইন আজও তৈরি করা হয়নি। কৃষি ঋণ মকুব, সার বীজ যন্ত্রপাতির উর্ধ্বমূল্য কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বিপণন বিদ্যুৎ সংক্রান্ত কেন্দ্রের কর্পোরেট মুখী নীতি কৃষকদের জীবন-জীবিকাকে বিপন্ন করে চলেছে।সংযুক্ত কিষান মোর্চা ও খেতমজুর সংগঠনগুলি দাবি তুলেছে VBGRAM নয়, MGN REGA কেন্দ্রীয় সরকারকে ফিরিয়ে আনতে হবে গ্রামের গরিব মানুষের স্বার্থে। 
সর্বত্র ভোট চুরি বন্ধ করতে হবে। বিজেপি-আরএসএস জনবিচ্ছিন্ন হচ্ছে। পরাজয়ের ভয় পাচ্ছে। তাই কৌশল করে সঙ্কীর্ণ দলীয় স্বার্থে নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর-এর নামে দেশের কোটি কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। ভোটাধিকার রক্ষায় আমাদের লড়াই জারি রাখতে হবে।
শুধু ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব নয়, বিজেপি-র শাসনে দেশের সংবিধান, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র মানুষের মত প্রকাশের অধিকার সবই আক্রান্ত। জনগণের ক্ষোভকে প্রশমিত করতে ব্যর্থ হয়ে বিজেপি-আরএসএস হিন্দুত্বের নামে মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন, হিংসা ও ঘৃণার রাজনীতি করছে। মানুষের ঐক্য সংহতি সব কিছু ধ্বংস করছে।  
জেন জি, দেশের ছাত্র যুবরা দিল্লিতে শিক্ষার দাবি, কাজের দাবিতে বিজেপি সরকারের শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করে শিক্ষা মন্ত্রীকে বিদায় নিতে বাধ্য করেছে। স্পষ্ট হয়েছে শ্রমিক, কৃষক, ছাত্র, যুবরা ঐক্যবদ্ধ হলে মালিক শ্রেণি ও সরকারকে দাবি মানতে বাধ্য করা যায়।
গত ১৫ বছর তৃণমূলের জমানায় ও পরবর্তী ৬ মাসে বিজেপি-র জমানায় রাজ্যের শ্রমিক শ্রেণি ভয়ঙ্কর ভাবে আক্রান্ত। অবাধে ছাঁটাই, গেট বাহার চলছে। চা বাগান, চটকল, কয়লাখনি সহ রা‍‌জ্যের প্রধান প্রধান শিল্পক্ষেত্রের শ্রমিকরা সঙ্কটে জর্জরিত। সংগঠিত অসংগঠিত ক্ষেত্র সহ রাজ্যের সর্বত্র রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মালিকতোষণ ও বুলডোজার নীতির বিরুদ্ধে লড়াই চলছে।
কেন্দ্র ও মালিক শ্রেণির বিরুদ্ধে সারা দেশের শ্রমজীবী মানুষের ছোট-বড় লড়াই আন্দোলনকে নীতি পরিবর্তনের লড়াইতে পরিণত করাই বর্তমান সময়ের কাজ।

Comments :0

Login to leave a comment