Delimitation Bill

মহিলা সংরক্ষণের আড়ালে ডিলিমিটেশন: আসন বাড়লে শক্তিশালী হবে গণতন্ত্র?

জাতীয় স্পটলাইট

প্রতীম দে
আমেরিকান দার্শনিক ও শিক্ষাবিদ জন ডিউই-র ১৯১৬ সালে প্রকাশিত ‘ডেমোক্র্যাসি অ্যান্ড এডুকেশন’ বইয়ে বলেছিলেন যে গণতন্ত্র কেবল সরকার পরিচালনার একটি পদ্ধতি নয়, গণতন্ত্র হল মানুষের সম্মিলিতভাবে বেঁচে থাকার, অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের অধিকার। 
ভারতীয় গণতন্ত্রের মূল ভিত্তিও এই বহুত্ব, বৈচিত্র্য, সমানাধিকার এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব। কিন্তু সেই প্রতিনিধিত্বের কাঠামোতেই যদি এমন পরিবর্তন আনা হয়, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য বদলে যায়, তাহলে তা নিছক প্রশাসনিক পুনর্বিন্যাসের বিষয় থাকে না। হয়ে ওঠে সংবিধান, গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অস্তিত্ব রক্ষার প্রশ্ন। আসন্ন ডিলিমিটেশন বিলকে কেন্দ্র করে আজ সেই প্রশ্নই সামনে এসেছে। মহিলা সংরক্ষণকে দ্রুত কার্যকর করার যুক্তি তুলে ধরে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৮৫০ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আসন সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব রয়েছে। ১৯৭১ সালের জনগণনা অনুযায়ী আসনে ৫০ শতাংশ বৃদ্ধি পাবে। একইসঙ্গে নতুন আসন বণ্টন ও নির্বাচনী কেন্দ্রের সীমানা ২০৫১ সাল পর্যন্ত স্থির রাখার পরিকল্পনাও সামনে এসেছে। নতুন আসন কিভাবে হবে তার জন্য সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন হবে। নতুন আসন স্থির করা হবে ২০১১’র জনগণনার ভিত্তিতে।
ঘটনা হলো, দেশে জনগণনার কাজ চলছে। ২০২৭ সালে তার রিপোর্ট পেশ হবে। অথচ সরকার পুরনো জনগণনাকেই ভিত্তি হিসেবে ধরে। ডিলিমিটেশনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে মহিলা আসন সংরক্ষণকে। ২০২৩ সালেই বিরোধীদের সমর্থনে মহিলাদের এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের বিল পাশ হয়ে গিয়েছে। অথচ তাকে প্রয়োগ না করে ডিলিমিটেশনের শর্ত জুড়ে নতুন সাংবিধানিক সংশোধন বিল পেশ করছে সরকার।     
সরকারের দাবি, এর মাধ্যমে মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়বে। কিন্তু বিরোধীদের প্রশ্ন, মহিলা সংরক্ষণ কার্যকর করার জন্য কি সংসদের আসন সংখ্যা বাড়ানোই একমাত্র পথ? নাকি এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য নিজেদের অনুকূলে নিয়ে আসতে চাইছে বিজেপি?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ডিলিমিটেশনের সাংবিধানিক ভিত্তি, ভারতের জনবিন্যাস, দক্ষিণ ও উত্তর ভারতের রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং মহিলা সংরক্ষণের দীর্ঘ ইতিহাস—সবকিছুকেই একসঙ্গে বিচার করতে হবে।
ডিলিমিটেশন কী এবং কেন এই বিতর্ক?
ডিলিমিটেশন বা নির্বাচনী কেন্দ্র পুনর্বিন্যাস হল জনসংখ্যার পরিবর্তন, ভৌগোলিক পরিস্থিতি এবং প্রতিনিধিত্বের ভারসাম্যের ভিত্তিতে লোকসভা ও বিধানসভা কেন্দ্রগুলির সীমানা নির্ধারণ এবং আসন বণ্টনের প্রক্রিয়া। ভারতীয় সংবিধানের ৮১ ও ৮২ নম্বর অনুচ্ছেদে এই ব্যবস্থার সাংবিধানিক ভিত্তি রয়েছে। সাধারণভাবে জনগণের ভোটের সমান মূল্য নিশ্চিত করাই এর উদ্দেশ্য। অর্থাৎ, একটি নির্বাচনী কেন্দ্রে ভোটার সংখ্যা অন্য কেন্দ্রের তুলনায় অত্যধিক বেশি বা কম হয়ে গেলে প্রতিনিধিত্বের ভারসাম্য নষ্ট হয়।
কিন্তু ভারতের ক্ষেত্রে এই প্রক্রিয়া বরাবরই একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রশ্নের সঙ্গে যুক্ত। দেশের সব রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার এক নয়। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলি পরিবার পরিকল্পনা, শিক্ষা, স্বাস্থ্য এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে তুলনামূলকভাবে বেশি সাফল্য অর্জন করেছে। অন্যদিকে উত্তর ভারতের একাধিক রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলক বেশি।
