বিজেপি'র আসল পরিকল্পনা হলো আসন ও নির্বাচনের মানচিত্র বদলে দেওয়া। লোকসভাকে ৮৫০ আসনের করে নির্বাচনী কেন্দ্রের চরিত্র বদলে দেওয়া। আসাম এবং জম্মু ও কাশ্মীরে এভাবেই ডিলিমিটেশন হয়েছে। সারা দেশে তা করতে চাইছে বিজেপি। সে কারণে ডিলিমিটেশন বিল আটকানো দরকার।
রবিবার, ২৯ নভেম্বর, চেন্নাইয়ে ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের সঙ্গে দেখা করে একথা বলেছেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী। এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি সহ ইন্ডিয়া-র প্রতিনিধিদল দেখা করেন স্ট্যালিনের সঙ্গে। রাহুল পরে সংবাদমাধ্যমে বলেছেন, "দেশের সংসদের আসন সংখ্যা ৮৫০ করে গণতন্ত্র শেষ করা হবে। দক্ষিণ ভারতের, বিশেষ করে তামিলনাড়ুর যে কৃষ্টি, সংস্কৃতির ওপর ভয়াবহ আঘাত নামানো হবে। বিজেপি সংবিধানের প্রকৃতি বদলাতে চায়। আমরা স্ট্যালিনকে বলেছি, বিজেপিরই নোংরা রাজনীতিকে আটকাতে হবে। তিনি নিজেই বিজেপি-কে তামিলনাডুতে আটকেছেন।"
তবে স্ট্যালিন পরে সংবাদমাধ্যমে যা বলেছেন তাতে ডিলিমিটেশন বিলকে সমর্থনের প্রশ্নে অবস্থান বদলের ইঙ্গিত নেই।
রাহুল বলেছেন, "আরএসএস তামিলনাড়ুর ভাষা সংস্কৃতি ঐতিহ্যের বিরুদ্ধে। তাই আমরা বলছি এটা রাজ্যের মানুষের জন্য বড় বিপদ। কোনও ভাবেই বিজেপিকে সাহায্য করবেন না।"
সংবাদমাধ্যমে স্ট্যালিন বলেছেন, বিলকে সমর্থনের দিকেই এগবেন। তাঁর যুক্তি, ১৯৬৭ সালে ডিলিমিটেশনের সময় তামিলনাড়ুর আসন সংখ্যা ৪১ থেকে কমে ৩৯ হয়ে গিয়েছিল। কিন্তু এইবার সেই সংখ্যা বাড়ছে।
স্ট্যালিন বলেছেন, আমাদের কাছে তামিলনাডু সবার আগে। আমাকে ডিলিমিটেশনের সরকারি প্রস্তাবের বিকল্প হিসেবে কিছু বলা হয়নি বৈঠকে।
এদিন স্ট্যালিন ‘ইন্ডিয়া’ ব্লকের নেতৃবৃন্দকে উষ্ণ অভ্যর্থনাই জানিয়েছেন। তাঁর দলের নেত্রী কানিমোঝি বা নেতা দয়ানিধি মারানও ছিলেন।
রাহুলকে ‘ভাই‘ সম্বোধন করেই স্ট্যালিন বলেন, তামিলনাডুর স্বার্থকেই অগ্রাধিকার দিতে আমরা দায়বদ্ধ।
জানা গিয়েছে, স্ট্যালিন বৈঠকে বলেছেন যে লোকসভায় নতুন আসন বিন্যাসে তামিলনাডুর প্রতিনিধিত্বের আংশিক হার কমছে না। তাঁর আশঙ্কা, ২০২৬’র পর আসন বন্টনে পরিবর্তন স্থগিত করা না হলে ২০২৭’র জনসংখ্যাই একমাত্র ভিত্তি হবে। তার ভিত্তিতে ডিলিমিটেশন হলে তামিলনাডুর প্রতিনিধিত্বের অংশই কমে যাবে। অর্থাৎ মোট আসন এবং তামিলনাডুর আসনের অনুপাত কমবে।
উল্লেখ্য, আঞ্চলিক প্রতিনিধিত্বের অনুপাত যাতে বদলে না যায় তার জন্য ১৯৭৬ এবং ২০০১ সালে পঁচিশ বছর করে লোকসভা আসনের পুনর্বিন্যাস স্থগিত করা হয়েছিল। জনসংখ্যা নিয়ন্ত্রণে কৃতিত্ব রয়েছে দক্ষিণের যে রাজ্যগুলি, কেবল জনসংখ্যা ভিত্তি হলে উত্তরের তুলনায় তাদের সাংসদের অনুপাত লোকসভায় কমবে।
কিন্তু বিভিন্ন অংশ মনে করাচ্ছেন যে অনুপাত এক রাখলেও প্রাধান্যে গুরুতর অদল বদল হবে। ৫০ শতাংশ বৃদ্ধিতে তামিলনাডুর আসন ৩৯ থেকে বেড়ে হবে ৫৮ বা ৬০। উত্তর প্রদেশের আসন এখন ৮০। দু’রাজ্যে সাংসদের সংখ্যার ফারাক ৪১। ৫০ শতাংশ বৃদ্ধির পর উত্তর প্রদেশের আসন হবে ১২০। ফারাক হবে অন্তত ৬০। বস্তুত উত্তরের রাজ্যগুলির সঙ্গে দক্ষিণের এমনই ফারাক ভারসাম্য বদলাবে। তার ওপর আসনের সীমানা সুবিধামতো বদলে বিজেপি-আরএসএস ভোটের লড়াইয়ে কয়েক পা এগিয়ে থাকবে।
Stalin met 'INDIA' Delegation
নির্বাচনী মানচিত্র বদলে গণতন্ত্রকে ধ্বংস করাই ঊদ্দেশ্য, স্ট্যালিনকে বললেন রাহুল
‘ইন্ডিয়া’ প্রতিনিধিদলের সঙ্গে এমকে স্ট্যালিন এবং ডিএমকে নেতৃবৃন্দ।
×
Comments :0