Delimitation Bill Left Parties

আটকে দিন ডিলিমিটেশন বিল, সব সাংসদের কাছে আহ্বান বামপন্থীদের

জাতীয়

মহিলা সংরক্ষণ আইন পাশ হয়ে রয়েছে। ডিলিমিটেশন করতে এই প্রসঙ্গকে সামনে রাখা হয়েছে। ডিলিমিটেশনের নামে ‘জেরিম্যান্ডারিং’ করতে চায় বিজেপি সরকার। এই প্রয়াস নিন্দাজনক।
ডিলিমিটেশন বিলকে হারানোর আহ্বান জানিয়ে সব দল রাজনৈতিক দলের প্রতি এ কথা বলল বামপন্থী পাঁচ দল।
বামপন্থী দলসমূহের তরফে রবিবার বিবৃতিতে বলা হয়েছে, গত ১০৪ দিন ধরে স্থগিত রাখা সংসদ অধিবেশন তড়িঘড়ি করা হয়েছে। বলা  হয়েছে, সংসদে সমর্থনের সংখ্যা বাড়ানোর জন্য কয়েকটি বিরোধী দলকে গোপনে বিভক্ত ও দুর্বল করে ‘অপারেশন লোটাস’ চালানোর পর, সরকার এখন  ডিলিমিটেশন বিলটি পুনরায় উত্থাপন করছে এবং এটিকে নারী সংরক্ষণ বিলের সঙ্গে যুক্ত করছে।
বরাবর বামপন্থী দলসমূহ বিধানসভায় মহিলাদের ক্ষমতায়নের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের দাবিতে ধারাবাহিকভাবে লড়াই করে এসেছে।  ২০২৩ সালে  সব দলের সমর্থনে সংসদে পাস হওয়া আইনটি অবিলম্বে বাস্তবায়ন করার পরিবর্তে, সরকার ইচ্ছাকৃতভাবে তা বাস্তবায়নে বিলম্ব করেছে।
এদিন বামপন্থী দলসমূহ বলেছে যে, কেন্দ্রীয় সরকার সব রাজনৈতিক দল বা রাজ্য সরকারগুলির সঙ্গে পরামর্শ না করেই তাদের দলীয় স্বার্থে ডিলিমিটেশন করতে চাইছে। ডিলিমিটেশন প্রক্রিয়াটি কীভাবে পরিচালিত হবে বা কীভাবে এবং কারা কমিশন গঠন করবে, সে বিষয়ে কোনও স্পষ্টতা নেই। সরকারের এই পদক্ষেপটি অঞ্চল ও বর্ণের ভিত্তিতে সমাজে চলে আসা বিভাজনকে আরও বাড়িয়ে তুলবে।
বামপন্থীরা বলেছেন, ঠিক যেমন বিজেপিকে সুবিধা দেওয়ার জন্য কোটি কোটি যোগ্য ভোটারকে বাদ দিতে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হয়েছিল, তেমনি ডিলিমিটেশন কমিশনকেও বিজেপির বিভাজনমূলক এজেন্ডাকে এগিয়ে নিতে ব্যবহার করা হবে। ভোট চুরির সঙ্গে বিজেপি এখন আসন চুরিও যোগ করছে।
বামপন্থীরা ডিলিমিটেশনের নামে বিজেপি’র এই কারচুপির প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে। 
সেইসঙ্গে, বিবৃতিটিতে আরও বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মতো কলঙ্কিত ব্যক্তিদের ডিলিমিটেশন কমিশনে কোনও জায়গা পাওয়া উচিত নয়। কমিশনে বিরোধী দল এবং নিরপেক্ষ আইনজ্ঞদের প্রতিনিধিত্ব থাকা উচিত।
কেন্দ্রীয় সরকারের উচিত আসন পুনর্নির্ধারণের কাজ থেকে নারী সংরক্ষণ বিলের বাস্তবায়নকে পৃথক করা। নারী সংরক্ষণ আইন অবিলম্বে কার্যকর করা উচিত। 
সেইসঙ্গে, সব দলকে বিজেপি সরকারের এই পদক্ষেপগুলোর বিরোধিতা করার এবং জনগণের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর জন্য আবেদন এদিন আবেদনও জানিয়েছে বামপন্থী দলসমূহ।

Comments :0

Login to leave a comment