১৯৭৬ সালে ৪২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভায় রাজ্যগুলির আসন পুনর্বিন্যাস স্থগিত রাখা হয়েছিল। ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতেই আসন বন্টন পঁচিশ বছর চালু রাখা হয়। এর উদ্দেশ্য ছিল জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল রাজ্যগুলি যাতে রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে শাস্তির মুখে না পড়ে। ২০০১ সালে ৮৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই স্থগিতাদেশ ২০২৬ সালের পরবর্তী জনগণনার পরিসংখ্যানের প্রকাশ হওয়া পর্যন্ত বাড়ানো হয়। 
এবার কেন্দ্রের নতুন প্রস্তাবে লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা ৮৫০ করার কথা বলা হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আসন ৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব রয়েছে। ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে। রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের আনুপাতিক সম্পর্ক ২০৫১ সালের পরবর্তী জনগণনার তথ্য প্রকাশিত হওয়া পর্যন্ত বজায় রাখার কথা বলা হচ্ছে। অন্যদিকে নির্বাচনী কেন্দ্রের সীমানা নির্ধারণের ক্ষেত্রে ২০১১ সালের জনগণনাকে ভিত্তি করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, রাজ্যগুলির মধ্যে আপেক্ষিক আসন ভাগ বজায় রাখার আশ্বাস থাকলেও রাজ্যের অভ্যন্তরে কেন্দ্রের সীমানা বদলাবে। এই দুইয়ের রাজনৈতিক প্রভাব এক নয়। বিশেষ করে আসাম এবং জম্মু ও কাশ্মীরে ডিলিমিটেশনের অভিজ্ঞতা দেখিয়েছে কেন্দ্রের ক্ষমতায় আসীন বিজেপি নিজেদের সুবিধা দেখে আসন কাঁটাছেঁড়া করেছে। এই পদ্ধতিকে ‘জেরিম্যান্ডারিং’ বলা হয়।
বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য: ক্ষমতার দীর্ঘমেয়াদি বিন্যাস?
ডিলিমিটেশনকে ঘিরে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিরোধীদের অভিযোগ অত্যন্ত গুরুতর। বিরোধীদের বক্তব্য, মহিলা সংরক্ষণকে সামনে রেখে এমন একটি সাংবিধানিক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যার মাধ্যমে দেশের সংসদীয় রাজনীতির ক্ষমতার সমীকরণ নতুন করে সাজানো সম্ভব।
ভারতের রাজনীতিতে উত্তর ও দক্ষিণের জনসংখ্যাগত পার্থক্য একটি বাস্তব বিষয়। উত্তরপ্রদেশ, বিহার, মধ্য প্রদেশ, রাজস্থান এবং অন্যান্য উত্তর ভারতীয় রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। অন্যদিকে কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও কর্ণাটকের মতো রাজ্যগুলি জনসংখ্যা নিয়ন্ত্রণে তুলনামূলকভাবে সফল। ফলে জনসংখ্যার ভিত্তিতে নতুন করে আসন বণ্টন হলে ভবিষ্যতে রাজনৈতিক প্রতিনিধিত্বের ভারসাম্য নিয়ে সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
যদিও এবারের প্রস্তাবে প্রতিটি রাজ্যের আসন ৫০ শতাংশ বৃদ্ধির কথা বলা হয়েছে এবং রাজ্যগুলির মধ্যে আপেক্ষিক আসন অনুপাত বজায় রাখার আশ্বাস দেওয়া হয়েছে, তবু প্রশ্ন থেকেই যাচ্ছে। কেরালার লোকসভা আসন ২০। উত্তর প্রদেশের লোকসভা আসন ৮০। এই দুই রাজ্যের আসনের ফারাক ৬০। দু’রাজ্যে ৫০ শতাংশ বাড়লে এই ফারাক বেড়ে হবে ৯০। ফলে লোকসভায় কেরালার প্রতিনিধিত্বের গুরুত্ব উত্তর প্রদেশের তুলনায় আরও কম হবে। 
এখানেই উঠে আসছে ‘জেরিম্যান্ডারিং’-এর প্রশ্ন। অর্থাৎ, কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলকে নির্বাচনে সুবিধা পাইয়ে দিতে নির্বাচনী কেন্দ্রের সীমানা এমনভাবে নির্ধারণ করা, যাতে ভোটের ফলাফলে সেই দলের সম্ভাবনা বাড়ে। 
এর মধ্যেই চাউর হয়েছে যে মুখ্য নির্বাচন কমিশনার সেই জ্ঞানেশ কুমারকে বসানো হবে ডিলিমিটেশন কমিশনের মাথায়। এসআইআর’র অভিজ্ঞতা থেকে বিরোধীরা বলছেন গণতন্ত্রের ওপর বুলডোজার চালানোর ব্যবস্থা হচ্ছে।

মহিলা সংরক্ষণ: দীর্ঘ আন্দোলন ও রাজনৈতিক ইতিহাস
মহিলা সংরক্ষণের প্রশ্নটি আজকের নয়। স্বাধীনতার পর থেকেই দেশের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে মহিলাদের সমান প্রতিনিধিত্বের দাবি উঠে এসেছে।  ১৯৮৮ সালের জাতীয় মহিলা পরিকল্পনাতেও রাজনৈতিক প্রতিষ্ঠানে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর সুপারিশ করা হয়।
১৯৯২-৯৩ সালে ৭৩তম ও ৭৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ও পৌরসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পঞ্চায়েত ও পৌরসভায় মহিলাদের আসন সংরক্ষণ চালু হয়। এর ফলে স্থানীয় স্বশাসন ব্যবস্থায় মহিলাদের অংশগ্রহণের নতুন দরজা খুলে যায়। কিন্তু সংসদ ও বিধানসভায় মহিলাদের প্রতিনিধিত্বের প্রশ্নটি দীর্ঘদিন ধরে আটকে থেকেছে।
১৯৯৬ সালে এইচ ডি দেবগৌড়া সরকারের আমলে প্রথম মহিলা সংরক্ষণ বিল সংসদে পেশ করা হয়। সংবিধানের ৮১তম সংশোধনী বিল হিসেবে আনা সেই প্রস্তাবে লোকসভা ও বিধানসভায় এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছিল। বিলটি পরীক্ষা করার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটির চেয়ারপার্সন ছিলেন সিপিআই নেত্রী গীতা মুখার্জি।
মহিলা সংরক্ষণ আন্দোলনের ইতিহাসে গীতা মুখার্জির ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি শুধু সংসদে বিলের পক্ষে সওয়াল করেননি, মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নের প্রশ্নটিকে সামাজিক ও অর্থনৈতিক সমতার বৃহত্তর আন্দোলনের সঙ্গে যুক্ত করেছিলেন। তাঁর নেতৃত্বাধীন কমিটি সাতটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিল। পরবর্তী সময়ে ২০০৮ সালের বিলের মধ্যে তার পাঁচটি সুপারিশ অন্তর্ভুক্ত হয়।

Comments :0

Login to leave a comment